রুক্মিণীকে সমুখ পানে দেখা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রুক্মিণী বিজয়কুমার মোহিত করে রেখেছিলেন দর্শকদের
রুক্মিণী বিজয়কুমার মোহিত করে রেখেছিলেন দর্শকদের

অসম্ভব রূপবতী বলেই হয়তো রুক্মিণীর পিছু নিয়েছিলাম। ‘পিছু নেওয়া’ মানে, ‘ফলো’ করা। সমস্ত অন্তর্জাল তন্ন তন্ন করে খুঁজে তাঁকে বের করেছিলাম। এর পর থেকে মুগ্ধতার ঘোর আর কাটতেই চায় না। পরিচর্যায় নাকি রূপ ও গড়ন জেগে ওঠে, চর্চায় সুতীক্ষ্ম হয় গুণ। তবে চর্যা ও চর্চার বাইরেও রুক্মিণীকে দুই হাত ভরে দিয়েছে প্রকৃতি।

রুক্মিণী বিজয়কুমার নৃত্যশিল্পী। নাচ তো অনেকেই করেন, করছেন, করবেন— করতেই থাকবেন জীবনভর। ভরতনাট্যমের মতো কঠিনতর, দুর্বোধ্যতম শাস্ত্রীয় নৃত্যকে উপভোগ্য, সৌন্দর্যমণ্ডিত করে তুলতে দেখা যায় হাতে গোনা কজন শিল্পীকে​। রুক্মিণী সেই দলের একজন। নৃত্য রসিক নয়, এক সাধারণ নৃত্যপ্রেমী হিসেবে এভাবে বলা হয়তো অনাচার হবে না। গতকাল শুক্রবার সন্ধ্যায় মধ্যপ্রদেশের খাজুরাহো নৃত্য উৎ​সবে এমন বেশ কয়েকজনকে পেয়েছি, রুক্মিণীর নাচ দেখার পর যাদের আর কোনো নাচ দেখতে ইচ্ছে করেনি।
বছর দুই ধরে ইউটিউবে খুঁজে খুঁজে তাঁকে বারবার দেখেছি। এ কি আর নাচ দেখা? নাকি তাঁকে হাওয়ার উড়তে দেখা? চোখের ইশারায় বাতাসের সঙ্গে তাঁর কথা বলা, বাতাসের হাত ধরে কোথায় যেন চলে যাওয়ার ভান। বিশ্বসংসারের কত মান-অভিমান, ইঙ্গিত তিনি করে যান মৃদঙ্গের তালে তালে। কখনো মনে হয়, মৃদঙ্গই তাঁকে অনুসরণ করে বেজে উঠছে, ঘুঙুরগুলো তাঁর জন্ম সখী। তাঁর শরীরের অভিব্যক্তি বুঝে বুঝে খলখল করে হেঁসে উঠছে, বেজে উঠছে সেগুলো। প্রযুক্তিপ্রেমী তরুণদের কাছে ভরতনাট্যম কখনো প্রিয় হয়ে ওঠে যদি, রুক্মিণীকে কিছুটা বাহবা না দিয়ে পারা যাবে না।
উৎ​সবস্থলে যাওয়ার পথে গতকাল গাড়িতে কথা হচ্ছিল আমাদের নৃত্যশিল্পী প্রজ্ঞা প্রতীতির সঙ্গে। বাংলাদেশ প্যাভিলিয়নে তাঁর পরিবেশনা নেই, সেদিন তাঁর ছুটি। জানালেন, চাইলে আমার কাজেও সহযোগিতা করতে পারবেন। তবে সেদিন রুক্মিণীর পরিবেশনা অবশ্যই দেখবেন। আমাদের শিল্পীদের প্রায় সবাই সম্ভবত একই প্রস্তুতি নিয়ে রেখেছিলেন।
কর্ণাটকি শিল্পী রুক্মিণীকে সমুখ পানে পরিবেশন করতে দেখা এক বিরল অভিজ্ঞতা। সেটি যদি হয় খাজুরাহো নৃত্য উৎ​সবে, তবে তো সোনায় সোহাগা। সিনেমায়, বিজ্ঞাপনে এই শিল্পীকে যতটা দেখা, সেটাকে দেখা বলে না। গতকাল সোনালি পোশাকে সারাটা মঞ্চজুড়ে তিনি আলো ছড়িয়েছেন। টানা চল্লিশ মিনিটের কিছু বেশি সময়ের ভেতর বিরতি নিয়েছেন দুবার। মাইক্রোফোন টেনে নিয়ে করেছেন শিব বন্দনা। টানা একক পরিবেশনায় মুখমণ্ডলে জমে উঠেছিল শিশিরের মতো চকচকে ঘাম। সামনে হাজারখানেক দর্শক মন্ত্রমুগ্ধের মতো বসে ছিলেন আমাদের অনেকের মতো। ব্যালে, আধুনিক ডান্স, জ্যাজ, আফ্রিকানসহ আরও অনেকগুলো ঘরানা রপ্ত করে শরীরে ধরে রেখেছেন ভরতনাট্যম নৃত্যের সুষমা।
গত রাতে রুক্মিণীর পরিবেশনা দেখে ফেরা আমাদের নৃত্যশিল্পী তাহনুম, রাজ, অমিত চৌধুরী, আনিকা সবাই একবাক্যে একমত হয়েছেন— সন্ধ্যাটা অসাধারণ করে দিয়েছে রুক্মিণী বিজয়কুমারের নৃত্য।