রেডিওতে কাউন্সেলিং শো
মনের যেকোনো জটিলতায় মনোপরামর্শ দেবে ‘তুমি বলো আমরা শুনছি’। আর এই অনুষ্ঠানটি প্রচারিত হবে রেডিও স্বাধীন ৯২.৪ এফএম-এ, প্রতি সোমবার রাত ১১টায়। এখানে পরামর্শ দেবেন মেহতাব খানম, সারা যাকের ও শাহনূর হোসেন। এ উপলক্ষে গতকাল রোববার দুপুরে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
রেডিও স্বাধীনের ব্যবস্থাপনা পরিচালক ও অনুষ্ঠানটির অন্যতম পরামর্শক সারা যাকের বলেন, ‘আমি এই বিষয়টি নিয়ে দীর্ঘ ১৫ বছর যাবৎ কাজ করছি। দিন যত যাচ্ছে, মানুষের মনোজগতের জটিলতাগুলো আরও বাড়ছে। লোকলজ্জার ভয়ে অনেকেই বিষয়গুলো কাছের মানুষদের বলতে পারে না। এই অনুষ্ঠানে আমরা তাদের সেই কথাগুলো শুনব। তাদের বিভিন্ন পরামর্শ দেওয়ার চেষ্টা করব।’
এখানে জানানো হয়, অনুষ্ঠান চলাকালীন ০৯৬৬৬৯২৪৯২৪ নম্বরে ফোন করে যে কেউ সরাসরি নিজেদের সমস্যা বলতে পারবেন। প্রয়োজনে আগে ফোন করে সমস্যাগুলো জানিয়েও রাখতে পারবেন। পাশাপাশি [email protected] ও [email protected]—এই ই-মেইল করেও সমস্যার কথা জানিয়ে রাখা যাবে।