রুশ বাহিনীর শেল হামলায় মারা গেছেন ইউক্রেনের নৃত্যশিল্পী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউক্রেনের জনপ্রিয় ব্যালে ড্যান্সার আরতিওম দাতসিশিন মারা গেছেন
সংগৃহীত

ইউক্রেনের জনপ্রিয় ব্যালে ড্যান্সার আরতিওম দাতসিশিন মারা গেছেন। রাশিয়ার আগ্রাসনে আহত হয়েছিলেন তিনি। গত বৃহস্পতিবার তিনি মারা যান। ইউক্রেনে রুশ বাহিনীর লাগাতার শেল নিক্ষেপের শিকার এই শিল্পী।
দাতসিশিন আহত হয়ে তিন সপ্তাহ ধরে ভুগছিলেন। ৪৩ বছর বয়স হয়েছিল তাঁর। তিনি ন্যাশনাল ইউক্রেন অব অপেরার কেন্দ্রীয় ব্যালে ড্যান্সার ছিলেন। ইউক্রেনের রাজধানী কিয়েভে তাঁকে সমাহিত করা হয়।

এ ছাড়া ইউক্রেনের রাজধানী কিয়েভেই আরেকটি আবাসিক ভবনে রুশ রকেট হামলায় নিহত হয়েছেন দেশটির জনপ্রিয় অভিনেত্রী ওকসানা শভেতস। তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। সম্প্রতি শিল্পীদের জন্য ইউক্রেনের সর্বোচ্চ সম্মান ‘ওনার্ড আর্টিস্ট অব ইউক্রেন’ পেয়েছিলেন তিনি।

আবাসিক ভবনে রুশ রকেট হামলায় নিহত হয়েছেন দেশটির জনপ্রিয় অভিনেত্রী ওকসানা শভেতস
টুইটার

গতকাল শুক্রবার অভিনেত্রীর নিজের নাট্যদল ‘ইয়ং থিয়েটার’ একটি বিবৃতিতে জানিয়েছে, রাজধানী কিয়েভের একটি আবাসিক ভবনে অবস্থান করছিলেন ওকসানা। সেখানে রাশিয়ার সেনারা রকেট হামলা চালালে তিনি মারা যান। এর আগে মাতৃভূমি রক্ষার যুদ্ধে গিয়ে লড়াইয়ে প্রাণ দিয়েছেন ইউক্রেনের অভিনেতা পাশা লি।

গত ২৪ ফেব্রুয়ারি থেকে রাশিয়া সামরিক অভিযান শুরু করে ইউক্রেনে। এরই মধ্যে আজ ২৪তম দিনে গড়িয়েছে অভিযান। এরই মধ্যে ইউক্রেনের বেশ কয়েকটি শহর দখল করেছে রুশ বাহিনী। যুদ্ধবিরতি ইস্যুতে দুই দেশের পররাষ্ট্র ও কূটনৈতিক পর্যায়ে একাধিক বৈঠক হলেও এখনো সমঝোতায় আসতে পারেনি কেউ।
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কার্যালয় অনুসারে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইউক্রেনে প্রায় ৬০০ বেসামরিক লোক নিহত ও ১ হাজারের বেশি মানুষ আহত হয়েছে।