রুহির ভুবন

‘ছোটবেলা থেকেই নানা ধরনের কাপড়ে নকশা করে পরিবারের সবার জন্য জামা বানাতাম৷ জামাগুলো পরার পর নকশার প্রশংসা করত সবাই৷ তখন থেকেই ডিজাইনার হওয়ার স্বপ্ন দেখার শুরু৷ একই সময়ে কিছু স্থির বিজ্ঞাপনচিত্রে কাজ করতে থাকি৷ ২০০৬ সালে পরিচয় হয় বাংলার মেলার এমদাদ হকের সঙ্গে৷ তিনি আমাকে সুযোগ করে দেন র্যাম্পে৷ র্যাম্পে হাঁটার সুবাদে আস্তে আস্তে নিজের নকশা করা কাপড়গুলো সবার সামনে তুলে ধরতে থাকি৷ প্রশংসিত হতে থাকে আমার নকশা করা পোশাকগুলো৷ এভাবে আমার ডিজাইনার হওয়ার স্বপ্নও মেলতে থাকে ডালপালা৷’ কথাগুলো বলছিলেন রুহি৷
নকশাবিদ হওয়ার স্বপ্ন দেখার পাশাপাশি চলতে থাকে র্যাম্পে হাঁটা৷ খুব অল্প সময়ে সবার নজর কাড়তে সক্ষম হন রুহি৷ র্যাম্পের কারণে ঘুরে বেড়িয়েছেন পাকিস্তান, মালয়েশিয়া ও যুক্তরাজ্যের মতো দেশে৷ ২০০৯ সালের শেষ দিকে এসে টিভি নাটকে অভিনয়ে অভিষেক৷ রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প অবলম্বনে অপরিচিতা নামের নাটকটি নির্মাণ করেছিলেন আহমেদ সুস্ময়৷
রুহি বলেন, ‘নাটকে অভিনয়ের আগ্রহ খুব একটা ছিল না৷ র্যাম্পের সময় অনেক নির্মাতাই আমাকে নাটকে কাজ করার প্রস্তাব দেন৷ তাই ভাবলাম, অভিনয় যদি করতেই হয়, তাহলে সাহিত্যধর্মী কিংবা ভালো নির্মাতার নাটকেই কাজ অভিনয় করব৷ এই ভাবনা থেকে ২০০৯ সালে শহীদুজ্জামান সেলিম পরিচালিত বৃত্তের বাইরে একা নামের ধারাবাহিকে অভিনয় করি৷ ওই নাটকে টপ মডেল হিসেবে উপস্থাপন করা হয় আমাকে৷ নাটকের গল্পটির প্রতি অন্য রকম ভালো লাগার কারণে কাজটি করতে রাজি হয়েছিলাম৷’
অপরিচিতা নাটকের পর গিয়াসউদ্দীন সেলিম, আবু সাইয়ীদ, অহিদুজ্জামান ডায়মন্ড, ইমরানুল ইসলামসহ আরও কয়েকজন নির্মাতার বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন রুহি৷
রুহি বলেন, ‘হাতে গোনা যে কটি নাটকে অভিনয় করেছি, তার মধ্যে অবগুণ্ঠন নাটকটির পর সবাই আমাকে নিয়ে নতুনভাবে ভাবতে শুরু করে৷ বলতে পারেন, নাটকটি আমাকে অভিনয়শিল্পী হিসেবে পরিচিতি দিয়েছে৷ তারপর অনেক নাটকের প্রস্তাব এলেও নিয়মিত হইনি৷ অভিনয়ের প্রতি ভালো লাগা জন্মানোর পর আর বড় ক্যানভাসে কাজ করার চিন্তা মাথায় আসে৷ সোজা কথায় বলতে গেলে, মনের মধ্যে বড় পর্দায় কাজ করার স্বপ্ন উঁকি দিতে থাকে৷’
২০১০ সালে নাটকের পাশাপাশি বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাবও আসে রুহির কাছে৷ ২০১১ সালে মাঝামাঝি সময়ে কলকাতার গ্ল্যামার ছবির জন্য চুক্তিবদ্ধ হন৷ কিন্তু এখন পর্যন্ত ছবিটির শুটিং শুরু হয়নি৷ নানা জটিলতা শেষে আগামী এপ্রিল থেকে কলকাতায় ছবিটির শুটিং শুরু হবে বলে জানান রুহি৷
রুহি এখন নিয়মিত চলচ্চিত্রে কাজ করতে চান৷ আগামীকাল মুক্তি পাচ্ছে এই অভিনয়শিল্পী অভিনীত চলচ্চিত্র ৭১-এর সংগ্রাম৷ ছবিটির মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে রুহির৷ মনসুর আলী পরিচালিত এ ছবিতে রুহি অভিনয় করেছেন হিন্দু পরিবারের একটি মেয়ের চরিত্রে৷ নাম আশা৷
রুহি বলেন, ‘প্রথম ছবি৷ অনেক স্বপ্ন ও পরিশ্রমের ফসল৷ আমি অনেক বেশি উচ্ছ্বসিত৷ ছবিতে প্রতিটি চরিত্রের উপস্থাপনই অসাধারণ হয়েছে৷ জোর গলায় বলতে চাই, ৭১-এর সংগ্রাম বাঙালিদের পরিচয় ও ইতিহাসের ছবি৷ প্রায় দুই বছর ধরে বাংলাদেশের ঢাকা, সিলেট ও যুক্তরাজ্যে শুটিং করেছি৷ দেশের বাইরের অনেক গুণী শিল্পীও ছবিটিতে অভিনয় করেছেন৷’
আমাদের এখনো দেখা হয়নি রুহির ছবিটি৷ তাই ছবি সম্পর্কে তঁার মূল্যায়নটুকুই থাকল৷
এখন আরও দুটি ছবির কাজ করছেন রুহি৷ ছবিগুলো হচ্ছে অনিমেষ আইচ পরিচালিত জিরো ডিগ্রি ও ইসমত আরা পরিচালিত মায়ানগর৷ এগুলো চলচ্চিত্রে রুহির অবস্থান শক্ত করবে বলে মনে-প্রাণে বিশ্বাস করেন তিনি৷
র্যাম্প, টিভি নাটক ও চলচ্চিত্রে অভিনয়ের বাইরে রুহি বিজ্ঞাপনচিত্রেও কাজ করেছেন৷
র্যাম্প, টিভি নাটক ও চলচ্চিত্র-অনেক মাধ্যমেই কাজ করছেন৷ ভবিষ্যতে নিজেকে কীভাবে দেখতে চান?
রুহির চটজলদি উত্তর, ‘বাছবিচার ছাড়া আমাদের এখানে শিল্পীরা কাজ করতে থাকেন৷ এতে করে নিজেদের কর্মী মনে হয়৷ আমি কর্মী হতে চাই না৷ শিল্পী হতে চাই৷ ভালো ছবিতে অভিনয় করতে চাই৷ স্থায়ী আসন গড়তে চাই মানুষের হৃদয়ে৷’