রুনার সঙ্গে দেখা করতে এলেন লতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবি: রুনা লায়লার সৌজন্যে
ছবি: রুনা লায়লার সৌজন্যে

আমি প্রথম ভারত যাই ১৯৭৪ সালে। মুম্বাইয়ে আমার একক কনসার্ট ছিল। তো, যেদিন অনুষ্ঠান, তার আগের দিন মিউজিশিয়ানদের নিয়ে আমার গানের মহড়া চলছে একটি স্টুডিওতে। হঠাৎ দূর থেকে দেখলাম, সাদা শাড়ি পরা কেউ একজন স্টুডিওতে ঢুকছেন। বেশ চেনা চেনা মনে হলো, ঠিক লতাজির (লতা মঙ্গেশকর) মতো। কিন্তু তা কী করে হয়! তিনি এখানে আসবেন কেন? ভাবতে ভাবতে কাছে আসতেই দেখি সত্যিই লতাজি। চেয়ার থেকে দাঁড়িয়ে গেলাম। দ্রুত তাঁর পা ধরে সালাম করলাম। আমার তো বিশ্বাসই হচ্ছিল না। তিনি আমাকে জড়িয়ে ধরলেন। আমার জন্য গোলাপ ফুলের একটি বুকি নিয়ে এসেছেন তিনি। সেটা তুলে দিলেন আমার হাতে। বললেন, ‘তুমি এসেছ শুনেই দেখা করতে এলাম। পাকিস্তানে গাওয়া তোমার কিছু উর্দু গান আমি শুনেছি। খুব ভালো লেগেছে।’ তারপর বেশ কিছুক্ষণ আমার সঙ্গে সময় কাটালেন। বিভিন্ন পত্রিকার সাংবাদিকেরাও ওই সময় উপস্থিত ছিলেন। পরদিন ভারতের জাতীয় পত্রিকায় ক্যাপশনসহ ছবি ছাপা হলো। নিচে লেখা ‘ওয়ান নাইটেঙ্গেলস মিট অ্যানাদার’।
অনুলিখন: কবির বকুল