রুহির পছন্দের পুরুষ
এক সময় র্যাম্পে নিয়মিত কাজ করতেন। তারপর ভালো লাগা থেকে নাটকের কাজ শুরু করেন। এখন তিনি চলচ্চিত্রের একজন ব্যস্ত অভিনয়শিল্পী। দিলরুবা ইয়াসমীন রুহি। পুরোদস্তুর একজন অভিনয়শিল্পী। কথায় কথায় জানালেন নিজের পছন্দের পুরুষের কথা।

আমার দৃষ্টিতে আদর্শ পুরুষ...
যে পুরুষ মানুষটির আচরণ হবে দায়িত্বশীল, কাজের ক্ষেত্রে হবে কর্মঠ—সে-ই আমার চোখে একজন আদর্শ পুরুষ।
জীবনের প্রথম প্রেম...
প্রেম অনেক সুন্দর একটা অনুভূতি বলেই আমি মনে করি। একটা নির্দিষ্ট বয়সের পর থেকে মৃত্যুর আগমুহূর্ত পর্যন্ত প্রেমের সম্পর্কে জড়ায় মানুষ। আর প্রথম প্রেমটা হচ্ছে বয়স লুকানোর মতোই। শুধু তা-ই নয়, এটা স্নিগ্ধ-সজীব কোমল অনুভূতি, যা মানুষ আমৃত্যু মনে রাখে। কোনো কথা না বলে ঘণ্টার পর ঘণ্টা পাশে বসে থাকা। প্রিয় মানুষটি সামনে বসে থাকা সত্ত্বেও তার দিকে চোখ তুলে না তাকাতে পারা। প্রথম প্রেমের অনুভূতি চাইলে দ্বিতীয় কিংবা তৃতীয়বার আসে না। আমার জীবনে প্রথম প্রেমে পড়ি ১৪ বছর বয়সে।
রুহির সেরা পুরুষ বন্ধু...
আমার বন্ধুর সংখ্যা খুব একটা বেশি নয়। তার মধ্যে সবচেয়ে ভালো বন্ধুরা কিন্তু ছেলে। স্কুলজীবনে আমার ইংরেজির শিক্ষকই আমার এখন পর্যন্ত সেরা বন্ধু। বলতে পারেন, তিনি আমার পথ প্রদর্শকও। তাঁর সঙ্গে এহেন কোনো বিষয় নেই যা নিয়ে কথা বলা হয় না। তিনি আমায় উপদেশ ও পরামর্শ দিয়ে থাকেন।
আমার দৃষ্টিতে সুদর্শন পুরুষ...
দেখতে সুন্দর কোনো পুরুষকে আমি কখনোই সুদর্শন পুরুষ মনে করি না। আমার চোখে যে পুরুষটির ব্যক্তিত্ব ও গুণ আমাকে মুগ্ধ করেছে তাকে সুদর্শন পুরুষ মনে করি। আমার জীবনে এমন অনেক মানুষকেই নানাভাবে দেখেছি। কাউকে সামনে থেকে আবার কাউকে দূর হতে। এ মুহূর্তে আমার দৃষ্টিতে সুদর্শন পুরুষ হচ্ছে মুম্বাই ছবির জনপ্রিয় অভিনয়শিল্পী শাহরুখ খান ও বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নির্মাতা মনসুর আলী।
সেরা পুরুষ সহশিল্পী...
অনেকেরই সঙ্গে অভিনয় করেছি। তবে জীবনে যদি কোনোদিন সুযোগ আসে, তাহলে সহশিল্পী হিসেবে শাহরুখ খান কিংবা টম ক্রুজের সঙ্গে অভিনয় করতে চাই।