রুবল লোদী ৫ প্রশ্ন
পশ্চিমবঙ্গের চন্দনপুরে টেমপেস্ট মঞ্চায়ন করে সম্প্রতি দেশে ফিরেছে ঢাকা থিয়েটার। শেক্সপিয়ারের মূল নাটক থেকে দেশীয় আঙ্গিকে অনুবাদ করেছেন রুবাইয়াৎ আহমেদ। নির্দেশনা দিয়েছেন নাসির উদ্দীন ইউসুফ। নাটকটির প্রোসপেরো চরিত্রটি করেছেন রুবল লোদী। আজকের পাঁচ প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন শফিক আল মামুনচন্দনপুরে ‘টেমপেস্ট’ নাটকটিতে দর্শকের আগ্রহ কেমন ছিল?আগে থেকেই নাটকটি নিয়ে দর্শকদের মধ্যে অন্য রকমের আগ্রহ তৈরি হয়েছিল। ওই দিন নাটকটির প্রদর্শনীর আগেই মিলনায়তন পূর্ণ হয়ে যায়। পিনপতন নীরবতায় দর্শকেরা নাটকটি উপভোগ করেন। মঞ্চায়ন শেষে দর্শকদের প্রতিক্রিয়ায় মুগ্ধ হয়েছি।‘টেমপেস্ট’ নাটকে প্রোসপেরো চরিত্রটি দর্শকেরা কীভাবে দেখছেন?যদিও গোটা নাটকেরই টিমওয়ার্ক অসাধারণ, তবে ব্যক্তিগতভাবে প্রোসপেরো চরিত্র থেকে ভালো সাড়া পেয়েছি আমি। নাটকে অন্যতম প্রধান চরিত্রটি এটি। নাটকটি দেখার পর পরিচিত-অপরিচিত অনেকেই ফোনে, সামনাসামনি প্রশংসা করেছেন।চরিত্রটি কীভাবে দর্শকদের নাড়া দেয়?নাটকটিতে প্রোসপেরো অ্যারিয়েলকে সাজা দেয়। একটা সময় মুক্তও করে দেয়। এ দৃশ্যে দর্শকসারি থেকে প্রচুর করতালি আসে। এই জায়গাগুলোতে দর্শকের মনোযোগ বেশি থাকে বলে আমার কাছে মনে হয়। এ ছাড়া মিরান্ডার সঙ্গে ফারদিনান্দের বিয়ের জায়গাটাতেও দর্শকের ভালো সাড়া পাওয়া যায়।আপনি বগুড়া থিয়েটারের নিয়মিত কর্মী। ঢাকা থিয়েটারের হয়ে নাটকটিতে কাজের সুযোগ হলো কীভাবে?বাংলাদেশ গ্রাম থিয়েটারের কেন্দ্রীয় সংগঠন ঢাকা থিয়েটার। আমি গ্রাম থিয়েটারের সদস্য হওয়ার সুবাদেই ঢাকা থিয়েটারের এই নাটকে কাজের সুযোগ পেয়েছি। একদিন হঠাৎ করেই শিমূল ইউসুফের ফোন। তিনি দ্রুত ঢাকায় যাওয়ার তাগিদ দিলেন। আমি কিছুই জানি না। ঢাকায় যাওয়ার পর এক সন্ধ্যায় ঢাকা থিয়েটারের মহড়াকক্ষে বসে আছি। শিমূল ইউসুফ টেমপেস্ট-এর পাণ্ডুলিপি ধরিয়ে দিয়ে পড়ার জন্য বললেন। এভাবেই শুরু হলো।এভাবে বিভিন্ন দলের কর্মী এক নাটকে, এক মঞ্চে কাজ করলে থিয়েটারের জন্য কি তা ইতিবাচক হয়?এতে করে কাজের বিনিময় হয়। অভিজ্ঞতার বিনিময় হয়। ফলে নিজ নিজ কর্মীদের অভিজ্ঞতাসমৃদ্ধ হওয়ার সুযোগ ঘটে। কিন্তু একেক দলের একেক নীতির কারণে তা সব সময় সম্ভব হয় না। আমাদের নাট্যচর্চার জায়গাটিতে এটি প্রয়োজন আছে।