রেডিওতে হবে ছবির কথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রীত রেজা
প্রীত রেজা

এখন থেকে ছবি নিয়ে কথা হবে রেডিওতে। তাতে আলোকচিত্রের নানা কৌশল ও টিপস শেখাবেন আলোকচিত্রী প্রীত রেজা। এবিসি রেডিও এফএম ৮৯.২-এর নতুন আয়োজন ‘ফটো টক উইথ প্রীত রেজা’ অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন তিনি।
অনুষ্ঠানটি নিয়ে প্রীত জানান তাঁর পরিকল্পনার কথা। বলেন, ‘টেলিভিশনেও ফটোগ্রাফি নিয়ে একটি অনুষ্ঠান করছি। কিন্তু টিভি অনুষ্ঠান যেভাবে মানুষের কাছে পৌঁছায়, রেডিওর অনুষ্ঠান পৌঁছায় একটু ভিন্ন উপায়ে। দেশের প্রত্যন্ত অঞ্চলে এখনো স্যাটেলাইট চ্যানেল সেভাবে দেখা যায় না। অথচ ফটোগ্রাফিতে আগ্রহী তরুণেরা সামাজিক যোগাযোগ ও এফএম রেডিওর মাধ্যমে সংযুক্ত থাকছেন। প্রত্যন্ত অঞ্চল ও শহুরে তরুণদের কথা ভেবে তাই এই অনুষ্ঠানের পরিকল্পনা। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে ছবি নিয়ে রেডিওতে কথা বলব।’
গত সোমবার এবিসির সঙ্গে চুক্তি সই করেন প্রীত। সে সময় উপস্থিত ছিলেন রেডিওর হেড অব প্রোগ্রাম এহসানুল হক, সহকারী নির্বাহী প্রযোজক এবং আরজে শারমিন। এহসানুল হক বলেন, ‘আমরা এবিসির শ্রোতাদের সব সময় ভিন্ন কিছু উপহার দেওয়ার চেষ্টা করি। সেই প্রয়াস থেকেই এই আয়োজন।’
‘ফটো টক উইথ প্রীত রেজা’ অনুষ্ঠানের কো-আরজে থাকবেন অনুষ্ঠানটির প্রযোজক কায়নাত। আগামী সপ্তাহ থেকে প্রতি শনিবার বিকেল চারটায় এফএম ৮৯.২-এ অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে।