রুপালি পর্দার ২ নতুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিষেকেই দর্শকমাতানো দুই অভিনয়শিল্পীর একজন তাথৈ, অন্যজন ফজলুল। নরওয়ের নাট্যকার ইবসেনের লেডি ফ্রম দ্য সি নাটকে দুর্দান্ত অভিনয় করে মনের মানুষ ছবির প্রযোজক হাবিবুর রহমান খানের নজর কাড়েন তাথৈ। প্রযোজকের অনুরোধেই ছবির পরিচালক গৌতম ঘোষের সঙ্গে সাক্ষাৎ। প্রথম দর্শনেই মুগ্ধ পরিচালক। কোনো অডিশন বা স্ক্রিন টেস্ট ছাড়াই মনের মানুষ ছবিতে কাজ করার সুযোগ। লালনের স্ত্রীর চরিত্রে তাথৈকে নেওয়ার সিদ্ধান্ত নিলেন গৌতম ঘোষ। এভাবেই সিনেমা জগতে আসার গল্প বললেন তাথৈ। খ্যাতনামা পরিচালক তারেক মাসুদের নতুন একটি ছবির জন্য বেশ কিছু নতুন ছেলেমেয়ে নেওয়া হবে—বন্ধুদের মুখ থেকে এমনটিই শুনেছিলেন মিরপুর বাঙলা কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী মো. ফজলুল হক। মঞ্চে অভিনয়ের হাতেখড়ি অনেক আগেই। কাজ করেছেন লোকনাট্য দলের সঙ্গে। তাই সাহস করে একদিন চলে গেলেন অডিশন দিতে। তারেক মাসুদকে মুগ্ধ করলেন নিজের অভিনয়শৈলী দিয়ে। রানওয়ে ছবির মূল চরিত্রের জন্যই ফজলুলকে বেছে নিলেন পরিচালক তারেক মাসুদ। এভাবেই ক্যামেরার সামনে নিজের অভিষেক সম্পর্কে বলছিলেন রানওয়ের অভিনেতা ফজলুল।একসঙ্গে আনন্দের মুখোমুখি নতুন প্রজন্মের এই দুজন তারকা আড্ডাচ্ছলে জানালেন তাঁদের অনেক না-বলা কথা। মনের মানুষ ছবিতে তাথৈ ও জিসানকে নায়েবের ঘোড়ায় চুরি করে চড়তে দেখা যায়। কিন্তু তাঁরা দুজনই যে ঘোড়া থেকে নিচে পড়ে গিয়েছিলেন, সেই কথা কিন্তু তাথৈ শোনাতে ভুললেন না। শুধু তা-ই নয়, মনের মানুষ সিনেমা শুরুর দৃশ্যে প্রথম শটেই তাথৈ জীবনে প্রথমবারের মতো ক্যামেরার সামনে দাঁড়ান। এই বিরল মুহূর্তের স্মৃতিচারণা করে তিনি বললেন, ‘কনকনে ঠান্ডার মধ্যে শান্তিনিকেতনের পুকুরপাড়ে। পরনে ভেজা শাড়ি। কাঁখের কলসি থেকে দু-এক ফোঁটা ঠান্ডা পানি গড়িয়ে পড়ছে শরীরে। প্রথমবারের মতো ক্যামেরার সামনে। ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে ভয়ে কাঁপছি। তাও আবার প্রসেনজিতের মতো বড় অভিনেতার সামনে।’ ক্যামেরা, লাইট, রেডি, রোলিং, অ্যাকশন—এই শব্দগুলোর সঙ্গে পরিচয় ঘটল ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সুদেষ্ণা স্বংপ্রভা তাথৈ-এর। অন্যদিকে চট্টগ্রাম, সিলেট ও খুলনা শহরে রানওয়ে সিনেমার প্রদর্শনী চললেও ঢাকাবাসী এখনো সেই সুযোগ পাননি। তাই ছবির গল্পটা শুনতে চাইলে ফজলুল বলেন, সামপ্রতিক সময়ে দেশে জঙ্গিবাদের ক্ষত নিয়ে রানওয়ে ছবির মূল গল্প। যেখানে ফজলুল একজন উগ্র ধর্মবোধে বিশ্বাসী জঙ্গির