রূপালী পর্দায় ফারাহ রুমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টিভি অভিনেত্রী ফারাহ রুমাকে এবারই প্রথম দেখা যাবে রুপালি পর্দায়। ‘পুত্র এখন পয়সাওয়ালা’ চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে রুপালি পর্দায় তাঁর যাত্রা শুরু হয়েছে। চলচ্চিত্রটি পরিচালনা করছেন নার্গিস আকতার। চলচ্চিত্রে অভিনয় সম্পর্কে ফারাহ রুমা জানান, ‘অনেক দিন ধরে চলচ্চিত্রের কাজ করার ইচ্ছে ছিল। কিন্তু সেভাবে ব্যাটে-বলে মিল না হওয়ার কারণে অভিনয় করা হয়নি। তবে সিদ্ধান্তটি হঠাত্ করেই নেওয়া হয়েছে। প্রথমবারের মতো চলচ্চিত্রে অভিনয় করছি ভেবে খুবই ভালো লাগছে। মহরতের পর আজ বুধবার থেকে চলচ্চিত্রের শুটিং শুরু হয়েছে।’ প্রথম দিনের শুটিংয়ের অভিজ্ঞতা সম্পর্কে রুমা বলেন, ‘প্রথম দিকে কিছুটা ভয়ে ছিলাম। পরে যখন ক্যামেরা চালু হলো; প্রথম শর্টটা একবারের সফলভাবে করতে সক্ষম হই। এতে পরিচালক থেকে শুরু করে শুটিং স্পটে উপস্থিত সকলেই প্রশংসা করে।’রুমা আরও বলেন, ‘গল্পটা অসাধারণ লেগেছে। তা ছাড়া প্রথম ছবিতে নার্গিস আকতারের মতো পরিচালকের সঙ্গে কাজ করতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি।’ পুত্র এখন পয়সাওয়ালা চলচ্চিত্রে দেখা যাবে রুমানা (ফারাহ রুমা) ধনীর দুলালি। বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে মেধাবী ছাত্রের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক তৈরি হয়। এ নিয়ে দুই পরিবারের নানা জটিলতা তৈরি হবে। তারপর ঘটতে থাকে নানা ঘটনা।