রুনাকে বই উপহার দিলেন গুলজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রুনা লায়লা ও গুলজার
রুনা লায়লা ও গুলজার

ভারতের প্রখ্যাত কবি, গীতিকার ও চলচ্চিত্র পরিচালক গুলজারের কাছ থেকে বই উপহার পেলেন বাংলাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। গতকাল বৃহস্পতিবার রাতে রুনা লায়লার মোহাম্মদপুরের বাসায় গিয়েছিলেন গুলজার। সেখানেই নিজের লেখা বইটি গুলজার তুলে দেন রুনা লায়লার হাতে।

রুনা লায়লা ও গুলজার
রুনা লায়লা ও গুলজার

একটি অনুষ্ঠানে অংশ নিতে এই মুহুর্তে ঢাকায় আছেন গুলজার। আজ শুক্রবার সন্ধ্যায় ঢাকার একটি পাঁচতারকা হোটেলে আবৃত্তি করবেন তিনি। এর আগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রুনা লায়লার মোহাম্মদপুর আসাদ অ্যাভিনিউয়ের বাসায় নৈশভোজের দাওয়াতে অংশ নেন তিনি। তাঁর সঙ্গে আরও ছিলেন কিংবদন্তি কণ্ঠশিল্পী কিশোর কুমারের পুত্র অমিত কুমার।
রাতের খাবার খাওয়ার পাশাপাশি তাঁরা আড্ডা দিয়েছেন। রুনাকে রবীন্দ্রনাথ ঠাকুরের ওপর নিজের লেখা বই উপহার দিয়েছেন গুলজার। আড্ডায় আরও ছিলেন রুনা লায়লার স্বামী অভিনেতা আলমগীর, আলমগীর-কন্যা আঁখি আলমগীর, ভারতের প্রখ্যাত নাট্য নির্দেশক সেলিম আরিফ, কনসার্ট আয়োজক তোচন ঘোষ ও বনি ঘোষ।
গুলজারের কাছ থেকে বই উপহার পেয়ে আনন্দিত রুনা লায়লা। বিষয়টি নিয়ে তাঁর অনুভূতি ফেসবুকেও জানিয়েছেন। লিখেছেন, ‘গুলজার সাহেব ও অমিত কুমারজির সম্মানে নৈশভোজের আয়োজন করেছিলাম। বই উপহার পেলাম। এটা অনেক সম্মানের।’