রুবেলের চিকিৎসার খরচ জোগাতে ‘ক্যান্সারের সাথে কথোপকথন’
১৯ বছরের রুবেল ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ২১৩ নম্বর কেবিনে শুয়ে আছেন। তাঁকে বাঁচাতে শিগগিরই বোনম্যারো ট্রান্সপ্ল্যান্ট প্রয়োজন। এর জন্য লাগবে ৪০ লাখ টাকা। কিন্তু এই অর্থ তাঁর পরিবারের পক্ষে জোগাড় করা সম্ভব নয়। এদিকে তাঁর চিকিত্সা করাতে এসে প্রতিদিনই নতুন নতুন সব অভিজ্ঞতার মুখোমুখি হচ্ছে তাঁর কাছের মানুষজন। হাসপাতাল, চিকিৎসক, নার্স, এক হাসপাতাল থেকে অন্য হাসপাতাল, দেশের অপ্রতুল চিকিত্সাব্যবস্থা, ধূসর দেয়ালের ওপারে সম্ভাবনার আভাস, দূর দেশের উন্নত চিকিত্সার হাতছানি, অক্ষমতার বেদনা, আবার সাহসে বুক বাধা...। এই সব অভিজ্ঞতা থেকে বাংলাদেশের চিকিত্সা-ব্যবস্থাপনা নিয়ে তৈরি হলো প্রামাণ্যচিত্র ক্যান্সারের সাথে কথোপকথন। এটি পরিচালনা করেছেন এহসানুল হাফিজ।গতকাল শুক্রবার প্রামাণ্যচিত্রটির প্রথম প্রদর্শনী অনুষ্ঠিত হয় জাতীয় প্রেসক্লাবের হলরুমে। প্রদর্শনীতে উপস্থিত ছিলেন রুবেলের পরিবারের সদস্য, চিকিত্সক অধ্যাপক মনজুর মোর্শেদ, চলচ্চিত্রকার মোরশেদুল ইসলাম, চিত্রশিল্পী সবিহ্উল আলম এবং ইউনিসেফের শিক্ষাবিষয়ক কর্মকর্তা সাঈদ মিল্কি। আয়োজক জিওনিকস প্রোডাকশনের পক্ষ থেকে জানানো হয়, এই প্রামাণ্যচিত্রের প্রদর্শনী থেকে পাওয়া সম্পূর্ণ অর্থ রুবেলের চিকিত্সার জন্য দেওয়া হবে।