
রেখাগুলোর চাওয়া, মানুষ ওদের দিকে একটু চেয়ে থাকুক। রেখাদের রঙিন অবয়বে শিল্পী লেপে দিয়েছেন গল্পের প্রলেপ। অর্থাৎ ক্যানভাসের ওপরে অ্যাক্রেলিক দিয়ে গল্প এঁকেছেন শিল্পী শামীম সুব্রানা। গল্পগুলো জীবনের। পুত্রহারা একজন মায়ের হাতে সেসব গল্প ছবি হয়ে গেছে।
গতকাল শনিবার ছিল শিল্পী শামীম সুব্রানার প্রয়াত ছেলের জন্মদিন। দিনটির স্মরণে আট বছর ধরে আঁকা ছবি নিয়ে শুরু হয়েছে শিল্পীর প্রথম একক চিত্র প্রদর্শনী। প্রদর্শনীর উদ্বোধন উপলক্ষে সন্ধ্যায় ধানমন্ডির গ্যালারি টোয়েন্টি ওয়ানে সম্মিলিত হয়েছিলেন এক ঝাঁক চিত্রশিল্পী ও শিল্পের সমঝদারেরা। মিশ্র মাধ্যম ও অ্যাক্রেলিকে আঁকা ৪১টি ছবি নিয়ে কথা বলেন অতিথিরা। সেসব ছবিতে রেখা, রং, রেখার অবয়ব ও আকারের যে সখ্য, সেটা দর্শকের ভাবনাকে আন্দোলিত করবে। ছবিতেই কথা বলবে কোলাহল, শূন্যতা, বেজে উঠতে দেখা যাবে প্রতিবাদ।
শিল্পী জানালেন, সহজে কিছু শেষ করা হয়ে ওঠে না তাঁর। তবে প্রথম একক প্রদর্শনী ‘হোয়াট আই টক অ্যাবাউট, হোয়েন আই টক অ্যাবাউট লাইফ’-এর জন্য ছবিগুলো শেষ করতে হয়েছে তাঁকে।
প্রদর্শনীর উদ্বোধনে অতিথি ছিলেন শিল্পী হাশেম খান, রফিকুন নবী, আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল এবং দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। মোমবাতি জ্বালিয়ে প্রদর্শনীর শুভ সূচনা করে একসঙ্গে ছবি দেখেন তাঁরা। শুরুতে আলোচনায় হাশেম খান বলেন, ‘চিত্রকলার কোনো ব্যাখ্যা হয় না। ছবি যদি এক মিনিট দর্শককে দাঁড় করিয়ে রাখতে পারে, সেটাই ছবির সার্থকতা।’ রফিকুন নবী শিল্পীকে শুভ কামনা জানিয়ে বলেন, ‘অনেক দিন পর শিল্পকলার ময়দানে সক্রিয় সুব্রানার এই পথচলা যেন অব্যাহত থাকে।’ সুলতানা কামাল বলেন, ‘সুব্রানার ভেতরের তাড়নাগুলো ছবিতে ফুটে উঠেছে। সন্তানের জন্মদিনে মায়ের এর থেকে বড় উপহার আর কিছু হতে পারে না।’ তাজউদ্দীনের স্মৃতিবিজড়িত বাড়িটি নিয়ে স্মৃতিচারণ ও শ্রদ্ধা নিবেদন করে মতিউর রহমান বলেন, ‘তাজউদ্দীন আহমদ, খান সারওয়ার মুরশিদেরা ছিলেন বলেই আজকের এই বাংলাদেশ।’
প্রদর্শনী থেকে বিক্রি হওয়া ছবিগুলো থেকে প্রাপ্ত অর্থ দিয়ে শিশু ও যুব উন্নয়নী সংস্থা ‘শাবাব মুরশিদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন’-এর মাধ্যমে শিশুদের শিক্ষাবৃত্তি দেওয়া হবে। ৩১ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনীটি ঘুরে আসা যাবে।