রেডিওতে হাবিবের ‘আহ্বান’
হাবিবের তৃতীয় একক অ্যালবাম আহ্বান-এর গানগুলো এই কদিন শ্রোতারা শুনতে পেয়েছেন বাংলালিংকের মিউজিক স্টেশন ৫৮৫৮ নম্বরে ডায়াল করে। গত মঙ্গলবার রাতে প্রথমবারের মতো অ্যালবামের সব কটি গান শোনা গেল রেডিও টুডের ‘রাতভর গান’ অনুষ্ঠানে। অ্যালবামটির আয়োজক মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকের ভাষ্য অনুযায়ী, এটি আহ্বান অ্যালবামের রেডিও মুক্তি। রেডিও টুডের কথাবন্ধু সাকিবের সঙ্গে দুই ঘণ্টার সরাসরি আড্ডার এ অনুষ্ঠানে ভক্তরা হাবিবকে খুদে বার্তা এবং ফোনের মাধ্যমে শুভেচ্ছা জানান।হাবিব বলেন, ‘অ্যালবামটি মুঠোফোনে প্রকাশের পর মনের মধ্যে এক ধরনের অতৃপ্তি ছিল। তবে মুঠোফোনে অ্যালবাম প্রকাশের ভাবনাটি কিন্তু দারুণ হয়েছে। এবার রেডিওতে প্রকাশের মধ্য দিয়ে অ্যালবামটির ব্যাপারে সবার চাহিদার ব্যাপারটা টের পেলাম। সবার সঙ্গে আড্ডা দেওয়ার পাশাপাশি নতুন গানগুলো সবাইকে শোনাতে পেরে ভালো লাগছে।’আহ্বান অ্যালবামে গান রয়েছে নয়টি। এসব গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন হাবিব। গানগুলোর কথা লিখেছেন ফেরদৌস ওয়াহিদ, সাকি আহমেদ, ইলিয়াস মোল্লা, মাহবুব মহসিন ও সুস্মিতা বিশ্বাস। রয়েছে তিনটি দ্বৈত কণ্ঠের গান। দুটি গানে হাবিবের সঙ্গে কণ্ঠ দিয়েছেন ন্যান্সি, তৃতীয়টিতে কণা। হাবিবের বাবা ফেরদৌস ওয়াহিদের গাওয়া গান রয়েছে অ্যালবামে। আরও জানা গেছে, মুঠোফোন এবং রেডিওর পর ১ জুন থেকে অ্যালবামটি পাওয়া যাবে অডিও সিডি আকারে। অডিও সিডিটি বাজারজাত করবে ডেডলাইন মিউজিক।