শিল্পী রেজাউন নবীর জন্ম ঢাকায়। রাজধানীর জনারণ্যে বেড়ে উঠলেও তাঁর ছবি নগরের কোলাহল থেকে মুক্ত। গতকাল শুক্রবার ধানমন্ডির বেঙ্গল গ্যালারিতে শুরু হওয়া তাঁর একক শিল্পকর্ম প্রদর্শনীর দিকে তাকালে বিষয়টি সহজেই অনুভূত হয়।গতকাল সন্ধ্যায় ১২ দিনব্যাপী ‘নিসর্গে অবগাহন’ শিরোনামের প্রদর্শনীর উদ্বোধন করেন বরেণ্য শিল্পী কাইয়ুম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সাহিত্যিক বুলবন ওসমান ও শিল্পী রফিকুন নবী। স্বাগত বক্তব্য দেন গ্যালারির পরিচালক সুবীর চৌধুরী।নিসর্গে অবগাহন শিল্পীর ষষ্ঠ একক প্রদর্শনী, যেখানে সম্প্রতি আঁকা ৬৭টি ছবি স্থান পেয়েছে। শিল্পী তিন মাধ্যমে কাজ করেছেন। এর মধ্যে আছে ক্যানভাস ও কাগজে অ্যাক্রিলিকে আঁকা চিত্র, আছে জলরং মাধ্যমের চিত্র এবং ছোট আকারের কাগজে বিচিত্রভাবে রঞ্জিত কাপড় সেঁটে তার ওপরে অ্যাক্রিলিকে আঁকা মিশ্র মাধ্যমের ছবি। বেশির ভাগ ছবিতে শিল্পী প্রকৃতি অন্বেষণ করেছেন। একাধিক ছবিতে রয়েছে সমুদ্রের সীমাহীন জলের বিস্তার; রয়েছে মাছরাঙা, নদীবিধৌত সুন্দরবন, চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীর বর্তমান রূপ। বিচিত্র রং ব্যবহার করেছেন তিনি। কখনো কালোর মধ্যেই খুঁজেছেন সুন্দরের আত্মাকে। কালোর পরই তাঁর চিত্রে সবুজ, হলুদ, বেগুনি, নীলসহ প্রভৃতি রং তার নিজস্ব মাত্রা পেয়েছে। প্রদর্শনী ১৩ জুলাই প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে।কায়ায় প্রকৃতির সঙ্গে সম্পর্কযুক্তরাজধানীতে গ্যালারির সংখ্যা এখন দিন দিন বাড়ছে। অধিকাংশই বেশ কাছাকাছি। তাই শিল্পরসিক আর শিল্পীদের ভিড়ও থাকে এ এলাকায়। কিন্তু তাই বলে একটু দূরের গ্যালারি কায়ায় ভিড় জমে না, তা নয়। ছয় বছর ধরে উত্তরার ৪ নম্বর সেক্টরের ১৬ নম্বর রোডের ২০ নম্বর বাড়িতে গ্যালারি কায়া নিয়মিত প্রদর্শনীর আয়োজন করে আসছে। এ পর্যন্ত নবীন ও প্রবীণ শিল্পীদের একক ও দলীয় ৪৩টি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে সেখানে। গত ২৮ মে শুরু হয়েছে গ্যালারি কায়ার সপ্তম বছরে পথচলা।গতকাল শুক্রবার বিকেলে কায়ার সপ্তম বছরের প্রথম চিত্র প্রদর্শনী শিল্পী সমীরণ চৌধুরীর ‘কানেকটিং উইথ নেচার’-এর উদ্বোধন হলো। উদ্বোধনী অনুষ্ঠানে ছিল বিপুল দর্শক, শিল্প-সমালোচক, শিল্পী ও শিল্পরসিকদের সমাগম। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের পরিচালক আনিস এ খান এর উদ্বোধন করেন। অতিথি ছিলেন শিল্পী মনিরুল ইসলাম, অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান খন্দকার বজলুল হক ও শিল্প-সমালোচক শামসুল ওয়ারেস। অনুষ্ঠানটি পরিচালনা করেন গ্যালারি কায়ার পরিচালক গৌতম চক্রবর্তী।আলোচনা শেষ হলো আর ঢং ঢং করে ঘণ্টা বাজালেন অতিথিরা। এই ঘণ্টা বাজানোর মধ্য দিয়েই ভিন্ন আঙ্গিকে হলো উদ্বোধন। প্রদর্শনীতে মোট ৬০টি ছবি রয়েছে। ছবিগুলো আঁকা হয়েছে অ্যাক্রিলিক, কাঠকয়লা ও মিশ্র মাধ্যমে। সমীরণ চৌধুরীর এটি ১৪তম একক চিত্র প্রদর্শনী। চলবে ১৬ জুলাই পর্যন্ত।লুমিক্স ক্লিক টু ফেম আফজাল নাজিমলুমিক্স ক্লিক টু ফেম প্রতিযোগিতায় প্রথম পুরস্কার অর্জন করেছেন আফজাল নাজিম। প্রথম রানারআপ হয়েছেন ফরহাদ ও দ্বিতীয় রানারআপ তানিম। গতকাল ঢাকার একটি অভিজাত হোটেলে চূড়ান্ত পর্বের এই ফল প্রকাশ করা হয়।চলতি বছরের মার্চ মাসে ক্যামেরা ব্র্যান্ড লুমিক্স এ প্রতিযোগিতার আয়োজন করে। এতে ছয় হাজার প্রতিযোগী অংশ নেন। সেখান থেকে সেরা ১০ নির্বাচিত করা হয়। তাঁদের নিয়ে ধারাবাহিক কিছু প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিচারক ও দর্শকদের রায়ে সেরা ১০ থেকে এই তিন আলোকচিত্রীকে নির্বাচিত করা হয়। এসিআইয়ের নির্বাহী পরিচালক সাঈদ আলমগীর, এসিআই কনজ্যুমার ইলেকট্রনিকসের বিজনেস ডিরেক্টর আশরাফ বিন তাজ ও ম্যাকমের প্রধান নির্বাহী কর্মকর্তা রাবেত খান বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে এভারেস্ট-জয়ী মুসা ইব্রাহীমের হাতে তুলে দেওয়া হয় ক্রেস্ট ও লুমিক্সের একটি ক্যামেরা।নিয়ামুল বারীর একক প্রদর্শনীগতকাল যুক্তরাষ্ট্রপ্রবাসী শিল্পী নিয়ামুল বারীর ‘জার্নি অব দি নো’ শীর্ষক চিত্র প্রদর্শনী শুরু হয়েছে ধানমন্ডির ঢাকা আর্ট সেন্টার গ্যালারিতে।১২ দিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করেন মনিরুল ইসলাম ও স্থপতি শামসুল ওয়ারেস। সভাপতিত্ব করেন শিল্প-সমালোচক মঈনুদ্দিন খালেদ। শিল্পী চট্টগ্রাম, ঢাকা ও শান্তিনিকেতনে চিত্রকলা, মৃৎশিল্প ও ভাস্কর্য বিষয়ে শিক্ষা গ্রহণ করে যুক্তরাষ্ট্রে নিয়মিত শিল্পচর্চা করছেন।