রেডিওতে হাবিবের ‘আহ্বান’
‘শোনো’ ও ‘বলছি তোমায়’ অ্যালবামের পর গত ২৯ এপ্রিল মুঠোফোনে প্রকাশিত হয় হাবিবের তৃতীয় একক অ্যালবাম ‘আহ্বান’। হাবিবভক্তরা এত দিন ‘আহ্বান’ অ্যালবামের গানগুলো বাংলালিংকের মিউজিক স্টেশনে ৫৮৫৮ নম্বরে ডায়াল করে শুনছিলেন। কিন্তু গতকাল মঙ্গলবারের রাতটি হাবিবভক্তদের জন্য ছিল একেবারেই আলাদা। কাল রাতে রেডিও টুডের ‘রাতভর গান’ অনুষ্ঠানে মুক্তি পায় হাবিবের ‘আহ্বান’ অ্যালবামটি। কথাবন্ধু সাকিবের সঙ্গে দুই ঘণ্টার সরাসরি আড্ডার এই অনুষ্ঠান চলাকালে ভক্তরা হাবিবকে খুদে বার্তা এবং ফোনের মাধ্যমে শুভেচ্ছা জানান ও অ্যালবামটির জন্য শুভ কামনা করেন।মুঠোফোনের পর রেডিওতে অ্যালবাম প্রকাশ প্রসঙ্গে হাবিব বলেন, ‘মুঠোফোনে প্রকাশের পর একধরনের অতৃপ্তি ছিল। তবে অ্যালবাম প্রকাশের ধারণাটি ভালো লেগেছে। রেডিওতে প্রকাশের দিনটিতে অ্যালবামটি সম্পর্কে শ্রোতা ও ভক্তদের চাহিদার ব্যাপারটা টের পেলাম। খুবই ভালো লেগেছে ভক্তদের সঙ্গে আড্ডা দেওয়ার পাশাপাশি নতুন অ্যালবামটির গানগুলো তাঁদের কাছে পৌঁছে দিতে পেরে। বলতে পারেন, আহ্বান অ্যালবামের মধ্য দিয়ে নতুন একটি ধারণার সঙ্গে যুক্ত হচ্ছি সবাই।’‘আহ্বান’ অ্যালবামে গান রয়েছে নয়টি। হাবিবের সুর ও সংগীতে গানগুলোর কথা লিখেছেন ফেরদৌস ওয়াহিদ, সাকি আহমেদ, ইলিয়াস মোল্লা, মাহবুব মহসিন ও সুস্মিতা বিশ্বাস। রয়েছে তিনটি দ্বৈত গান। দুটি গানে হাবিবের সঙ্গে একটিতে কণ্ঠ দিয়েছেন ন্যান্সি, অন্যটিতে কণা। হাবিবের বাবা ফেরদৌস ওয়াহিদের গাওয়া একটি গানও রয়েছে অ্যালবামে।মুঠোফোন ও রেডিওর পর আগামী ১ জুন থেকে অ্যালবামটি পাওয়া যাবে অডিও সিডি আকারে। আর অডিও সিডিটি বাজারজাত করবে ডেডলাইন মিউজিক।হাবিবের তৃতীয় একক অ্যালবাম ‘আহ্বান’ প্রকাশিত হয়েছে বাংলালিংকের সৌজন্যে।