রূপসী বাংলার অকৃত্রিম মুখ
সাতসকালে খবরটা পেয়ে মনে মনে হিসাব কষলাম, ১৯৩১ থেকে ২০১৪, কমবেশি ৮৩ বছর। তার মানে, যথেষ্ট পরিণত বয়সেই সুচিত্রা সেন আমাদের ছেড়ে চলে গেলেন। কিন্তু আমার মানস-কাগজের লিড স্টোরির ইন্ট্রোতে লিখলাম, ‘বাঙালিকে কাঁদিয়ে-ভাসিয়ে মাত্র সাতচল্লিশ বছর বয়সে অমৃতলোকে চলে গেলেন রূপশ্রেষ্ঠা সুচিত্রা সেন। স্বর্গলোকে শুরু হতে চলেছে উত্তম-সুচিত্রা অমর জুটির দ্বিতীয় ইনিংস’।
তিরাশির সঙ্গে সাতচল্লিশের মিল কী করে হলো? আমি জানতাম প্রশ্নটা উঠবে। কারণ, সুচিত্রার শেষ ছবি প্রণয় পাশা যে ১৯৭৮ সালে মুক্তি পেয়েছিল, তা অনেকের মনে থাকার কথাই নয়। তবে সুচিত্রার সবকিছুই গোপালদার জানা। সাংবাদিক গোপালকৃষ্ণ রায়, সুচিত্রা সেনের জীবনীকার। আমার থেকে অ-নে-ক সিনিয়র, কলকাতায় ইউএনআইয়ে কাজ করতেন, চিরকাল ধবধবে ধুতি ও পাঞ্জাবি পরে বাসে-ট্রামে ঘোরাফেরা করতেন আর খুব চেপে ধরলে সুচিত্রা সেন সম্পর্কে দু-চারটে কথা বলতেন। গোপালদা কেন জানি না আমাকে আজও পছন্দ করেন। আমি গোপালদার গা ঘেঁষে বসে প্রশ্ন করতাম, ‘এই রকম কাছাকাছি গায়ে গা লাগিয়ে সুচিত্রা সেনের পাশে কখনো বসেছেন?’ গোপালদার শরীরে রাগ ছিল না। আজও নেই। অমায়িক হেসে বলতেন, ‘দূর, আমার সঙ্গে কী আর ওই রকম সম্পর্ক? উনি আমায় স্নেহ করেন খুব। বিশ্বাস করেন। কেন বলতে পারব না, মাঝেমধ্যে অনেক কিছুই বলেন। মনের ডালা খোলার মতো লোক প্রত্যেকেরই দরকার।’
এই গোপালদাকেও সুচিত্রা সেন কোনো দিন খুলে বলেননি, কেন তিনি নিজেকে এভাবে গুটিয়ে নিলেন। ওঁর সঙ্গে বসে আমিও অনেকবার কারণ খোঁজার চেষ্টা করেছি। গোপালদার ব্যাখ্যাতেই উঠে এসেছিল প্রণয় পাশা-আখ্যান। ১৯৭৮ সালে প্রণয় পাশা মুক্তির কদিনের মধ্যেই ছবির ভাগ্য লেখা হয়ে গেল। ফ্লপ। অথচ সৌমিত্র চট্টোপাধ্যায় হিরো! ছবিটা চলল তো না-ই, উল্টে বলাবলি শুরু হয়ে গেল, সুচিত্রাকে বড় বুড়ি বুড়ি লাগছে। গোপালদা আমাকে বললেন, ‘পানাপুকুরে ঢিল ফেললে যেটুকু তিরতিরে ঢেউ পাড় ছোঁয়ার আগেই মিলিয়ে যায়, প্রণয় পাশা বক্স অফিসে সেটুক আঁচড়ও কাটতে পারেনি। আমার মনে হয়, পর্দায় নিজেকে দেখতেও তাঁর ভালো লাগেনি। সম্ভবত সেদিনই তাঁর মোক্ষম বোধোদয় ঘটে যায়। বুঝে যান, অনেক হয়েছে, আর নয়। প্রসাধন ও পোশাক দিয়ে যাই যাই যৌবন অনন্তকাল টানটান রাখা যায় না। বাঙালির হূদয়ে যে জায়গাটা এখনো রয়েছে, সেটাকে সেভাবে রেখে সরে দাঁড়ানোই ভালো।’
সেই আটাত্তরে সুচিত্রা সেনের বয়স তখন সাতচল্লিশ!
