রুবাইয়াৎ আহমেদ ৫ প্রশ্ন
৫ নভেম্বর নতুন প্রযোজনা শেক্সপিয়ারের দ্য টেমপেস্ট নিয়ে ভারতের বেঙ্গালুরুতে রওনা হয়ে গেছে ঢাকা থিয়েটার। নাট্যদল রঙ্গশংকরার আমন্ত্রণে সেখানে ৮ ও ৯ নভেম্বর দ্য টেমপেস্ট-এর দুটি প্রদর্শনী হবে। নাটকটির অনুবাদ ও রূপান্তর করেছেন রুবাইয়াৎ আহমেদ। বেঙ্গালুরুতে যাওয়ার আগ মুহূর্তে পাঁচ প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন শফিক আল মামুনরঙ্গশংকরা দলের নাট্যোৎসবে যোগ দেওয়ার সুযোগ হলো কীভাবে?মাত্র কয়েক মাস আগে ইংল্যান্ডের গ্লোব থিয়েটারে শেক্সপিয়ার নাট্যোৎসবে দ্য টেমপেস্ট নাটকটি মঞ্চায়ন করেছি আমরা। ওখানে শেক্সপিয়ারের ৩৭টি নাটক মঞ্চস্থ হয়। এবার ভারতের বেঙ্গালুরুর এই উৎসবে ওই উৎসবের সাতটি নাটক যোগ দিচ্ছে। এর মধ্যে রয়েছে দ্য টেমপেস্ট। গ্লোব থিয়েটারের মতামতের ভিত্তিতেই আমাদের নাটকটি এই উৎসবে অংশ নেওয়ার সুযোগ পেয়েছে। তাই বলা যায়, সুযোগটা পেয়েছি গ্লোব-সূত্রেই।বাংলা ভাষার নাটক হিসেবে আপনার রূপান্তরিত টেমপেস্ট বিখ্যাত গ্লোব থিয়েটারে মঞ্চস্থ হয়েছে। এ নিয়ে আপনার অভিজ্ঞতা...খুবই ভালো। আমাদের নাটকটির প্রদর্শনী চলাকালে দর্শক আসন পূর্ণ হয়ে গিয়েছিল। নাটকটির মঞ্চায়ন শেষ হওয়ার পর মঞ্চ থেকে বেরিয়ে গিয়েও দর্শকের অনুরোধে আমাদের আবার মঞ্চে উঠতে হয়েছিল। এ সময় অনেকেই মঞ্চে উঠে আমাদের শুভেচ্ছা জানিয়েছেন, অনুবাদক হিসেবে আমাকেও অভিনন্দন জানিয়েছেন অনেকে। আপনি তো এ নাটকে অভিনয়ও করেছেন?হ্যাঁ। ঢাকা থিয়েটারের হয়ে এটাই আমার অভিনীত প্রথম নাটক। এখানে আমার চরিত্রের নাম গনজালো। চরিত্রটি খুব বড় না হলেও অভিনয়ের বেশ জায়গা আছে। প্রতিনিয়তই ওই জায়গাটুকু ফুটিয়ে তোলার চেষ্টা করে যাচ্ছি। গনজালো এই নাটকের সবচেয়ে ইতিবাচক চরিত্র।নাটকটি দেশীয় আঙ্গিকে করার কারণ কী?নাটকটি শেক্সপিয়ারের মূল টেমপেস্ট-এর হুবহু অনুবাদ। পরে এটিকে দেশীয় পাঁচালি আঙ্গিকে রূপান্তর করা হয়েছে। গ্লোব থিয়েটারের শেক্সপিয়ার নাট্যোৎসবে পৃথিবীর নানা দেশের নানা ভাষার নাটক মঞ্চস্থ হয়েছে। আমরা চেয়েছি আমাদের ্্ঐতিহ্যবাহী নাট্য আঙ্গিককে বিশ্বের সামনে তুলে ধরতে। নাটক লিখছেন, আবার অভিনয়ও করছেন। কোন পরিচয়ে পরিচিত হতে চান—নাট্যকার, নাকি অভিনেতা?অভিনেতা হওয়ার ইচ্ছা আমার নেই। লিখতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। এর মধ্যে ঢাকা থিয়েটারের জন্য রবীন্দ্রনাথের গল্প অবলম্বনে নষ্টনীড় নাটকটির রূপান্তর করেছি। এ নাটকের নির্দেশনা দিয়েছেন পীযূষ বন্দ্যোপাধ্যায়। তা ছাড়া জীয়ন্তকাল নামে আমার লেখা একটি মৌলিক নাটকও মঞ্চস্থ করেছে ঢাকা থিয়েটার।