রুপালি গিটারের মেলায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এই রুপালি গিটার ফেলে একদিন চলে যাব দূরে বহুদূরে, সেদিন চোখে অশ্রু তুমি রেখো গোপন করে’—আইয়ুব বাচ্চুর গাওয়া এই গানটি গিটারের প্রতি তাঁর ভালোবাসারই বহিঃপ্রকাশ। বিস্তারিত এই প্রতিবেদনে। ‘১৯৭৫ সালের কথা। সবে ক্লাস সেভেনে উঠেছি। পরীক্ষার ফল খুব ভালো হওয়ায় বাবা আমার ওপর বেজায় খুশি। তিনি আমাকে একটি কালো রঙের গিটার উপহার দিলেন। শুরু হলো লেখাপড়ার পাশাপাশি আমার জীবনের নতুন একটি অধ্যায়।’—দেশসেরা গিটারিস্ট ব্যান্ডতারকা আইয়ুব বাচ্চু বলছিলেন গিটারের সঙ্গে তাঁর সখ্যের গল্প। বাবার কাছ থেকে পাওয়া কালো রঙের সেই অ্যাকুয়েস্টিক গিটারেই পড়ে প্রথম তাঁর আঙুলের টুংটাং ছোঁয়া। ওই সময় একদিকে বিশ্বের অন্যতম সেরা গিটারবাদক জিমি হ্যানড্রিকস, রিচি ব্রাকমোর, কার্লোস স্যানটানা, অন্যদিকে দেশের পপশিল্পী আজম খানের গিটারবাদক নয়ন মুন্সীর গিটারে পারদর্শিতা আইয়ুব বাচ্চুকে মুগ্ধ করে। তিনি সিদ্ধান্ত নেন, ওঁদের মতো তাঁকেও গিটারে পারদর্শী হতে হবে। সময়টা তখন বৈরী। সরাসরি কারও শিষ্যত্ব না পেলেও রউফ চৌধুরী, বন্ধু নওশাদ ও সাজুর সহায়তায় তিনি গিটার বাজাতে শুরু করেন। স্মৃতি হাঁতড়ে বাচ্চু বলেন, ‘আমি যাঁকে ছায়াগুরু ভাবি, তিনি হলেন জিমি হ্যানড্রিকস। স্যানটানা ও জোই স্যাটরানিকেও আমি লালন করি অন্তরের গভীরে।’ বলতে বলতে আবারও স্মৃতি হাতড়ান, ‘গিটার বাজিয়ে আমার জীবনের প্রথম উপার্জন ৩০ টাকা। ৩০টি কড়কড়ে এক টাকার নোট।’বিশ্বের খ্যাতনামা কোম্পানিগুলোর গিটার এখন তাঁর সংগ্রহে। কোথাও পছন্দের কোনো গিটার পেলে কিনে ফেলেন তিনি। আইভানিজ, জ্যাকসন, কারভিন ও মিউজিকম্যানের বিভিন্ন মডেলের গিটার তিনি সংগ্রহ করেছেন। এর মধ্যে এক্সক্লুসিভ গিটারও রয়েছে। জন পেটরসি প্রথম যে গিটারগুলো বানিয়েছিলেন, তার ৮০০ গিটারের একটি আইয়ুব বাচ্চুর কাছে আছে। জেম সেভেন সেভেন, কারভিন কাস্টমাইজড গিটারও তাঁর সংগ্রহের মধ্যে উল্লেখযোগ্য, যা এখন বাজারে পাওয়া যায় না। এ ছাড়া লেসপল ইএসপি তো রয়েছেই। এতগুলো দুর্লভ গিটারের কোনো কোনোটি তিনি আপনজনের কাছ থেকে উপহার হিসেবেও পেয়েছেন। বেশির ভাগ গিটারই আমেরিকার তৈরি। এখন তাঁর সংগ্রহে রয়েছে ২৮টি গিটার। বিশেষ গানগুলো কোন গিটারে বাজানো, এ প্রশ্নের উত্তরে তিনি জানান, রুপালি গিটারে বাজানো হয়েছিল ‘সুখ’; কালো রঙের ফ্রেন্ডার গিটারে ‘সেই তুমি’; ‘হকার’, ‘মাধবী’ গানে ব্যবহার করেছেন সাদা ফ্রেন্ডার; এলআরবির অন্যতম জনপ্রিয় গান ‘ফেরারি এ মনটা আমার’ আনপ্লাগড বাজানো হয়েছিল ইয়ামাহার অ্যাকুয়েস্টিক গিটারে।আইয়ুব বাচ্চুর সবচেয়ে পছন্দের দুটি গিটারের একটি হলো, ফারনান্দেজ গিটার, যা হাতে তৈরি এবং অন্যটি মিউজিকম্যানের একসিস।স্টুডিওতে কাজ করার সময় তিনি যখন যেটা খুশি, সেটি বাজান। লাইভ শোগুলোর ক্ষেত্রেও তাই। তবে এ ক্ষেত্রে একটি গিটার নির্ধারিত থাকে, যেটা সব লাইভ শোতে নেওয়া হয়। গিটার তাঁর জীবনে দিয়েছে অনেক রঙিন অনুভূতি, অভিজ্ঞতা আর ভালোবাসা। স্মৃতিচারণা করতে গিয়ে আইয়ুব বাচ্চু জানান মিরপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত একটি কনসার্টের কথা। দেশি ও বিদেশি শিল্পীরা গাইছিলেন। সেই মঞ্চে তিনিও ছিলেন। টানা ২৫ মিনিট গিটার বাজিয়েছিলেন তিনি। আর মুগ্ধ দর্শক-শ্রোতা অবাক বিস্ময়ে উপভোগ করছিল সেই গিটারবাদন।গিটার নিয়ে আইয়ুব বাচ্চুর রয়েছে কিছু পরিকল্পনাও। শিগগিরই তাঁর নেতৃত্বে আয়োজিত হতে যাচ্ছে টানা দুই দিন দুই রাতের গিটারের আসর, যেখানে তিনি নিজে বাজাবেন, আরও বাজাবেন ১২ থেকে ১৪ জন তরুণ গিটারবাদক। এ ছাড়া তাঁর নিজের সংগ্রহে থাকা গিটারগুলো নিয়ে একটি গিটার প্রদর্শনীর ইচ্ছে। তবে আরও চারটি গিটার সংগ্রহের পরই স্বপ্নটা পূরণ হবে তাঁর।