চরিত্রে অভিনয় করেছেন। গল্পের ছেলে ফজলুল আনন্দকে জানান, রানওয়ের অন্যতম প্রধান চরিত্র রুহুল। গ্রামের আর দশটা ছেলের মতোই সহজ-সরল। রুহুলের বাবা থাকেন মধ্যপ্রাচ্যে। চাকরি নামক সোনার হরিণের স্বপ্নে ঢাকায় আসা। তারপর এক জঙ্গি বন্ধুর পাল্লায় ইচ্ছেমতো মগজধোলাই। বেকার রুহুল হয়ে যায় ইসলামিক জঙ্গি। ধীরে ধীরে পরিচিত হয় জিহাদ, জঙ্গি আস্তানা, ধর্মপিপাসার মতো সামাজিক ক্ষতগুলোর সঙ্গে। কিন্তু সিনেমার প্রায় শেষাংশে দেখা যায়, রুহুল আবার আগের জীবনে ফিরে যায়। সে গ্রামে ফিরে যায়। রুহুলের দুঃখিনী মা তার ছেলেকে গরুর দুধ দিয়ে মুখ ধুইয়ে ঘরে তোলে। প্রিয়জনের পরশ পেলে এবং সমাজের সম্ভাষণ পেলে হয়তো বাংলাদেশের প্রতিটা বিপথগামী তরুণই ফিরে আসবে আপন জীবনে। এমন একটি গল্পের আশে নিজের জীবনে জাস্যান্ডো গেঞ্জি পরে মায়ের হাতে মুখ ধোয়ানোর দৃশ্যটি রুহুলবেশী ফজলুলের ওপর ভিত্তি করেই রানওয়ে ছবিটি নির্মিত। গরুর দুধ দিয়ে মুখ ধুইয়ে ঘরে তোলার দৃশ্যটা ফজলুলকে এখনো আলোড়িত করে। প্রথম ছবি নিয়ে মজার অভিজ্ঞতার শেষ নেই রুহুল ও তাথৈ-এর। শুটিং চলাকালীন শুটিং ইউনিটে হাসির রোল, কাজের পরিবেশে মুগ্ধ দুজনই। ফজলুল তো বলেই বসলেন ছবির একপর্যায়ে রিকশায় বসে থাকা রুহুলকে বেশ কিছু লোক ইচ্ছেমতো পিটুনি দেয়। অভিনয়ের খাতিরে গণধোলাই খাওয়ার পর ইউনিটের বন্ধুদের স্নেহের পরশে মন ভরে যায় তার। একই ভাবে তাথৈ বলছিলেন, শটের আগে-পরে, মেকআপের সময়, আটপৌরে একটি দৃশ্য কীভাবে ফুটিয়ে তুলতে হবে—পুরো বিষয়টিই গৌতম ঘোষ বারবার শিখিয়ে দিচ্ছিলেন। আমি আসলে অনেক কিছুই শিখেছি তাঁর কাছ থেকে। জানালেন তাথৈ। পরিচালক তারেক মাসুদ এবং ইউনিটের সবাইকে অভিনন্দন জানিয়ে তাদের ভালোবাসার কথা স্মরণ করে ফজলুল একটি দৃশ্যের গল্প বললেন পাঠকদের জন্য। সিনেমার একটি দৃশ্যে রিকশায় বসে পাবলিকের গণধোলাই খাওয়ার পর ইউনিটের সবাই এমনভাবে তাঁর দিকে ছুটে এসেছিলেন যেন ফজলুল সত্যি সত্যি মার খেয়েছে। অভিনয় জীবনের শুরুতেই দুই বিখ্যাত পরিচালকের সঙ্গে কাজ করার সুযোগ আর কজনের হয়। তাই তো পরবর্তী কাজের ক্ষেত্রে দুজনেরই সতর্কতার ঘাটতি দেখা গেল না। তাথৈ তো সোজাসাপ্টা জানিয়ে দিল, অভিনয় আমার কাজ নয়। তবে ভালো গল্প পেলে কাজ করতে আপত্তি নেই। মনের মতো স্ক্রিপ্ট পেলে নাটক কিংবা চলচ্চিত্রে আবারও দেখা দিতে পারে লালনের মনের মানুষ। মডেলিং কিংবা বিজ্ঞাপনে তাথৈর না থাকলেও ফজলুলের কিন্তু আগ্রহের কমতি নেই। শুধু তা-ই নয়, ভালো চিত্রনাট্য হলে নাটকে এবং মেগাসিরিয়ালেও কাজ করার আগ্রহ দেখালেন রানওয়ে দিয়ে শুরু করা এই শিল্পী।