রুনার মুখোমুখি শাকিলা
তারার পানে চেয়ে নামের অনুষ্ঠানে রুনা লায়লার মুখোমুখি বসেছেন শাকিলা জাফর। রুনা লায়লা বলেছেন গুরু ও গান নিয়ে আর তাঁর সাক্ষাৎকার নিয়েছেন শাকিলা জাফর। সম্প্রতি বাংলাভিশনের স্টুডিওতে ধারণ করা হয় অনুষ্ঠানটি। ‘অনুষ্ঠানটি করে আমার বেশ ভালো লেগেছে। এর আগে এমনটা হয়নি যে একজন জনপ্রিয় শিল্পী আরেকজন শিল্পীর সাক্ষাৎকার নিচ্ছেন। এই ব্যাপারটাও বেশ সুন্দর ছিল। বাংলাভিশনে এর আগে আমার গান প্রচারিত হয়েছে। কিন্তু সাক্ষাৎকার এবারই প্রথম দিয়েছি। আশা করছি, অনুষ্ঠানটা সবার ভালো লাগবে।’ অনুভূতি জানাতে গিয়ে বললেন রুনা লায়লা।শাকিলা জাফর বললেন, ‘রুনা আপার সাক্ষাৎকার নেওয়াটা আমার জন্য বেশ বড় ব্যাপার। আমার কাছে খুবই ভালো লেগেছে। তাঁর গান, ব্যবহার, কথা বলা—সবকিছুতেই আমাদের শেখার আছে।’বাংলাভিশনের অনুষ্ঠানপ্রধান শামীম শাহেদ বললেন, ‘ভালোবাসার বাংলাদেশ আমাদের গর্ব। এবার কোরবানির ঈদের আয়োজনে দেশাত্মবোধ এবং জীবনযাপনে ভালোবাসার কয়েকটি চিত্র এবার বাংলাভিশনে তুলে আনতে চাই। তারই অংশ হিসেবে এ অনুষ্ঠানটি করেছি।’