রেডিও জকি শাহরুখ খান
প্রথমবারের মতো রেডিও জকি হিসেবে দায়িত্ব পালন করলেন বলিউডের অভিনেতা শাহরুখ খান। সম্প্রতি বিবিসি এশিয়ায় ‘দ্য শাহরুখ খান শো’ নামের একটি অনুষ্ঠান সঞ্চালনা করেছেন তিনি। দুই ঘণ্টার বিশেষ এ অনুষ্ঠানটি সঞ্চালনার সুযোগ পেয়ে দারুণ খুশি ‘বলিউডের বাদশাহ’খ্যাত ৪৬ বছর বয়সী এ তারকা।এ প্রসঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্রের বরাতে মিড-ডে জানিয়েছে, ‘পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন শাহরুখ। অনুষ্ঠানে ভক্তদের সঙ্গে সরাসরি কথা বলার পাশাপাশি তাঁর অভিনীত বিভিন্ন ছবির জনপ্রিয় কয়েকটি গানও বাজিয়ে শুনিয়েছেন শাহরুখ। রেডিও জকি হিসেবে কাজ করে তিনি খুবই মজা পেয়েছেন। কারণ এ ধরনের কাজ এর আগে কখনোই তিনি করেননি।’সূত্রটি আরও জানিয়েছে, ‘যশ চোপড়ার নতুন ছবির শুটিংয়ের কাজে এখন লন্ডনে অবস্থান করছেন শাহরুখ। সেখানেই ‘দ্য শাহরুখ খান শো’র মাধ্যমে রেডিও জকি হিসেবে আত্মপ্রকাশ করেছেন তিনি। তাঁর অভিনীত বিভিন্ন ছবি থেকে জনপ্রিয় গানগুলো চালানোর জন্য তিনি রেডিও চ্যানেলটিকে অনুরোধ করেন। ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’, ‘কাল হো না হো’, ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘ডর’, ‘কাভি আলবিদা না কেহ না’, ‘ম্যায় হু না’ এবং ‘ওম শান্তি ওম’ ছবির জনপ্রিয় কয়েকটি গান প্রচার করা হয়েছে এ অনুষ্ঠানে।’