রুনা ও আলমগীরের ‘একান্তে দুজনে’
‘একটা বিষয় আমি লক্ষ করেছি, তোমার কণ্ঠে সব ধরনের গান খুব মানিয়ে যায়। চটুল, সফট মেলোডি, বিরহ, ফোক—এমনকি বেশ কিছু চমৎকার দেশের গানও তোমার কণ্ঠে পেয়েছি।’ চিত্রনায়ক আলমগীরের এ কথার পরিপ্রেক্ষিতে স্ত্রী রুনা লায়লা বললেন, ‘আসলে সব শিল্পীর ভাগ্যে ভালো গান জোটে না। সেই হিসেবে আমি ভীষণ ভাগ্যবতী। অনেক ভালো ভালো গান আমি পেয়েছি।’রুনা লায়লা এবং আলমগীরের এমনি নানা আলাপচারিতা ও গান দিয়ে সাজানো হয়েছে অনুষ্ঠান একান্তে দুজনে। তাঁদের অন্তরঙ্গ কথোপকথনের ফাঁকে ফাঁকে চিত্রায়িত হয়েছে রুনা লায়লার চারটি পুরোনো ও একটি নতুন গান। গানগুলো হলো ‘শিল্পী আমি’, ‘ও মেরি বাবু স্যালসাভিলা নাচুঙ্গি’, ‘প্রতিদিন তোমায় দেখি সূর্যরাগে’, ‘যখন থামবে কোলাহল’ এবং নতুন গান ‘তোমার জন্য আমি সাজিয়ে রাখি ভালোবাসা’। গানগুলো চিত্রায়িত হয়েছে ওয়ান্ডারল্যান্ড, লেডিস পার্ক ও লালবাগ কেল্লায়। বাংলাভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তৈরি হলো একান্তে দুজনে অনুষ্ঠানটি। প্রচারিত হবে ১ এপ্রিল।