ধানমন্ডির ঢাকা আর্ট সেন্টারে আনুষ্ঠানিক যাত্রা শুরুর আগেই সেখানে আয়োজন করা হয়েছিল কর্মশালার। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চারুকলায় পড়েন এমন ৬০ জন তরুণ শিল্পী অংশ নেন এই কর্মশালায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ, ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ, শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি এবং নারায়ণগঞ্জ আর্ট স্কুলের এই শিক্ষার্থীশিল্পীরা সরাসরি মডেল অনুশীলনের মাধ্যমে আঁকেন বেশ কিছু রেখাচিত্র। তার মধ্যে ২৩ জনের বাছাইকৃত ৩৪টি রেখাচিত্র নিয়ে আয়োজন করা হয়েছে প্রদর্শনীর।গতকাল মঙ্গলবার বিকেলে ঢাকা আর্ট সেন্টারের গ্যালারিতে এই প্রদর্শনীর উদ্বোধন করেন শিল্পী শাহাবুদ্দিন আহমদ। অতিথি ছিলেন পররাষ্ট্রসচিব মিজারুল কায়েস, চারুকলা অনুষদের ডিন ই এইচ এম মাতলুব আলী, সেন্টারের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান রামেন্দু মজুমদার, মানজারে হাসীন মুরাদ, শিল্পী নিসার হোসেন, মনিরুজ্জামান, মঈনুদ্দিন খালেদ প্রমুখ।‘তরুণ শিল্পীদের ড্রইং প্রদর্শনী’ শিরোনামে এই প্রদর্শনীর ছবিগুলো রয়েছে দুটি গ্যালারির দেয়ালজুড়ে। প্রতিটি ছবিই রেখায় রেখায় কথা বলেছে। রেখাই হয়ে উঠেছে ভাব প্রকাশের ভাষা। ফুটে উঠেছে মানুষের মুখের, শরীরের অবয়ব। ফুটে উঠেছে শারীরিক কাঠামো। মানুষই হয়ে উঠেছে বেশির ভাগ ছবির বিষয়বস্তু। চিত্রকর্ম বলতেই অনেকের মনে খটকা বাধে বিমূর্ত ধারার ছবি ভেবে। কিন্তু এই তরুণ শিল্পীদের ছবিতে বিমূর্ততা হয়তো আছে, কিন্তু স্পষ্টতই বোঝা যাবে শিল্পী তাঁর পেন্সিল আর কালিতে কী বোঝাতে চেয়েছেন। সহজ-সরল ছবি ঠিক অসাধারণ রূপে ফুটে উঠেছে। অনুশীলনধর্মী কাজ হলেও তরুণ মনের নিরীক্ষণ-প্রবণতা আর দুঃসাহসিকতায় প্রতিটি ছবিই হয়ে উঠেছে স্বতন্ত্র এবং যথেষ্ট পরিমাণে ভিন্ন।ঢাকা আর্ট সেন্টার তরুণদের সুযোগ করে দিতে শুরু থেকেই প্রতিশ্রুতিবদ্ধ ছিল। সেই মতেই শিক্ষার্থীশিল্পীদের চিত্রকর্ম নিয়ে প্রথম প্রদর্শনীর এই আয়োজন। এটা যেমন সেন্টারের তরুণদের নিয়ে কর্মশালাভিত্তিক প্রথম চিত্রপ্রদর্শনী, তেমনি শিল্পীদের অনেকেরও জীবনের প্রথম কোনো প্রদর্শনী।প্রদর্শনী সবার জন্য ১৫ জুলাই পর্যন্ত বিকেল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে। যে কেউ এখান থেকে ছবিও কিনে নিতে পারবেন। দাম পড়বে ছয় হাজার থেকে ২০ হাজার টাকা। বাঁশির সুরে আপ্লুত শ্রোতানিঃসঙ্গ এক নাবিক সেই কোনো এককালে হাতে তুলে নিয়েছিলেন বাঁশের বাঁশি। তা-ই তাঁর আজীবনের সঙ্গী হয়ে ওঠে। সমুদ্রের ঢেউ তাঁকে দিয়েছে ছন্দ, নিঃসঙ্গতা। সুর আর জাহাজের গতি দিয়েছে লয়। কানের কাছে সব সময় বেজেছে পান্নালাল ঘোষের বাঁশির ক্যাসেট। এ মিলেই ক্যাপ্টেন আজিজুল হকের শিল্পীজীবন। গতকাল শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে অনুষ্ঠিত হয় তাঁর একক বাঁশিসন্ধ্যা। বাংলাদেশ শিল্পকলা একাডেমী ও সংগীতবিষয়ক পত্রিকা মাসিক সরগম আয়োজিত অনুষ্ঠানের মূল পর্ব বাঁশি বাদনের আগে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন, বিমান ও পর্যটনসচিব শফিক আলম মেহেদী, মাহমুদ সেলিম প্রমুখ। অনুষ্ঠানটি উপস্থাপনা করে নিরু শামসুন্নাহার।বাদনের শুরুতে আজিজুল ইসলাম পরিবেশন করেন ঝুমরা ও ত্রিতালে বর্ষার রাগ মিঞা কি মল্লার। অনেকটা সময় ধ্যানমগ্ন হয়ে জোর ও ঝালা বাজিয়ে ঝাপতাল, একতাল ও ত্রিতালে গৎ বাজিয়ে শেষ করেন এ পরিবেশনা। প্রায় এক ঘণ্টা বাজান এটি। এরপর মেঘ রাগে নিজের একটি কম্পোজিশন বাজিয়ে শোনান। আলাপ, ত্রিতাল ও গৎ বাজিয়ে কিছুটা দ্রুতই শেষ করেন এ পরিবেশনা। মিশ্র পিলুতে ধূন বাজিয়ে শেষ করেন শিল্পী। শিল্পীকে তানপুরায় মোহন সিনহা, মোহাম্মদ জাহাঙ্গীর ও তবলায় সৈয়দ মেহের সহযোগিতা করেন।