রূপালি পর্দায় আসছে সত্যজিতের ‘তারিণীখুড়ো’
প্রখ্যাত ভারতীয় চিত্রনির্মাতা ও লেখক সত্যজিত্ রায়ের অমর সৃষ্টি ‘তারিণীখুড়ো’ চরিত্রটিকে বইয়ের ছাপা অক্ষর থেকে রূপালি পর্দায় নিয়ে আসছেন সত্যজিত্-তনয় সন্দীপ রায়। আর চরিত্রটিকে পর্দায় ফুটিয়ে তুলবেন বর্ষীয়ান অভিনেতা পরান বন্দ্যোপাধ্যায়।সত্যজিত্ রায়ের জনপ্রিয় তিনটি ভূতের গল্প এবং শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ‘ভূত ভবিষ্যত্’ গল্প অবলম্বনে ছবি তৈরির কাজ হাতে নিয়েছেন সন্দীপ। ছবিতে গল্পগুলোর বর্ণনাকারী হিসেবে দেখা যাবে তারিণীখুড়োকে। সাম্প্রতিক এক খবরে এমন তথ্যই প্রকাশ করেছে টাইমস অব ইন্ডিয়া।এ প্রসঙ্গে সন্দীপ রায় বলেছেন, আমার দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ হতে চলেছে। অনেক দিন ধরেই চমত্কার ভূতের গল্পের সন্ধান করছিলাম। অবশেষে চারটি ভূতের গল্প থেকে একটি ছবি বানানোর সিদ্ধান্ত চূড়ান্ত করেছি। গল্পগুলো হলো সত্যজিত্ রায়ের ‘অনাথবাবুর ভয়’, ‘ব্রাউন সাহেবের বাড়ি’, ‘লক্ষৌয়ের ডুয়েল’ এবং শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ‘ভূত ভবিষ্যত্’। আগস্টে ছবিটির শুটিং শুরুর পরিকল্পনা করেছি। আর ছবিটি মুক্তি দিতে চাই এই ডিসেম্বরেই। আশা করছি, শীতের উত্সবমুখর সময়ে ছবিটি দেখে দর্শকেরা বেশ মজা পাবেন। সন্দীপ আরও বলেছেন, ‘ব্যক্তিগতভাবে আমি ভূতে বিশ্বাস করি না। কিন্তু শৈশব থেকে আজ পর্যন্ত অনেক ভূতের গল্প পড়েছি আমি। এ ধরনের গল্পগুলো আমার খুবই ভালো লাগে। ভৌতিক ছবি এবং ভূতের গল্প অবলম্বনে তৈরি ছবির মধ্যে ফারাক আছে। আমি চেষ্টা করব, ভালো একটি ভূতের গল্প পড়ার সময় একজন পাঠকের যেমন অনুভূতি হয়, আমার এই ছবিটি দেখেও যেন সে রকম একটি অনুভূতি হয় দর্শকদের মনের ভেতর।’