রুনা লায়লা হতে চাইতাম ছোটবেলায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জন্ম তাঁর কলকাতায়। তাঁর যখন দুই মাস বয়স, মা-বাবা পাড়ি জমান রাজস্থানে। সেখান থেকে ১৩ বছর বয়সে মহারাষ্ট্রে। এভাবে ঘুরতে ঘুরতে বেড়ে ওঠায় আচার-ব্যবহার, ভাষা—সবকিছুতেই তাঁর মধ্যে একটা মিশ্র ব্যঞ্জনা। তবে কথাবার্তা থেকে চাহনি—কোথাও বাঙালিপনার কমতি নেই। শ্রেয়া বললেন, ‘এর পুরো কৃতিত্ব আমাদের পরিবারের। বাইরে হিন্দিতে কথা হলেও বাড়িতে সব সময় বাংলা বলতে হতো। বাঙালি আচার-অনুষ্ঠান পালনের রেওয়াজটা এখনো আছে। ভেতরে ভেতরে আমি তাই শতভাগ বাঙালি।’আপনার গানের প্রথম গুরু আপনার মা। মায়ের সম্পর্কে কিছু বলুন।বাঙালি হিন্দু পরিবারগুলোর একটা অলিখিত নিয়ম জানেন তো? প্রায় সব পরিবারের মেয়েরা কমবেশি গান জানবেই। আমার মাও সেভাবেই গান শিখেছিলেন। গাইতেনও চমৎকার। ছোটবেলায় রবীন্দ্রসংগীত, নজরুলগীতি শিখিয়েছেন আমাকে। বলতে গেলে তাঁর হাত ধরেই আমার গানের জগতে আসা। তবে বাবার কথাও না বললেই নয়। মায়ের কাছ থেকে আমি হয়তো গানের প্রতি ভালোবাসা পেয়েছি রক্তের ভেতর, আর বাবার কাছ থেকে পেয়েছি উৎসাহ। (শ্রেয়ার চোখ চলে যায় পাশে বসা বাবা বিশ্বজিৎ ঘোষালের দিকে। মায়াভরা চোখে তাকিয়ে আছেন মেয়ের দিকে) যখন রাজস্থানে থাকতাম, তখন বাংলা গানের শিক্ষক ছিল না। ৬০ মাইল দূরে গিয়ে গান শিখতে হতো। বাবা নিজে আমাকে অত দূরে নিয়ে যেতেন। এ রকম আরও কত কষ্ট যে বাবা আমার জন্য করেছেন! এই যে আমার সঙ্গে বাংলাদেশে চলে এসেছেন। তিনি আমার পেছনে এত পরিশ্রম না করলে হয়তো এই অবস্থানে আসতে পারতাম না।২০০৪ সালে সর্বশেষ ঢাকায় এসেছিলেন। ছয় বছর আগের শ্রেয়া আর আজকের শ্রেয়ার মধ্যে নিশ্চয়ই অনেক পার্থক্য?তা তো বটেই। তখন আমি ছিলাম উঠতি গায়িকা। সময়ের সঙ্গে সঙ্গে আমার অবস্থা এবং অবস্থান দুটোরই বদল হয়েছে। দেখুন না, এই ছয় বছরে ঢাকাও কিন্তু কম বদলায়নি। অনেক দালানকোঠা হয়েছে। বেড়েছে ঢাকার ট্র্যাফিক জ্যামও। কেমন লাগল এবার বাংলাদেশে গান করতে এসে?বাংলাদেশে এলে একটা অন্য রকম টান অনুভব করি। নাড়ির টান বুঝি একেই বলে। আমার দাদু ভারতে না গেলে এখন তো নিজেকে বাংলাদেশি বলেই দাবি করতে পারতাম। দর্শক এত সহযোগিতা করেছে যে বলার মতো না।পূর্বপুরুষের ভিটা কেমন দেখলেন?দেখার মতো তো এখন আর কিছু নেই। একে একে সবাই চলে গেছে ওপার বাংলায়। তার পরও এখানে আমার পূর্বপুরুষের শেকড় গাঁথা। সব মানুষের কাছেই তার অতীত একটা বড় ব্যাপার। সেই অতীতকেই একটু নিজের চোখে দেখে গেলাম আরকি। আপনি তো গুজরাটি, মারাঠি, তামিল, তেলেগু, অসমিয়া, হিন্দি, বাংলাসহ অনেক ভাষায় গান করেন। সব ভাষায় কথা বলতে পারেন?সব ভাষায় গান গাইলেও কথা বলতে পারি না। হিন্দি, বাংলা, ইংরেজি—এই তিনটি ভাষা বেশ ভালো পারি। অন্যান্য ভাষা কমবেশি বুঝি। কিন্তু কথা বলতে গেলে সমস্যা হয়। ‘জ্যাক অব অল, মাস্টার অব নান’-এর মতো অবস্থা।এবার ঢাকার মঞ্চে নজরুল আর রবীন্দ্রনাথের গান গাইলেন। আপনি কি নিয়মিতই এ ধরনের গান করেন? আমার তো গাইতে ইচ্ছে করেই। কিন্তু সুযোগ কোথায়! আর সত্যি বলতে, মায়ের কাছে আমি রবীন্দ্র-নজরুল শিখেছি। এরপর আর ওভাবে শেখা হয়নি। রবীন্দ্রনাথের গানের বাণী ও সুর আমাকে অনেক টানে। তাই তো নিজের মতো করে গাইবার চেষ্টা করি। অন্যদিকে নজরুলকে আমার মনে হয় সময়ের চেয়ে অনেক আধুনিক।আপনার প্রিয় শিল্পী কে?আমার প্রিয় শিল্পীর তালিকা বেশ লম্বা। আমি সবার গান শুনি। তবে ছোটবেলায় রুনা লায়লার অন্ধভক্ত ছিলাম। তাঁর গজল, গীতসহ অনেক গান আমি শুনে শুনে গাইতাম। আমার মায়েরও অনেক পছন্দের শিল্পী তিনি। ছোটবেলায় রুনা লায়লা হতে চাইতাম।কখনো দেখা হয়েছে রুনা লায়লার সঙ্গে?হ্যাঁ। একবার হায়দরাবাদে একটা টিভি চ্যানেলের শুটিংয়ে গিয়ে রুনা লায়লার সঙ্গে দেখা। উনি ওখানে বিচারক হিসেবে ছিলেন। আমি সেদিন তাঁর সঙ্গে অনেক গল্প করেছি। খুব ভালো মনের একজন মানুষ। সেদিনের পর আমি তাঁর আরও বড় ভক্ত হয়ে গেছি।গানের পাশাপাশি আর কী করেন?আর কিছু করার সময় কোথায়! গানের পেছনেই পুরো সময় চলে যায়। ঠিকমতো গলা সাধার সময়টাও পাই না। যেটুকু সময় পাই, ঘুমাতে ঘুমাতেই কেটে যায়। তবে হ্যাঁ, রান্না করতে পছন্দ করি।কী কী রান্না করেন?অনেক কিছু। আজকাল বাঙালি রান্না শিখছি মায়ের কাছে। অনেক কঠিন। কিন্তু খেতে দারুণ মজা!