রুমী ও ন্যান্সির দ্বৈত অ্যালবাম
আরফিন রুমী ও ন্যান্সিকে বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে গান করতে দেখা গেছে। এবার তাঁরা তৈরি করছেন দ্বৈত কণ্ঠের গানের অ্যালবাম। এরই মধ্যে দুটি গান তৈরি হয়েছে। গান দুটি হলো ‘ভালোবাসি তোমায়’ ও ‘শোনো’। অ্যালবামের গান লিখছেন সোহেল আরমান। সুর ও সংগীত পরিচালনা করছেন আরফিন রুমী।রুমী বললেন, ‘অনেক দিন ধরে আমরা বিভিন্ন অনুষ্ঠানে দ্বৈত গান করেছি। গানগুলো সবাই ভালোভাবেই নিয়েছে। অনেকেই আমাদের একসঙ্গে অ্যালবাম করার জন্য অনুরোধ করেছে। সবার অনুরোধেই দ্বৈত অ্যালবাম করার ব্যাপারে আগ্রহী হয়েছি।’ রুমী আরও বলেন, ‘অ্যালবামের দুটি গান তৈরি হয়েছে। “ভালোবাসি তোমায়” গানটি করেছিলাম একটি ছবির জন্য। কিন্তু পরে ছবিটিতে আর কাজ করা হয়নি। তাই এবার দারুণ রোমান্টিক এই গানটি আমাদের প্রথম দ্বৈত অ্যালবামে রাখার সিদ্ধান্ত নিয়েছি।’ন্যান্সি বললেন, ‘রুমী তো এ সময়ের অন্যতম জনপ্রিয় একজন সুরকার। পাশাপাশি তাঁর গানের গলাটা বেশ ভালো। আমরা একসঙ্গে অনেক অনুষ্ঠানে গান করেছি। আশা করছি, এবারের গানগুলোও সবার ভালো লাগবে।’