রুমানার ‘ভালোবাসি, মাগো তোকে’
‘বাবার চারটি গান—“হায়রে আমার মন মাতানো দেশ”, “যদি আর দেখা নাই হয়”, “আমার আকাশে তুমি” এবং “আকাশের এই লাল রং”-এর মধ্যে দুটি গান আমি নিজে গেয়েছিলাম। বাকি দুটি গেয়েছিলেন শ্রদ্ধেয় মাহমুদুন্নবী ও সাবিনা ইয়াসমিন। আমি আসলে চেষ্টা করেছি তাঁদের গানগুলোকে ভালোভাবে গাওয়ার। জানি না কতটুকুু করতে পেরেছি। বিচারের ভারটা শ্রোতাদের হাতেই তুলে দিতে চাই।’ বলছিলেন গায়িকা রুমানা ইসলাম। বেশ কিছুদিন হলো তিনি কাজ শুরু করেছেন দেশাত্মবোধক গানের একটি অ্যালবামের। ‘ভালোবাসি, মাগো তোকে’ নামের এই অ্যালবামটির সবগুলো গানের কাজ এরই মধ্যে শেষ হয়েছে। অ্যালবামে মোট গান থাকছে ১০টি। এর মধ্যে রয়েছে প্রয়াত খান আতার চারটি গান।অ্যালবাম প্রসঙ্গে রুমানা বলেন, ‘অনেক দিন ধরেই ইচ্ছে ছিল দেশের গান নিয়ে একটি অ্যালবাম করার। অবশেষে গানগুলো তৈরি করতে পেরেছি। আশা করি, দেশাত্মবোধক গানগুলো এই অ্যালবামটি শ্রোতাদের ভালো লাগবে।’প্রয়াত খান আতার গানগুলো ছাড়া অন্য গানগুলোর সুর ও সংগীতায়োজন করেছেন শেখ সাদী খান, আলাউদ্দিন আলী ও আহমেদ ইমতিয়াজ বুলবুল। দেশাত্মবোধক গানের এই অ্যালবামটি সামনের বিজয় দিবসে লেজার ভিশনের ব্যানারে প্রকাশিত হবে বলে শিল্পী জানান। উল্লেখ্য, রুমানা ইসলাম প্রয়াত বরণ্যে চলচ্চিত্রকার খান আতাউর রহমানের জ্যেষ্ঠ কন্যা।