রুপালি রেসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফটোসুন্দরী (পাক্ষিক বিনোদন বিচিত্রার) হওয়ার সুবাদে সুযোগ মিলেছিল দু-একটি বিজ্ঞাপনচিত্রে। তখনই প্রস্তাব আসে বড় পর্দায় কাজ করার। বুলবুল জিলানীর নীল আঁচল ছবি দিয়ে যাত্রাও শুরু করেন রেসি। কিন্তু প্রথমেই যেন হোঁচট খাওয়া। সেই ছবি আর মুক্তি পায় না। মুক্তির তারিখ বারবার পেছায়। হঠাৎ তখনই আসে সোহানুর রহমান সোহানের কথা দাও সাথী হবে ছবিতে কাজ করার সুযোগ, কিন্তু তাতেও যেন ভাগ্য ফেরে না। ছবি আসে, কিন্তু হাত ফসকে যায়। তবু অপেক্ষা রেসির। এর পর সুযোগ মেলে শহীদুল ইসলাম খোকনের চেহারা ছবিতে। কাজ করেন শাকিব খানের বিপরীতে। পাশাপাশি কাজের মানুষ, রিকশাওয়ালার ছেলে, আমার স্বপ্ন আমার সংসার ছবিগুলোতে অভিনয় করলেন অভিনেতা ডিপজলের সঙ্গে। এরপর উঠতি নায়ক ইমন, নীরব ও মারুফের সঙ্গে রাস্তার ছেলে, পাঁচ টাকার প্রেম এবং বাপ বড় না শ্বশুর বড় ছবিতে। সাফল্যও যেন মুখ তুলে তাকাল রেসির প্রতি। গত বছর তাঁর বেশ কটি ছবি ব্যবসাসফল হয়। তাঁর ছবিগুলোর ব্যবসায়িক খতিয়ান দেখে বলা যায়, যে মুহূর্তে ঢাকার চলচ্চিত্রশিল্পে নতুন কোনো মুখই সাফল্য পাচ্ছে না, আবার পুরোনোরাও সুবিধা করে নিতে পারছেন না, ব্যর্থতার সেই ফাঁকফোকর থেকে ঠিকই বেরিয়ে আসেন রেসি। রেসি বললেন, ‘প্রাপ্তি বলতে দর্শকদের ভালোবাসা। আমি যখন অনেকেরই সঙ্গে কাজ শুরু করি, তখন কেউ কেউ বলেছিলেন, রেসি ভুল করছে। আমি হয়তো যখন কাজ শুরু করেছিলাম, তখন জানতাম না যে কী হতে যাচ্ছে। কিন্তু অনেকটাই বাজি ধরার মতো করেই কাজ করেছি। তার একধরনের ইতিবাচক ফল তো পেয়েছি। এখন নিজের অবস্থান তৈরি করার চিন্তাটা করতে হয় না; বরং ভাবতে হচ্ছে হাতের ছবিগুলোর কথা। কোন ছবির পোশাক কী হবে? কোন চরিত্রটিতে কীভাবে কাজ করতে হবে ইত্যাদি।’রেসি মনে করেন, যদি কেউ কাজটা সিনসিয়ারলি করেন এবং তাঁর পেছনে নির্মাতাদের সহযোগিতা থাকে, তবে সাফল্য ধরা দেবেই। পরিবার থেকে শুরুতে অনেক বাধা এলেও এখন পরিবারের লোকজনই তাঁকে সহযোগিতা করছেন। এই মুহূর্তে রেসির হাতে আটটি ছবি। এর অনেকগুলোর কাজ প্রায়ই শেষ। জানতে চাই, নতুন বছরে রেসির পরিকল্পনা কী?রেসি বলেন, ‘এখন আপাতত হুটহাট করে ছবি হাতে নিচ্ছি না। একটা বিষয় তো ঠিক যে সব শ্রেণীর দর্শক প্রেক্ষাগৃহে গিয়ে ছবি দেখে না। এটা আসলে আমাদের জন্য সুখকর কিছু নয়। গত ঈদেও দেখা গেছে, প্রত্যাশিত ছবিগুলো ব্যবসায়িক সাফল্য পায়নি। তাই একজন শিল্পী হিসেবে আমি আপাতত ছবি করছি অনেক হিসাব করে।’ ফটোসুন্দরী থেকে ছোট পর্দার বিজ্ঞাপনচিত্রের মডেল হয়ে যাত্রা করলেও রেসি এখন শুধু বড় পর্দায়ই কাজ করতে চান। বিজ্ঞাপনচিত্র বা নাটকে কাজ করার কোনো আগ্রহ নেই বলেও জানালেন। ‘তবে আমি যে সারা জীবন সিনেমায় অভিনয় করতে পারব, তা-ও কিন্তু নয়। কারণ, আগে মৌসুমী বা শাবনূর আপুরা যত বছর কাজ করতে পেরেছেন, আমাদের ক্ষেত্রে হবে এর উল্টোটা। কারণ, এখন সবকিছুই দ্রুত বদলে যাচ্ছে। নতুন নতুন মুখ আসছে। প্রতিযোগিতার মধ্যেই দর্শকের কাছে যত দিন ভালো লাগবে, তত দিনই কাজ করব।’ বললেন রেসি।সমাজবিজ্ঞানে বিএ শেষ করা রেসির ইচ্ছা অভিনয়জীবনের অধ্যায় যেদিন শেষ হবে, সেদিন থেকে তিনি ব্যবসায় যুক্ত হবেন। আপাতত মূল ভাবনাটা চলচ্চিত্র। কারণ, হাতে তাঁর অনেক ছবি। সকাল হলেই তাঁকে ছুটতে হয় শুটিং অথবা ডাবিং লোকেশনে। একেক দিন একেক রকম চরিত্রে নিজেকে মেলে ধরছেন। শুরুতে নির্দিষ্ট কোনো লক্ষ্য হয়তো ছিল না। কিন্তু এখন তিনি জানেন, তিনি কী করতে যাচ্ছেন। তাই অনেক বেশি সতর্ক রেসি।