রূপকথা অবলম্বনে স্বপ্নদলের ‘জাদুর প্রদীপ’
দীর্ঘদিন পর ঢাকার মঞ্চে দেখা গেল নাটক জাদুর প্রদীপ। গতকাল মঙ্গলবার শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে নাটকটি মঞ্চস্থ হয়। মিলনায়তন-ভর্তি দর্শক উপভোগ করেন মূকাভিনয় আঙ্গিকের স্বপ্নদলের ব্যতিক্রম এ প্রযোজনা।নাটকের শুরুতেই গীত, বাদ্য ও নৃত্যের মাধ্যমে একজন শিল্পী দর্শকের উদ্দেশে প্রস্তাবনা ও নাটকের কাহিনি-সূত্র বর্ণনা করেন। পরে মঞ্চে আলো-আঁধারি। ঘটনার পরম্পরায় ও কাহিনির প্রয়োজনে দৃশ্য থেকে দৃশ্যের সংযোজন চলতে থাকে মঞ্চে। গল্পের সূত্র ধরিয়ে দিতে মাঝেমধ্যেই একজন সূত্রধর মঞ্চে আসেন। গীতকথা ও নৃত্যের মাধ্যমে গল্পের চুম্বক অংশ বর্ণনা করে চলেন।বিশ্বখ্যাত ‘আরব্য রজনী’ রূপকথার উল্লেখযোগ্য ও প্রচলিত আখ্যান আলাদিনের আশ্চর্য প্রদীপ অবলম্বনে জাদুর প্রদীপ নাটকের কাহিনি গড়ে উঠেছে। নাটকের প্রথম অংশে এক জাদুকর তাঁর ঐন্দ্রজালিক প্রভাবে দূরের কোনো গুহাভ্যন্তরে আশ্চর্য প্রদীপ সংগ্রহ করার চেষ্টায় লিপ্ত হয়েছেন। তিনি আলাদিন নামের এক যুবককে প্রদীপ উদ্ধারের কাজে গুহামুখে আনেন। আলাদিন গুহাভ্যন্তরে গিয়ে প্রদীপ সংগ্রহ করে বেরিয়ে আসতে চান। কিন্তু জাদুকর শুধু প্রদীপ চান, আলাদিনকে নয়। একসময় আলাদিন জাদুকরকে প্রদীপ দিতে অস্বীকৃতি জানালে তিনি ক্রোধে উন্মত্ত হয়ে গুহার মুখ বন্ধ করে দিয়ে চলে যান। ঘটনাক্রমে জাদুর প্রদীপ ঘর্ষণে আসা দৈত্যের সহায়তায় গুহামুক্ত হয়ে আলাদিন মুক্ত হন। অতঃপর তাঁর জীবনের উত্থানপর্বের শুরু। নাটকের শেষে দেখা যায়, প্রদীপ ও দৈত্যের বিসর্জনের মধ্য দিয়ে আলাদিন রূপকথা নয়, প্রকৃত জীবনে ফিরে এসেছেন।‘আরব্য রজনী’র কাহিনি ‘আলাদিনের আশ্চর্য প্রদীপ’ অবলম্বনে নির্মিত এ নাটকের কাহিনি-পুনর্বিন্যাস ও নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। ‘জাদুর প্রদীপ’ নাটকে অভিনয় করছেন— সাজিদা ইসলাম, আসিফ ইসতিয়ার, হাসান রেজাউল, মনির হোসেন, আল-আমিন, এনামুল হক, সোনালী রহমান, সামাদ ভূঞা, শিশির সিকদার, মাসুদুর রহমান, আমজাদ শরীফ, আবু নাসের, রাকিব হোসেন, মোহাম্মদ শাহীন, রওনক লাবণী, ফারজানা রহমান ও জাহিদ রিপন।চারুবাকের ‘কবিতায় বলা, কবিতায় শোনা’ টিএসসি-কেন্দ্রিক আবৃত্তি সংগঠন চারুবাক কর্মশালা-পরবর্তী নবীন আবৃত্তিকর্মীদের নিয়ে প্রতি মাসে একটি করে আবৃত্তি অনুষ্ঠান করার সিদ্ধান্ত নিয়েছে। আজ সন্ধ্যা সাড়ে ছয়টায় গণগ্রন্থাগারের সেমিনার হলে ‘কবিতায় বলা, কবিতায় শোনা’ শিরোনামের অনুষ্ঠানের মধ্য দিয়ে তারা এর ধারাবাহিক কার্যক্রম শুরু করতে যাচ্ছে।