রুনা ও সাবিনার সঙ্গে ইমন সাহা
চ্যানেল আই সেরা কণ্ঠ প্রতিযোগিতার প্রথম আসরের বিচারক ছিলেন রুনা লায়লা ও সাবিনা ইয়াসমীন। দ্বিতীয় আসরে তাঁদের সঙ্গে যুক্ত হলেন আলাউদ্দীন আলী ও সুবীর নন্দী। এবার প্রতিযোগিতার তৃতীয় আসরে রুনা লায়লা ও সাবিনা ইয়াসমীনের সঙ্গে বিচারক থাকছেন ইমন সাহা। সম্প্রতি এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে চ্যানেল আই কর্তৃপক্ষ।এ বিষয়ে ইমন সাহা বললেন, ‘বয়সে আমি অনেক ছোট। সংগীতজীবনও তেমন উল্লেখযোগ্য নয়। এ সময় রুনা লায়লা ও সাবিনা ইয়াসমীনের সঙ্গে একই প্রতিযোগিতায় বিচারক হওয়ার যে সুযোগ পেয়েছি, এটা আমার জন্য সৃষ্টিকর্তার আশীর্বাদ। এই সুযোগে আমি এই দুজন গুণী ব্যক্তিত্বের খুব কাছ থেকে অনেক কিছু শিখতে পারব, জানতে পারব। এটা আমার ভবিষ্যতের জন্য পাথেয় হয়ে থাকবে।’জানালেন, এর আগে এই প্রতিযোগিতায় প্রাক-চূড়ান্ত পর্বের বিচারকাজের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। তবে মূল বিচারক হয়েছেন এবারই প্রথম। জুলাই মাসের শেষ সপ্তাহে শুরু হবে চ্যানেল আই সেরা কণ্ঠর চূড়ান্ত প্রতিযোগিতা।সম্প্রতি এ আর রহমানের কে এম মিউজিক কনজারভেটরি ইনস্টিটিউট থেকে ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিক কম্পোজিশনের ওপর এক বছর পড়াশোনা করে এসেছেন ইমন। চন্দ্রগ্রহণ ছবির জন্য শ্রেষ্ঠ সংগীত পরিচালক বিভাগে ২০০৮ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি।