রুনা লায়লার ডিজাইন করা পোশাক নিয়ে ফ্যাশন শো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মেয়ের উত্সাহে গত বছর পোশাক ডিজাইন শুরু করি। আজ আমার ডিজাইন করা পোশাক নিয়ে একটি ফ্যাশন শোর আয়োজন হয়েছে।’ বললেন সংগীতশিল্পী রুনা লায়লা।আজ বিকেল পাঁচটায় গুলশানের হোসনা সেন্টারে রুনা লায়লার ডিজাইন করা পোশাক নিয়ে এই ফ্যাশন শোর আয়োজন করেছে ইটিসি ফ্যাশন এক্সক্লুসিভ। আয়োজক সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক নারী দিবস ঘোষণার শতবর্ষ পূর্তি উপলক্ষে তারা এই আয়োজন করেছে। রুনা লায়লা বলেন, ‘আমার রুচি ও স্টাইলের প্রতিফলন পাওয়া যাবে এই পোশাকগুলোতে। এবার শুধু মেয়েদের জন্যই ডিজাইন করেছি। এর মধ্যে রয়েছে শাড়ি, সালোয়ার-কামিজ, কুর্তি, ফতুয়া। ঐতিহ্যবাহী কাজ আর নকশার সঙ্গে একদম আধুনিক ডিজাইনের সমন্বয় করেছি। পোশাকের মান নিয়ন্ত্রণে কড়া নজর রেখেছি।’তিনি আরও জানান, শুধু ইটিসিতেই পাওয়া যাবে এই পোশাকগুলো। শিফন, ক্রেপ, সিল্ক, জর্জেট কাপড় ব্যবহার করেছেন তিনি। সঙ্গে নানারকম পাথরের ব্যবহারও রয়েছে। সব পোশাকেই শুধু হাতের কাজ করা হয়েছে।