রেখা ও সুরে ৭১ মিনিট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালা মিলনায়তনের মঞ্চে অর্ধবৃত্তাকারে সাজিয়ে রাখা চারটি ইজেল। তাতে রাখা সাদা কাগজ, সামনে রং, তুলি, চারকোল, পেনসিলসহ আঁকার সরঞ্জাম। মঞ্চের সামনে বাঁশি, দোতারা, ডুগি-তবলাসহ দেশি বাদ্যযন্ত্র নিয়ে প্রস্তুত বাদনশিল্পীরা। সন্ধ্যা সাড়ে পাঁচটায় তুলি-কলম নিয়ে ইজেলের সামনে দাঁড়ালেন শিল্পী কালিদাস কর্মকার। সুরের মূর্ছনা ছড়িয়ে দিলেন বাদকেরা। সচল হলো শিল্পীর হাত। দ্রুত রেখার টানে সাদা কাগজে ফুটে উঠল অনিন্দ্যসুন্দর এক তরুণীর মুখচ্ছবি।
গতকাল শনিবার দেশীয় বাদ্যযন্ত্রের সঙ্গে চিত্রাঙ্কনের এ আয়োজনটির উপলক্ষ ছিল শিল্পী কালিদাস কর্মকারের ৭১তম জন্মদিনে পদার্পণ। ‘পাললিক রেখা’ নামে শিল্পকলা একাডেমীর আয়োজনে কালিদাস কর্মকার বাদ্যযন্ত্রানুষঙ্গে ৭১ মিনিটে ৭১টি রেখাচিত্র অঙ্কন করেন।
অনুষ্ঠানের শুরুতে ছিল সংক্ষিপ্ত আলোচনা পর্ব। একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলীর সভাপতিত্বে আলোচনায় বিশেষ অতিথি ছিলেন শিল্পী সমরজিৎ রায়চৌধুরী, লেখক হাসনাত আবদুল হাই। আলোচনা করেন ফরাসি রাষ্ট্রদূত সোফি ওবের, সাবেক রাষ্ট্রদূত ফারুক সোবহান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন নিসার হোসেন, দৈনিক ইত্তেফাক-এর ভারপ্রাপ্ত সম্পাদক তাসমিমা হোসেন প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য দেন একাডেমীর চারুকলা বিভাগের পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন। একাডেমীর মহাপরিচালক শিল্পীকে উত্তরীয় পরিয়ে দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানান।
‘সাকিব আল হাসান: আপন চোখে ভিন্ন চোখে’
ক্রিকেটার সাকিব আল হাসানের নায়ক হয়ে ওঠার জানা-অজানা নানা তথ্য উঠে এল বইয়ের পাতায়। সেই অর্থে এই প্রথম কোনো ক্রিকেটারকে নিয়ে প্রকাশিত হলো গ্রন্থ। ‘সাকিব আল হাসান: আপন চোখে, ভিন্ন চোখে’ বইটি লিখেছেন ক্রীড়া সাংবাদিক দেবব্রত মুখোপাধ্যায়।
গতকাল সকালে সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগারের সেমিনার কক্ষে বইটির প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন সাকিবের মা শিরিন আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রথম বিশ্বকাপ অধিনায়ক ও টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল। এ ছাড়া বইটি নিয়ে কথা বলেন লেখক দেবব্রত মুখ্যোপাধ্যায় ও ঐতিহ্য প্রকাশনীর প্রধান নির্বাহী আরিফুর রহমান।
শিরিন আখতার বলেন, ‘আমার ছেলে যেন সব সময় সুস্থ দেহে থাকে দেশবাসীর কাছে সেই দোয়া কামনা করছি।’
উত্তরায়ণের ‘গল্প গানে রবীন্দ্রনাথ’
নিয়মিত আয়োজনের অংশ হিসেবে বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদের উদ্যোগে শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত হলো ‘গল্প গানে রবীন্দ্রনাথ’ অনুষ্ঠান। শনিবার সন্ধ্যার এই আয়োজনটি ছিল দর্শনীর বিনিময়ে সংগঠনটির ৩৫তম আয়োজন।
২০টি রবীন্দ্রসংগীত দিয়ে সাজানো এ আয়োজনে গান শোনান সংগীত সংগঠন উত্তরায়ণের শিল্পীরা। অনুষ্ঠানে সমবেত ও একক গানের পরিবেশনার ফাঁকে ফাঁকে রবিঠাকুরের জীবন থেকে নানা গল্প শোনানো হয়। গীতি-আলেখ্যটির পরিকল্পনা ও পরিচালনা করেছেন রবীন্দ্রসংগীত শিল্পী লিলি ইসলাম। এই আয়োজনে শিল্পীরা শুরুতে সমবেতভাবে পরিবেশন করেন ‘আনন্দধ্বনি জাগাও’, গানটি। সমবেত কণ্ঠে ‘আজ খেলা ভাঙার খেলা’ গানটি দিয়ে শেষ হয় আয়োজন। এর আগে অনুষ্ঠানের শুরুতে বক্তব্য দেন বিশ্বজিৎ রায় ও মাহমুদ সেলিম। অনুষ্ঠানটি আয়োজনে সহযোগিতা করেছে প্রথম আলো।
বীরেন সোমের প্রদর্শনীর সময় বাড়ল
ধানমন্ডির ৩০ নম্বরে গ্যালারি শিল্পাঙ্গনে শিল্পী বীরেন সোমের পানাম নগরকে নিয়ে ‘স্মৃতির অভিসার’ শীর্ষক প্রদর্শনীর সময় বাড়ানো হয়েছে। ১৬ জানুয়ারি পর্যন্ত চলবে এ প্রদর্শনী। প্রতিদিন ১২টা থেকে ৮টা পর্যন্ত খোলা থাকবে প্রদর্শনী।