রুনা লায়লার সম্মানে নাচবেন অপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রুনা লায়লা l ছবি: প্রথম আলো
রুনা লায়লা l ছবি: প্রথম আলো
অপি করিম
অপি করিম

উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লার সংগীতজীবনের ৫০ বছর পূর্তিতে তাঁকে সম্মাননা জানাবে চ্যানেল আই। আগামী ১১ সেপ্টেম্বর চ্যানেল আইয়ের সংগীতবিষয়ক প্রতিযোগিতা ‘ক্ষুদে গানরাজ’-এর চূড়ান্ত অনুষ্ঠানে তাঁকে এ সম্মাননা জানানো হবে। রুনা লায়লার সম্মানে সেদিন ওই অনুষ্ঠানে বিশেষ নৃত্য পরিবেশনা থাকবে অপি করিমের। তাই এখন অপি এর মহড়া নিয়েই ব্যস্ত।
‘ক্ষুদে গানরাজ’ অনুষ্ঠানের এটি পঞ্চম আসর। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে অনুষ্ঠিত হবে চূড়ান্ত পর্ব ‘মহা–উৎসব’। এ আয়োজনেই রুনা লায়লার গাওয়া তিনটি গানের মিশেলে নাচবেন অপি করিম। গান তিনটি হলো ‘পরদেশি মেঘ রে’, ‘বাড়ির মানুষ কয় আমায়’ ও ‘পায়েরই নূপুর আমার জাদু জানে রে’।
প্রথম আলোর সঙ্গে আলাপে অভিনেত্রী ও নৃত্যশিল্পী অপি করিম বলেন, ‘রুনা লায়লা শুধু আমার প্রিয় শিল্পীই নন, একজন প্রিয় মানুষও। তিনি বাংলাদেশের জীবন্ত কিংবদন্তি। তাঁকে সম্মান জানানোর এমন একটা সুযোগ পাওয়া আমার জন্যও অনেক সম্মানের।’
‘ক্ষুদে গানরাজ’ অনুষ্ঠানের প্রকল্প পরিচালক ইজাজ খান স্বপন। তিনি বলেন, ‘রুনা লায়লার সংগীতজীবনের ৫০ বছর পূর্তিতে তাঁকে সম্মান জানাতে পারছি ভেবে আমরাও সম্মানিত বোধ করছি। চ্যানেল আই বরাবরই গুণীদের সম্মান জানানোর ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে থাকে।’
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ২ ঘণ্টা ২০ মিনিটের ‘মহা–উৎসব’-এ এবারের আসরের প্রধান দুই বিচারক ফেরদৌস আরা ও এস আই টুটুল উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন সিজিল মির্জা ও জেবা আনিকা।