রেডিও সার্কেলের যাত্রা শুরু
ইন্টারনেট ব্যবহারকারীদের বিনোদনে নতুন মাত্রা যোগ করতে অনলাইন রেডিও হিসেবে আত্মপ্রকাশ করেছে রেডিও সার্কেল বিডি ডটকম। ২৪ ঘণ্টার নানা আয়োজন নিয়ে গতকাল মঙ্গলবার রাজধানীর একটি স্থানীয় হোটেলে নতুন রেডিও শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ওবায়দুল কাদের। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব আবদুর রব হাওলাদার, তথ্য কমিশনার সাদেকা হালিম প্রমুখ। এ ছাড়া রেডিও সার্কেল বিডি ডটকমের হেড অব অপারেশন্স এবং পরিচালক রাতুল আশেকীন এবং প্রধান নির্বাহী কর্মকর্তা অনুষ্ঠান নীরব। শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন পরিচালক রাতুল আশেকীন। বক্তব্যের পাশাপাশি রেডিও সার্কেল বিডি ডটকমের ওপর একটি প্রামাণ্যচিত্র উপস্থাপন করা হয়। এরপর বক্তব্য দেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব এবং তথ্য কমিশনার। সব শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি ওবায়দুল কাদের রেডিও সার্কেল বিডি ডটকমকে স্বাধীন ও নিরপেক্ষভাবে তাদের অনুষ্ঠানমালা প্রচার করার জন্য অনুরোধ করেন। তিনি বলেন, বর্তমান সময়টা হচ্ছে প্রযুক্তির যুগ। এটা খুবই সময়োপযোগী উদ্যোগ। বক্তব্যের শেষে রেডিও সার্কেল বিডি ডটকমের শুভ উদ্ভোবন ঘোষণা করেন তিনি।নতুন এই রেডিও সম্পর্কে পরিচালক রাতুল আশেকীন বলেন, ‘আমাদের রেডিওগুলোর অনুষ্ঠান কার্যক্রম শুধু দেশের মানুষের মাঝেই সীমাবদ্ধ। প্রবাসীরা চাইলে এসব অনুষ্ঠান শুনতে পারেন না। মূলত তাঁদের কথা চিন্তা করেই রেডিও সার্কেল বিডি ডটকমের যাত্রা। দর্শকদের কথা চিন্তা করেই একেবারে প্রথম থেকেই ২৪ ঘণ্টার অনুষ্ঠান সম্প্রচারের উদ্যোগ নিয়েছি। দেশের শ্রোতাদের পাশাপাশি আমাদের মূল টার্গেট হচ্ছে প্রবাসীরা। আমি মনে করি, এতে করে তাঁরা দেশীয় সংস্কৃতিতে ঘটমান নানা বিষয় সম্পর্কে অনেক কিছুই জানতে পারবেন।’রেডিও সার্কেল বিডি ডটকমের প্রধান নির্বাহী (অনুষ্ঠান) নীরব বলেন, ‘আমাদের রেডিওটি অনলাইন হলেও এর অনুষ্ঠান কোনো অংশে এফএম রেডিওগুলোর চেয়ে কম মানসম্পন্ন হবে না। অনুষ্ঠানের ক্ষেত্রে শ্রোতাদের কথা চিন্তা করেই সবচেয়ে ভালো অনুষ্ঠানটি প্রচারের চেষ্টা করব।’ ২৪ ঘণ্টার নতুন এই রেডিওটির ওয়েবসাইট হচ্ছে www.radiocirclebd.com.