রেকর্ড গড়ার বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৈশোরের খোলস ছেড়ে সদ্য তারুণ্যে পা রেখেছে ছেলেটি। কিন্তু শৈশবের গন্ধ মুছে যায়নি একেবারেই। গোল চশমার ফাঁক দিয়ে ঠিকই চোখে পড়ে কৌতূহলী একজোড়া চোখ। মাথার চুল কিছুটা এলোমেলো, অবিন্যস্ত। ছেলেটির সবচেয়ে বড় পরিচয়, সে জাদু জানে। সেই জাদু দিয়ে লড়াই করে অশুভ শক্তির বিরুদ্ধে। ভয়ংকর সব দেও-দানোরাও শেষে হার মানে তার কাছে। জয় হয় তারই। জয় হয় হ্যারি পটারের!এক দশকের যাত্রা শেষে এ বছরই সমাপ্তি টেনে দেওয়া হয়েছে হ্যারি পটার সিরিজের। জে কে রাউলিংয়ের অসাধারণ কল্পনাশক্তি, দুর্দান্ত লেখনী আর ডেভিড ইয়েটসের নির্মাণশৈলীরও জয় হয়েছে। হ্যারি পটার সিরিজের অষ্টম ও শেষ ছবি হ্যারি পটার অ্যান্ড দ্য ডেথলি হ্যালোস-এর দ্বিতীয় পর্ব ছিল ২০১১ সালের সবচেয়ে ব্যবসাসফল ছবি।বছরের মাঝামাঝি মুক্তি পাওয়া ছবিটি বিশ্বজুড়ে, আয় করেছে ১৩২ কোটি ৮১ লাখ মার্কিন ডলার। অথচ ছবির বাজেট ছিল ২৫ কোটি ডলার। সর্বকালের সর্বোচ্চ আয় করা ছবির তালিকায় তিনেও উঠে এসেছে এই ছবি। ভেঙে দিয়েছে আরও কিছু রেকর্ড। ১৩ জুলাই মুক্তির দিনই নয় কোটি ডলারেরও বেশি আয় করেছে হ্যারি পটার অ্যান্ড দ্য ডেথলি হ্যালোস-এর দ্বিতীয় পর্ব, যা সর্বকালের রেকর্ড ভেঙে চুরমার করে দিয়েছে। আন্তর্জাতিকভাবে মুক্তির দুদিন পর ছবিটি মুক্তি দেওয়া হয় যুক্তরাষ্ট্র আর কানাডায়। প্রথম সপ্তাহে এই দুই দেশে ছবিটি প্রযোজকের পকেটে পুরে দেয় ১৬ কোটি ৯১ লাখ ডলার। সাপ্তাহিক আয়ের হিসাবেও এটি একটি রেকর্ড। এর আগে যে রেকর্ডটি ছিল ২০০৮ সালে মুক্তি পাওয়া ব্যাটম্যান সিরিজের ছবি দ্য ডার্ক নাইট-এর। এ বছর সবচেয়ে ব্যবসাসফল ছবির তালিকায় সুখবর আছে অ্যানিমেশন চলচ্চিত্রেরও। সেরা দশের মধ্যে চারটি ছবিরই ছিল অ্যানিমেটেড। কুংফু পান্ডা টু, দ্য স্মার্ফস, কারস টু ও রিও। অবশ্য এই চার ছবির মধ্যে সেরা পাঁচে ঠাঁই পেয়েছে কেবল কুংফু পান্ডা টু। সবচেয়ে ব্যবসাসফল ছবির চারে আছে এটি। এক নম্বর জায়গাটি হ্যারি পটারের। দুই আর তিনে আছে ট্রান্সফমারস: ডার্ক অব দ্য মুন এবং পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান: অন স্ট্রেঞ্জার্স টাইডস। এর মধ্যে পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান সিরিজের চতুর্থ ছবিটি সর্বকালের সর্বোচ্চ আয়ের তালিকায় ঢুকে গেছে আটে। সবচেয়ে ব্যবসাসফল ছবির পাঁচে আছে টোয়াইলাইট সিরিজের চতুর্থ ও শেষ ছবির প্রথম পর্ব ব্রেকিং ডন। বেলা ও এডওয়ার্ড, মানবী ও ভ্যাম্পায়ারের অসম কিন্তু হূদয় ছুঁয়ে যাওয়া রোমান্টিক ছবিটি এ বছর আয় করেছে প্রায় ৬৫ কোটি ডলার। সেরা দশের ছয় আর সাতে আছে অ্যাকশনধর্মী ফাস্ট ফাইভ, কমেডি হ্যাংওভার পার্ট টু। শেষ তিনটি জায়গাই অ্যানিমেটেড ছবির দখলে: দ্য স্মার্ফস, কারস টু ও রিও। এ বছর আরেকটি রেকর্ড হয়েছে। একই বছর তিন-তিনটি ছবি আয়ের দিক দিয়ে বিলিয়ন ডলারের মাইলফলক ছুঁয়েছে। এর আগে সব মিলে হলিউডে বিলিয়নের কোটা পূরণ করতে পেরেছিল যেখানে মাত্র সাতটি ছবি। অষ্টম ছবি হিসেবে বিলিয়নিয়ার হয়ে গেছে পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান: অন স্ট্রেঞ্জার্স টাইডস। নবম ছবি হিসেবে এই কৃতিত্ব হ্যারি পটার অ্যান্ড দ্য ডেথলি হ্যালোস-এর দ্বিতীয় পর্বের। এখন পর্যন্ত তালিকার দশম ও শেষ বিলিয়নিয়ার ছবি হলো ট্রান্সফমারস: ডার্ক অব দ্য মুন।সেরা দশ তালিকার দিকে তাকালে আরেকটি জিনিস বোঝা যাবে, এ বছরটিতে ছিল সিক্যুয়েল ছবির জয়জয়কার। সেরা দশের আটটি ছবিই সিক্যুয়েল কিংবা সিরিজের নতুন কোনো পর্ব। সবচেয়ে বেশি সিক্যুয়েল ছবি মুক্তির রেকর্ডও গড়েছে ২০১১। সব মিলে এ বছর ২৮টি সিক্যুয়েল ছবি মুক্তি পায় থিয়েটারে। ব্যবসাসফল সেরা দশের তালিকায় নাম না থাকলেও দ্য কিংস স্পিচ ছবিটির কথা মনে করিয়ে না দিয়ে সালতামামি অসম্পূর্ণ থেকে যাবে। এ বছর অস্কারে ১২টি বিভাগে মনোনয়ন পাওয়া এ ছবিটিই শেষ পর্যন্ত সেরা চলচ্চিত্রসহ চারটি পুরস্কার জিতেছে। সেরা ছবির পুরস্কার না জিতলেও ইনসেপশন-এর ঝুলিতেও গেছে চারটি অস্কার। গোল্ডেন গ্লোব পুরস্কারে অবশ্য সেরা ছবি নির্বাচিত হয়েছে দ্য সোশ্যাল নেটওয়ার্ক। ফেসবুক নামের জাদুর এক জগৎ নির্মাণ করা মার্ক জুকারবার্গের জীবনী নিয়ে বানানো হয়েছে ছবিটি। বছরটা তাই দুই জাদুকরেরও, হ্যারি পটার আর মার্ক জুকারবার্গের!  রাজীব হাসান