রেপাটরি চর্চার আরেক ধাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে রেপাটরি চর্চার প্রথম ট্রুপ বাঙলা থিয়েটার এবার মঞ্চে আনল দ্য ডিসট্যান্ট নিয়ার। আমাদের মঞ্চে মার্চেন্ট অব ভেনিস, বার্থ ফ্যান্টাসি, এ ম্যান ফর অল সিজনস, ক্রুসিবল কিংবা শাইলক অ্যান্ড সিকোফ্যান্টস—এমন ইংরেজি টাইটেলে নাটক মঞ্চস্থ হলেও এর প্রতিটিরই মঞ্চের সংলাপ-ভাষা ছিল নিরেট বাংলা। কিন্তু দ্য ডিসট্যান্ট নিয়ার কেবল টাইটেলেই নয়, এর সংলাপ-ভাষ্যও মঞ্চে এসেছে ইংরেজিতে। নাট্যকার শহীদুল মামুন, নির্দেশক-ডিজাইনার ফয়েজ জহির এবং একক অভিনেতা মামুনুর রশীদের যৌথ প্রচেষ্টার সৃজন এই নাটক। যদিও এর প্রথম প্রদর্শনী হবে যুক্তরাজ্যের এডিনবার্গ ফ্রিঞ্জে, যাকে বলা হয়েছে ইন্টারন্যাশনাল প্রিমিয়ার। কিন্তু ‘স্টেজ ওয়ার্মিং শো’-এর সুবাদে নাটকটি দেখার সুযোগ হয়ে গেছে বেশ কয়েকজন নাট্যজনের।শেক্সপিয়ার ও রবীন্দ্রনাথ—বিশ্বনাট্যের দুই মহাপুরুষের আগমন ঘটে মঞ্চে। কয়েক শ বছর আগের নাট্যগুরুর সঙ্গে দেখা হয় বিংশ শতাব্দীর আরেক পরিণত নাট্যকারের। এই নাটকের নাট্যকার এই দুই কিংবদন্তির বিভিন্ন নাটকের চরিত্রের পরিচয় ঘটিয়েছেন নাটকে। শেক্সপিয়ার ও রবীন্দ্রনাথ—দুজনের নাটকেরই প্রধান চরিত্র হয়ে আছে ‘রাজা’। কিন্তু এই রাজায় রাজায় অনেক পার্থক্য। রবীন্দ্রনাথ কখনো ‘রাজা’ দেখেননি। তিনি তাঁর ‘রাজা’কে নিজের মতো করে মানবিকতার শীর্ষে নিয়ে গেছেন, ‘আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে’। অন্যদিকে শেক্সপিয়ার রাজার রাজত্ব দেখেছেন নিজ চোখে। তাদের দম্ভ, ক্ষমতা—সবই তিনি ফুটিয়ে তুলেছেন মঞ্চে। কিন্তু শেক্সপিয়ারের মনভূমিতেও ছিল কোনো না কোনো মানবিক রাজার অবস্থান। তাই তাঁর নাটকে আমরা প্রত্যক্ষ করি, ক্ষমতা থেকে পতনের পর রাজার মানবিক ‘রাজা’ হয়ে ওঠা। রবীন্দ্রনাথ ও শেক্সপিয়ারের কথোপকথনে বাংলার নাট্যকার জানিয়ে দিয়েছেন, প্রাচ্য কখনোই পিছিয়ে ছিল না, বরং পশ্চিমই অনেক কিছু নিয়েছে এই প্রাচ্য থেকে। উদাহরণ হিসেবে আমরা পাই চার হাজার বছর আগের মহাভারত প্রসঙ্গ। এই নাটকের নাট্যকার দেখাতে চেয়েছেন, আমরা রবীন্দ্রনাথকে যতই রোমান্টিক বলি না কেন, তাঁর শরীরজুড়ে ছিল রাজনীতি। সেই রাজনৈতিক কারণে তিনি নাইট উপাধি প্রত্যাখ্যান করেছেন, সেই রাজনৈতিক কারণেই তিনি আজীবন এক মানবিক ‘রাজা’ নির্মাণ করে গেছেন—যেখানে প্রায় সর্বাংশে একাত্মতা খুঁজে পাওয়া যায় শেক্সপিয়ারের। বিশ্বসাহিত্যে রবীন্দ্রনাথ যেন শেক্সপিয়ারের এক যোগ্য উত্তরসূরি।টেক্সট নিঃসন্দেহে দুরূহ, কিন্তু ফয়েজ জহির চেষ্টা করেছেন সেটাকে কমিউনিকেটেবল করার জন্য। লাইট, সেট—সবই নাটকে দর্শকের মন বসায়। কিন্তু অভিনেতার প্রপস ব্যবহারে কিছুটা দ্বিধা ও সময়ক্ষেপণ লক্ষ করা গেছে। সে ক্ষেত্রে দ্রুত ব্যবহারযোগ্য প্রপস তৈরি করা যেতে পারে। মামুনুর রশীদ আমাদের এক প্রধান অভিনেতা, তাঁর কাছে কোনো কিছুই দুঃসাধ্য হওয়ার কথা নয়। কিন্তু এমন একটি নাটক মঞ্চে আনার জন্য প্রস্তুতিটা যথেষ্ট হয়নি বলে মনে হয়। নেপথ্যে শেক্সপিয়ারের রেকর্ড করা বাচিক অভিনয় যতটা শক্তিশালী, মঞ্চের রবীন্দ্রনাথ বা অন্যান্য চরিত্রে সেই শক্তির কিছুটা ঘাটতি লক্ষ করি। তবে প্রিমিয়ার শোর আগে যদি কিছু মহড়ার ব্যবস্থা করা যায়, তাহলে এই ঘাটতি পুষিয়ে নেওয়া সম্ভব হবে। নাটকের আবহসংগীতে আছেন অমিত মল্লিক, প্রপস ডিজাইনে মসিহউল্লাহ আজাদ, নেপথ্য গানের কণ্ঠে আছেন ঋতুপন্না চক্রবর্তী, ফারজানা শাওন ও অমিত মল্লিক। বাঙলা থিয়েটার আমাদের নাগরিক নাট্যচর্চার এক প্রথম বাঁক এবং রেপাটরি থিয়েটারচর্চার প্রণেতা। এবার প্রথমবারের মতো ইংরেজি ভাষায় নাটক মঞ্চায়ন এবং কোনো অভিনেতার প্রথম একক অভিনয়েরও স্বাক্ষর হয়ে থাকল বাঙলা থিয়েটার। এডিনবার্গ ফ্রিঞ্জ নাট্যোৎসবের দর্শকের মন ভরিয়ে দেশে ফিরুক এই নাটক। তারপর দেশে নিয়মিত মঞ্চায়নের মাধ্যমে মন ভরিয়ে দিক দেশের দর্শকের—এই প্রত্যাশা রইল।