সেই সাতচল্লিশে তিনি যে থামলেন, থেমেই গেলেন। এ যেন অনেকটা সেই হুমায়ূন আহমেদের ‘হিমু’ বা সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘নীললোহিত’-এর মতো, বয়স যাদের সাতাশের চৌকাঠ পেরোতেই চায় না। প্রণয় পাশা-র পর সুচিত্রা জনসমক্ষে বেরোনো কমিয়ে দিলেন। ছবির অফার যে আসেনি, ছবি নিয়ে প্রযোজক-পরিচালকের সঙ্গে কথা যে বলেননি, তা নয়। কিন্তু আর সিনেমায় অভিনয়ের আগ্রহ দেখাননি। ধীরে ধীরে শামুকের মতো গুটিয়ে নিলেন। অন্তরালের কোটরে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর কাটিয়ে এক দিন তিনি নিজেই নিজেকে অপরিচিত করে তুললেন। এ এক অদ্ভুত সংযম।
মুনমুন বয়সে আমার চেয়ে বড় হলেও যাদবপুর ইউনিভার্সিটিতে মাস্টার্স করতে এল আমার সঙ্গে। সেই আলাপ এবং বন্ধুতা, যা আজও অটুট। মুনমুনের মতো এত উদার, এত বড় ও ভালো মনের উপকারী মানুষ আমি খুব কম দেখেছি। একবার মুনমুনকে জিজ্ঞেস করেছিলাম, মায়ের দিন কাটতে চায় কি? মুনমুন হাসতে হাসতে বলেছিল, ‘খুব কাটে। পুজো-আচ্চাতেই তো আদ্ধেক সময় কেটে যায়। তার ওপর টিভি আছে। খবরের কাগজ আছে, বইপত্তর আছে, আমরা আছি, আর আছে কথামৃত।’
নাতনিরা?
ওরে বাবা! দুজনেই খুব ন্যাওটা। তবে রাইমাটা বেশি কাছে থাকে বলে বেশি ন্যাওটা। মা ওর বেস্ট ফ্রেন্ড।
তোমার নয়?
আমার ব্যাপারটা কেমন জানো? আমি সবকিছু মায়ের সঙ্গে শেয়ার করি। একবার কী হয়েছে বলি। সেই আমার প্রথম যাত্রা করা। গ্রামে গেছি। মাঠ ভরে গেছে লোকে। স্টেজের একেবারে সামনে গলা উঁচিয়ে লোকে বসে রয়েছে। আমাকে হাঁ করে গিলছে। একটার পর একটা সিন যাচ্ছে, হাততালি পাচ্ছি। হঠাৎই কে একটা বলে উঠল, আহা, ঠিক যেন রাজহাঁসের মতো গলা। আমি তো গর্বে গলে গেলাম। রাজহাঁসের গ্রীবার সঙ্গে আমার তুলনা। বাড়ি ফিরে মাকে বলতেই সে কী হাসি! বলল, ওরে রাজহাঁসের গ্রীবা নয়, রাজহাঁসের গলার স্বরের সঙ্গে তুলনা করেছে। রাজহাঁসের ডাক শুনেছিস? ফ্যাঁসা ফ্যাঁসা কর্কশ। তোর আওয়াজও তো ওই রকম!
মুনমুন কথাটা বলে খুব একচোট হাসল। আমিও হাসলাম। তারপর বললাম, সারা দিন গৃহবন্দী! বাইরে যানটান না?
মুনমুন বলল, আগে যেত। নানা জায়গায় যেত। বহুদিন আর বেরোতে চায় না। অবশ্য মা চাইলে গড়িয়াহাটে বাজারও করতে পারে। কেউ চিনতে পারবে না।
এই চেনাচিনির একটা অন্য কাহিনি আছে। কিন্তু তার আগে ধর্মেন্দ্রর কথা একটু না বললেই নয়।
ধর্মেন্দ্র মানে আমাদের বলিউডের প্রথম হি ম্যান। অমিতাভ বচ্চন লেখার সময় মুম্বাইয়ে ওঁর সঙ্গে কথা বলতে গেছি। দারুণ আপ্যায়ন করে বসিয়ে কোথায় আমার সম্পর্কে বা আমার প্রজেক্ট সম্বন্ধে জানতে চাইবেন তা নয়, মিসেস সেন কেমন আছেন, এখনো অন্তরালে কি না, আমি ওঁকে দেখেছি কি না, কলকাতায় গেলে একবার দেখা করার খুব ইচ্ছে—এসব আগডুম-বাগডুম কথায় মিনিট কয়েক কাটালেন! আমি তো থ! বলেন কী মানুষটা? সব ছেড়ে সুচিত্রা সেন? তাও তো মোটে একটা মাত্র সিনেমা করেছেন মিসেস সেনের সঙ্গে। সেই ১৯৬৬ সালে, মমতা। নীহার রঞ্জন গুপ্তর গল্প, অসিত সেন পরিচালক, মিউজিক ডিরেক্টর রোশন। সুচিত্রার ডাবল রোল। দারুণ হিট! আগ বাড়িয়ে নিজেই যখন প্রসঙ্গটা তুললেন, আমার