বিজয়ের মাস ডিসেম্বরে চারুবাকের এ অনুষ্ঠানটি হবে বিজয় দিবস উপলক্ষ করেই। সংগত কারণে এবারের ‘কবিতায় বলা, কবিতায় শোনা’ অনুষ্ঠানটি সাজানো হয়েছে দেশাত্মবোধক কবিতা দিয়ে।সিলেটে জাতীয় নাট্যোৎসবসিলেটে বিপুলসংখ্যক দর্শনার্থীর উপস্থিতিতে উৎসবমুখরতায় শেষ হয়েছে ছয় দিনব্যাপী জাতীয় নাট্যোৎসব। নবশিখা নাট্যদলের আয়োজনে গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাতটায় সমাপনী দিনে রংপুর নাট্যকেন্দ্র দুটি নাটক মঞ্চস্থ করে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা, গল্প ও উপন্যাস অবলম্বনে নৃত্যনাট্য ঘাসফুল ও চন্দন সেনের রচনায় উন্মনা মন মঞ্চায়ন করেছে নাট্য সংগঠনটি। নির্দেশনা দিয়েছেন রাজ্জাক মুরাদ।টাঙ্গাইলে আজ শুরু রক্কু স্মৃতি নাট্য উৎসবটাঙ্গাইল অফিস জানায়, নাট্য নির্দেশক ও অভিনেতা রহমান রক্কুর প্রথম মৃত্যুবাষিকী উপলক্ষে আজ বুধবার থেকে টাঙ্গাইলে তিন দিনব্যাপী রক্কু স্মৃতি নাট্য উৎসব শুরু হচ্ছে। আরএন ফাউন্ডেশন ও করনেশন ড্রামাটিক ক্লাবের সহযোগিতায় রক্কু স্মৃতি পরিষদ এই উৎসবের আয়োজন করে।এ উপলক্ষে মঙ্গলবার সকালে টাঙ্গাইল প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাট্যব্যক্তিত্ব মামুনুর রশিদ, ফারুক কোরেশী, রক্কু স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক সাম্য রহমান প্রমুখ। আজ বুধবার বিকেল চারটায় স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণে রক্কু স্মৃতি নাট্য উৎসব ২০১০-এর উদ্বোধন করা হবে। উদ্বোধন শেষে প্রথম দিন সন্ধ্যা সাড়ে ছয়টায় সিডিসি মিলনায়তনে এবং বিদ্যাসাগর নাটকটি মঞ্চায়িত হবে। ফরিদপুরে নাট্যমেলাফরিদপুর অফিস জানায়, ফরিদপুরের অম্বিকা ময়দানে বিজন ভট্টাচার্য পথনাট্যমেলার পঞ্চম দিনে গতকাল মঙ্গলবার দুটি নাটক পরিবেশন করা হয়। এ ছাড়া নাটকবিষয়ক একটি গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।বৈশাখী নাট্যগোষ্ঠীর নাটকের বই দোজখ থেকে বলছি-এর মোড়ক উন্মোচন করেন নাট্য গবেষক ড. বিপ্লব বালা। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন ফরিদপুর সচেতন নাগরিক কমিটির (সনাক) আহ্বায়ক অধ্যাপক আলতাফ হোসেন। সাতটি পথনাটক নিয়ে রচিত দোজখ থেকে বলছি গ্রন্থটি রচনা করেছেন মুন্সি মোহাম্মদ আলী।গতকাল পথনাট্যমেলায় দুটি নাটক মঞ্চস্থ করা হয়। ফেরা নাটকটি পরিবেশন করে ফরিদপুরের খেয়া নাট্যগোষ্ঠী। ঠাকুর এবংনাতি নাটকটি পরিবেশন করে আয়োজক সংগঠন বৈশাখী নাট্যগোষ্ঠী।