রেডিওঅ্যাক্টিভ সক্রিয় হচ্ছে অ্যালবামে
সালটা ১৯৯৯। আন্ডারগ্রাউন্ড ব্যান্ড হিসেবে যাত্রা শুরু। মাঝেমধ্যে এখানে-সেখানে পারফর্ম করলেও নিয়মিত করা হয়ে ওঠেনি তাদের। এভাবে চলতে চলতেই আসে ২০০৭ সাল। চ্যানেল আইতে শুরু হয় ব্যান্ড হান্ট প্রোগ্রাম ‘ডি রকস্টার’। প্রতিযোগিতায় রানারআপ ব্যান্ড ‘রেডিওঅ্যাক্টিভ’-এর শুরুর গল্পটাই বলছি,‘ডি রকস্টারের প্রতি আমাদের কৃতজ্ঞতার শেষ নেই। আজকের রেডিওঅ্যাক্টিভকে মানুষ চেনে আসলে সেখান থেকেই,’ বলছিলেন ব্যান্ডের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য এবং বেজিস্ট তাপস। ‘শুরুর সময়টায় আন্ডারগ্রাউন্ড ব্যান্ড হিসেবেও তরুণ প্রজন্মের কাছে আমাদের জনপ্রিয়তা ছিল। কিন্তু ডি রকস্টারের পর আমাদের গ্রহণযোগ্যতা এবং জনপ্রিয়তা চলে যায় সর্বস্তরের মানুষের কাছে। আমরা আগে গান করতাম নিজেদের জন্য। এখন গান করি সর্বসাধারণের জন্য,’ জানান তিনি। বাংলাদেশের ব্যান্ড মিউজিক জগতে নিজেদের সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে হাজির করে রেডিওঅ্যাক্টিভ। ডি রকস্টার প্রতিযোগিতায় তাদের পারফর্ম করা মৌলিক গান ‘স্বপ্নকথা’র জনপ্রিয়তাই বলে দেয় এ কথা। এখন পর্যন্ত ব্যান্ডের সলো অ্যালবাম বের না হলেও চারটি মিক্সড অ্যালবামে তবুও জ্যোৎস্না, অতৃপ্তি, কালোমেঘ, স্বদেশ নামক হার্ডরক ঘরানার গানগুলো ব্যাপক দর্শক জনপ্রিয়তা পায়। ‘আমরা প্রথম অ্যালবাম বের করার জন্য কিছুটা সময় নিচ্ছি, যাতে শ্রোতারা রেডিওঅ্যাক্টিভকে সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে এবং আরও পরিণতভাবে পায়। অ্যালবামের কাজ অনেকটাই এগিয়ে গেছে। আশা করি, আসছে রোজার ঈদেই শ্রোতাদের আমরা তা উপহার দিতে পারব,’ জানালেন ব্যান্ডের ড্রামার এবং একই সঙ্গে ব্যান্ডের মূল কম্পোজার আবির। ২০০৭ সাল থেকে ২০১২ সাল। ডি রকস্টারের তুমুল জনপ্রিয়তার পর মাঝে কেটে গেছে পাঁচটি বছর। এই দীর্ঘ সময়ে রেডিওঅ্যাক্টিভের যে জায়গায় পৌঁছানোর কথা, তারা কি সেখান থেকে পেছনে পড়ে আছে? প্রশ্ন করি ব্যন্ডের সদস্যদের, তাঁরাও একমত। ‘আসলে আমরা শুরু থেকেই কমবেশী নানা রকম প্রতিকূলতার মধ্য দিয়ে পথ চলেছি। এখনো চলছি। আমরা আমাদের নিজেদের সংগীতচর্চার পথটা বেছে নিতে পেরেছি বলে অন্যের ওপর আমাদের নির্ভরতা এখন আর নেই।’রেডিওঅ্যাক্টিভের জনপ্রিয়তার প্রমাণ যেকোনো স্টেজ শোতে গেলেই বোঝা যায়, এমনটিই মনে করেন তাঁরা। এ ছাড়া খুব স্বল্প সময়ের মধ্যে মূল ভোকালসহ ব্যান্ডের লাইনআপে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনও তাঁদের কাজের গতি কিছুটা হলেও শ্লথ করে দিয়েছে বলে মনে করেন ব্যান্ডের গিটারিস্ট জিতু। রেডিওঅ্যাক্টিভের নতুন ভোকাল হিসেবে যোগ দিয়েছেন ওয়াসিম। বাংলাদেশে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের শিক্ষার্থী এই ভোকাল বলেন, ‘ছোটবেলা থেকেই ক্লাসিক্যাল শিখে এসেছি। আর ব্যান্ড মিউজিকের শুরু থেকেই রেডিওঅ্যাক্টিভের গানের অন্ধ ভক্ত ছিলাম। সে কারণেই এই ব্যান্ডের ওল্ডস্কুল ক্ল্যাসিক্যাল হার্ডরক ঘরানার মিউজিকের সঙ্গে খুব দ্রুতই মানিয়ে নিতে পেরেছি।’ ব্যান্ডের আরেক প্রতিষ্ঠাতা সদস্য ও গিটারিস্ট শাকিল উপস্থিত না থাকতে পারলেও শুভেচ্ছা জানিয়েছেন শ্রোতাদের।রেডিওঅ্যাক্টিভের করা এখন পর্যন্ত সেরা স্টেজ পারফরম্যান্সের প্রসঙ্গ উঠতেই সবাই একযোগে বলে উঠলেন ‘এ ট্রিবিউট টু মাইকেল জ্যাকসন’-এর কথা। মাইকেল জ্যাকসনে মৃত্যুর কিছু দিনের মধ্যেই ঢাকার রূপসী বাংলা (শেরাটন) হোটেলের উইন্টার গার্ডেনে আয়োজিত হয় এই কনসার্ট। জ্যাকসনের প্রতি শ্রদ্ধা জানাতে তাঁর ক্যারিয়ারের জনপ্রিয় ১৭টি গান সেদিন পরিবেশন করে রেডিওঅ্যাক্টিভ। গানস অ্যান্ড রোজেস, স্করপিয়ন্স, বন জোভিদের আদর্শে দীক্ষিত এই ব্যান্ডের সদস্যরা স্বপ্ন দেখেন ‘রেডিওঅ্যাক্টিভ’ এক দিন দেশের সীমানা ছাডিয়ে সারা বিশ্বে ছড়িতে দেবে বাংলাদেশের নাম।