‘মুন্নী বদনাম হুয়ি ডার্লিং তেরে লিয়ে’ এ বছরের সবচেয়ে হিট গান। মালাইকা অরোরা খানের নাচের তালে তালে দর্শক এখন উন্মাতাল। আরেকটি ‘কাজরা রে, বিড়ি জালাইলে’র জন্ম হয়েছে ‘মুন্নী বদনাম’-এর মাধ্যমে। কিন্তু দিনের পেছনে রাত তো থাকবেই। এই গান নিয়ে ভীষণ চটেছে ইমামি কোম্পানি। এত কিছু থাকতে ‘ঝানডু বাম’কে কেন টানা হলো গানে? ইমামি কোম্পানির পণ্য নিয়ে মশকরা? চলবে না, চলবে না! ২৪ ঘণ্টার মধ্যে যদি এই শব্দদ্বয় গান থেকে বিদায় করা না হয়, ইমামি হুমকি দিয়েছে, আদালতে যাবে। খান ভ্রাতৃত্রয়ের অবশ্য এ নিয়ে কোনো মাথাব্যথা নেই। সাফল্যের পিছু পিছু এসব একটু-আধটু ‘উটকো ঝামেলা’ না এলে সাফল্যও যে জমে না! এমনকি ২৬/১১ নিয়ে আলটপকা মন্তব্য করেও ফেঁসেছেন সালমান। টুইটার থেকে নিজের নাম প্রত্যাহার করার কথাও ভাবছেন খান সাহেব। অবশ্য ভাই-বন্ধু সবাই পরামর্শ দিয়েছেন, টুইটারের এত বিশাল ভক্তশ্রেণীর কাছ থেকে বিদায় না নিয়ে মুখে একটু লাগাম দেওয়াই বুদ্ধিমানের কাজ হবে। কারণ, এখন সময় ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য উদ্যাপনের।গত ডিসেম্বরে আমির খানের থ্রি ইডিয়টস মুক্তি পাওয়ার পর ধারণা করা হয়েছিল, সর্বকালের সবচেয়ে বড় হিট ছবির রেকর্ড ভাঙা আগামী পাঁচ বছরেও কোনো ছবির পক্ষে সম্ভব হবে না। কিন্তু সালমানের দাবাং প্রথম সপ্তাহেই থ্রি ইডিয়টস-এর প্রথম সপ্তাহের রেকর্ড দুমড়েমুচড়ে ‘খানখান’ করে দিয়েছে। প্রথম সপ্তাহে আমিরের ছবি ঝুলিতে ভরেছিল ৭৯ কোটি পাঁচ লাখ রুপি আর সালমানের ছবির আয় ৮১ কোটি পাঁচ লাখ। এত বড় সাফল্য অতীতে কোনো হিন্দি ছবির ভাগ্যে জোটেনি। এখন দেখার বিষয়, সব মিলিয়ে থ্রি ইডিয়টস-এর (৩৭৫ কোটি) ব্যবসাকে দাবাং ছুঁয়ে যেতে পারে কি না। অবস্থা যেদিকে যাচ্ছে, তাতে অসম্ভব কিছু নয়। শুধু প্রথম তিন দিনে ভারত থেকেই মূলধন তুলে এনেছে দাবাং। আন্তর্জাতিক আয়, হোম ভিডিও স্বত্ব, মিউজিক স্বত্ব, স্যাটেলাইট স্বত্ব, তামিল-তেলেগু ছবির স্বত্ব—এসব তো রয়েই গেছে। আন্তর্জাতিক অঙ্গনে এটাই সালমানের ক্যারিয়ারের সবচেয়ে বড় হিট ছবি। অবশ্য রেকর্ড ভাঙার কাজ সালমান এর আগেও করেছিলেন। শুরুতে ম্যায়নে পেয়ার কিয়া, পরে হাম আপকে হ্যায় কৌন হিন্দি ছবির হিসাব-নিকাশ পাল্টে দিয়েছিল। এবার সে তালিকায় নতুন নাম চুলবুল পান্ডে/রবিনহুড পান্ডের দাবাং। স্বয়ং আমির খান বলেছেন, ‘চুলবুল পান্ডের দাবাং এ যুগের শোলে।’ভুল বলেননি আমির। প্রথম তিন দিন দাবাং-এর শো শুরু হয়েছে ভোর পাঁচটায়। বিরতিহীনভাবে তিন দিন প্রদর্শিত হয়েছে একক প্রেক্ষাগৃহগুলোতে। ফিল্মবোদ্ধারা রায় দিয়েছেন, আমজনতার জন্য মসলা ছবির জমানা আবার ফিরে এসেছে। গজনি, ওয়ান্টেড, ওম শান্তি ওম ও দাবাং তারই প্রমাণ। দাবাং হয়তো সেরা ছবির পুরস্কার পাবে না, তবে তিন ঘণ্টা দর্শককে বিনোদিত করার সব ধরনের উপকরণই রয়েছে এ ছবিতে। তবে ফিল্মবোদ্ধা কমল নাহতা বলেছেন, ‘দাবাং পুরোপুরি ওয়ান ম্যান শো। সালমানকে ছবি থেকে সরিয়ে নিন। এ ছবিটিকে তখন ফিকে মনে হবে।’নতুন ট্রেন্ড অনুযায়ী, এখন দাবাং-২ নির্মাণের প্রস্তুতি নিচ্ছেন খান ভাইয়েরা। সালমান সচরাচর আমির-শাহরুখের মতো সুকৌশলী ‘মার্কেটিং’ বোঝেন না। তবে ভাই আরবাজ খানের প্রথম প্রযোজনার জন্য সালমান জান দিয়ে খেটেছেন। যতিন-ললিত এখন চলচ্চিত্রের কাজ করেন না। সালমান ললিতকে অনুরোধ করে ‘মুন্নী বদনাম’ গানটির সংগীত পরিচালনা করিয়েছেন। শত্রুঘ্ন সিনহার সুকন্যা সোনাক্ষীকে নায়িকা করেছেন। এমনকি চিত্রনাট্যও পরিবর্তন-পরিবর্ধন করেছেন সালমান নিজে। আবারও প্রমাণ হয়েছে, সালমান যে ছবি শতভাগ আন্তরিকতা দিয়ে করেন, সে ছবির সাফল্য সুনিশ্চিত। যদিও ভাই প্রযোজক, বিনা পারিশ্রমিকে কাজ করেননি খান সাহেব। নিয়েছেন ১৫ কোটি রুপি। তবে পারিশ্রমিকের বিপরীতে পরিশ্রমও করেছেন দ্বিগুণ। ফলও এসেছে হাতেনাতে। ২০ বছরের বেশি সময় চলচ্চিত্রে কাজ করার পরও এখনো বলিউডে চলছে সালমান-জ্বর। সত্যিকারের সুপারস্টার তো একেই বলে! রুম্মান রশীদ খানতথ্যসূত্র: ওয়েবসাইট