মনে হলো মানুষটা খুব মুডে আছেন। হতে পারে পুরোনো প্রেম উসকে উঠেছে। আমিও তাই একটু সাহসী হলাম। কারণ, মমতা হয়েছে ১৯৬৬-তে। আর হেমা মালিনীর প্রেমে ধর্মেন্দ্র পড়েন ১৯৭০-এ, তুম হাসিন ম্যায় জওয়ান করার সময়। তাই একেবারে সরাসরি জিজ্ঞেস করি, মমতা করতে করতে সুচিত্রার প্রতি ‘মায়া-মমতা-প্রেম’ জন্মেছিল কি না। শোনা মাত্র ধর্মেন্দ্র দুই কানের লতিতে হাত ছুঁয়ে বললেন, ‘আরে ইয়ার নেহি নেহি। ওঁর পারসোনালিটির কাছে আমি শামুকের মতো কুঁকড়ে থাকতাম। সি ওয়াজ সিনিয়র টু মি অ্যান্ড অ্যা জিনিয়াস। আর হোয়াট অ্যা প্যারাগন অব বিউটি! আই রেসপেক্ট হার অ্যা লট।’
আমি তো তাজ্জব! ভাবছি, প্রেমট্রেম হলে বেশ একটা মসলাদার কাহিনি জানা যেত। ধর্মেন্দ্র কিন্তু তার ধারকাছ দিয়েও হাঁটলেন না। তবে খবরের ভাষায় একটা লিড দিলেন। বললেন, হরিভাই বেঁচে থাকলে তাঁর কাছে যেতে পারতে। হরিভাই তো মিসেস সেনের সঙ্গে অ্যাওয়ার্ড উইনিং ফিল্ম করেছেন। আঁধি।
হরিভাই, মানে সঞ্জীব কুমার! তা হলে কি সঞ্জীব কুমার প্রেমে পড়েছিলেন মিসেস সেনের? প্রশ্নটা আলটপকা বেরিয়েই এসেছিল। ধর্মেন্দ্র শুনলেন কি শুনলেন না, তিনিই জানেন, বললেন, ‘না না, আমি নির্দিষ্ট করে কিছু বলতে চাই না। তবে হরিভাই খুব প্রেমে পড়তে ভালোবাসতেন, মিসেস সেনের খুব তারিফ করতেন, তাই বললাম।’
সুচিত্রা সেনের নায়ক হিসেবে সঞ্জীব কুমার আঁধি করেছিলেন ১৯৭৫ সালে। সেটা ইমারজেন্সির বছর, আর গুলজারের পরিচালনায় কমলেশ্বরের গল্প নিয়ে তৈরি এই সিনেমায় সুচিত্রার ‘আরতি দেবী’ চরিত্রায়ণ হয়েছিল অনেকটা ইন্দিরা গান্ধীর ঢংয়েই। রিলিজ হওয়ার আগে পোস্টার পড়েছিল, ‘ওয়াচ দ্য রিয়্যাল লাইফ অব ইওর প্রাইম মিনিস্টার’। প্রথম পছন্দ ছিলেন বৈজয়ন্তীমালা। কিন্তু পাছে ইন্দিরা গান্ধী ক্ষুণ্ন হন, তাই তিনি রাজি হননি। দ্বিতীয় পছন্দ সুচিত্রা। তিনিও নাকি নার্ভাস ছিলেন ওই ইন্দিরা-কারণেই। গোপালদাকে জিজ্ঞেস করেছিলাম। উনি স্বীকার করেছিলেন, কেউ কেউ নাকি ম্যাডামকে অন্য রকম পরামর্শ দিয়েছিল। কিন্তু উনি তোয়াক্কা করেননি। নিজে যেটা ঠিক মনে করবেন, সেটা থেকে তাঁকে টলানো যায়নি কোনো দিন।
চেনাচিনির একটা অন্য কাহিনির কথা বলছিলাম। বছর কয়েক আগে কলকাতার এক অত্যুৎসাহী টিভি চ্যানেল এক পৃথুলা শণচুলো অশীতিপর বৃদ্ধার আবছা ছবি তাঁর অনুমতি ছাড়া গোপন ক্যামেরায় তুলে আমজনতাকে দেখিয়ে বাহবা নেওয়ার ফালতু অপচেষ্টা করেছিল। তা নিয়ে কত নাটক সেই চ্যানেলে। বাঙালি তাদের গালমন্দ করেছিল। বাঙালি সেই অচেনা-অদেখা সুচিত্রাকে চিনতে চায়নি। বাঙালির হূদয়ে যে সুচিত্রা বেঁচে আছেন এতগুলো বছর, কাজলনয়না যে হরিণীর চকিত চাহনিতে বিদ্ধ হয়ে বাঙালি সুখ অনুভব করেছে, যার ভুবনমোহিনী হাসিতে মধ্যবিত্ত বাঙালির যাবতীয় দুঃখ, দারিদ্র্য, দুশ্চিন্তা ও গ্লানি সাময়িকভাবে মুছে গেছে, যে সুচিত্রা ভ্রুপল্লবে ডাক দিলে বাঙালি পাগল হয়ে বর্তে গেছে, সেই সুচিত্রাকেই বাঙালি চেনে। সেই সুচিত্রাকে আমরা শেষ দেখেছি ৩৬ বছর আগে, ১৯৭৮ সালে, প্রণয় পাশায়।
সেই এবং তার আগের ২০-২৫ বছরের সুচিত্রাই রূপসী বাংলার আদি ও অকৃত্রিম মুখ।