রুহি ও 'মায়ানগর'

আবার মায়ানগর ছবির শুটিং শুরু হচ্ছে। পরিচালক ইসমত আরা ছবির শিল্পী আর কলাকুশলীদের নিয়ে গত বৃহস্পতিবার ব্যাংকক গেছেন। এবার ছবির শুটিং হবে সেখানেই। আর খবরটি জানালেন রুহি। কারণ, এই দলের সঙ্গে তিনিও গেছেন ব্যাংককে।
ব্যাংকক যাওয়ার আগে রুহি জানান, বছরের শুরুর দিকে ঢাকায় টানা কয়েক দিন তিনি মায়ানগর ছবির শুটিং করেছিলেন। এরপর শুটিং হওয়ার কথা ছিল ব্যাংককে, গত অক্টোবর মাসে। নানা কারণে শেষ পর্যন্ত তা আর হয়নি।
রুহি বলেন, ‘ছবির গল্পটি চমৎকার। গল্পের কারণেই আমাদের ব্যাংকক যেতে হচ্ছে। সেখানে গানসহ ছবির বেশ কিছু অংশের শুটিং হবে।’
ছবির গল্পে নিপুণ বস্তিতে থাকেন। একদিন এক আলোকচিত্রীর ক্যামেরায় ধরা পড়েন তিনি। সেই আলোকচিত্রী নিপুণকে মডেল হিসেবে প্রতিষ্ঠিত করতে চান। নিপুণকে তিনি নিয়ে যান রুহির কাছে। রুহি দেশের একজন প্রথম সারির র্যাম্প মডেল ও প্রশিক্ষক। রুহি নিপুণকে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেন। একসময় নিপুণ দেশের জনপ্রিয় মডেল হিসেবে প্রতিষ্ঠিত হন।
রুহির প্রথম ছবি সংগ্রাম। মায়ানগর তাঁর দ্বিতীয় ছবি। রুহি সম্প্রতি অভিনয় করেছেন অনিমেষ আইচ পরিচালিত জিরো ডিগ্রি ছবিতে। এতে তিনি অভিনয় করছেন মাহফুজ আহমেদের বিপরীতে।