সম্প্রতি থিয়েটারওয়ালা রেপার্টরির প্রথম প্রযোজনা হিসেবে মঞ্চে এল শাইলক অ্যান্ড সিকোফ্যান্ট। হাসান শাহরিয়ারের লেখা নাটকটির নির্দেশনায় আজাদ আবুল কালাম। আজকের সাক্ষাত্কার হাসান শাহরিয়ারের।শফিক আল মামুনঢাকার মঞ্চে রেপার্টরি থিয়েটারের প্রযোজনা হিসেবে শাইলক অ্যান্ড সিকোফ্যান্ট একেবারেই নতুন। নাটকটির লেখক ও রেপার্টরির প্রধান হিসেবে নাটকটি কেমন হলো মনে হয়?নাটক ভালো হয়েছে। চারটি প্রদর্শনী হয়ে গেছে। উদ্বোধনী প্রদর্শনীটি তেমন ভালো না হলেও পরের তিনটি প্রদর্শনী চমত্কার হয়েছে। আমার বিশ্বাস, আরও কিছু প্রদর্শনী হয়ে গেলে নাটকটি দর্শকদের খুবই পছন্দের জায়গায় চলে যাবে।সেদিক থেকে দর্শকের প্রতিক্রিয়া কী?দর্শকের প্রতিক্রিয়াও ভালো। আধুনিক গল্প নিয়ে নাটকটি। পাণ্ডুলিপি, সেট, আলো—সবই দর্শকের পছন্দ হয়েছে। মোটকথা দর্শকেরা নাটকটির ডিজাইনকে খুবই পছন্দ করেছে। তারা মনে করছে, রেপার্টরির প্রযোজনা হিসেবে যেভাবে নাটকটিকে মঞ্চে আনা হয়েছে, তাতে সহজেই নাটকটি নিয়ে এগোনো সম্ভব হবে। অনেক দর্শকই বলেছেন, নাটকটির গল্পের সঙ্গে এ যুগের মানুষের ভাবনা মিলে যায়। বিশ্ববাজারে পুঁজির দৌরাত্ম্য নিয়ে মানুষ এক ধরনের অস্থির সময় পার করছে। সেই সময়টি নিয়ে মানুষের মধ্যে যে বোধের সৃষ্টি হচ্ছে, তা-ই নাটকে উঠে এসেছে। ফলে দর্শকের সঙ্গে নাটকটি দ্রুত যোগাযোগ করতে পারে। এ জন্য কোনো কোনো দর্শক বলেছে, নাটকটির আরও বেশি বেশি প্রদর্শনী হওয়া উচিত।এ ব্যাপারে আপনার ভাবনা কী?রেপার্টরির উদ্দেশ্য ঘন ঘন প্রদর্শনী করা। আমি মনে করি, নাটকটির সীমিত শিল্পী, নাটকটির আধুনিক ডিজাইনসহ সবকিছু নিয়েই একাধিক স্থানে সহজেই ঘন ঘন প্রদর্শনী করা সম্ভব। সেদিক থেকে আশা করছি, খুব কম সময়ের মধ্যেই ৫০টি প্রদর্শনী করব। পরে দর্শকদের আগ্রহ থাকলে, সেই আগ্রহের কারণে নাটকটির শিল্পীদের মধ্যে আগ্রহ সৃষ্টি হলে এবং কলাকুশলীরা সময় দিলে ৫০টি প্রদর্শনীর পর আরও কিছুদিন নাটকটির প্রদর্শনী করব। রেপার্টরি নিয়ে কতটুকু আশাবাদী আপনি?রেপার্টরির বিষয়টিতে আর্থিক ব্যাপার কাজ করে। এর জন্য পৃষ্ঠপোষকতারও দরকার হয়। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হয়। প্রদর্শনীর টিকিট থেকে প্রদর্শনী খরচ উঠে আসে, কিন্তু প্রযোজনা খরচ পোষাতে হলে যেকোনো আর্থিক প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে। ইদানীং গ্রুপ থিয়েটারচর্চায় বিভিন্ন নাট্য উত্সবে বেসরকারি একাধিক প্রতিষ্ঠানই আর্থিকভাবে কিছুটা হলেও সাহায্য করছে। আগে তো এটাও ছিল না। ওরা এখন অভ্যস্ত হচ্ছে। ভবিষ্যতে রেপার্টরির জন্যও সাড়া মিলবে বলে আমার বিশ্বাস। আমি রেপার্টরি নিয়ে আশাবাদী। ঢাকার অন্য দলগুলোর রেপার্টরি নিয়ে ভাবনা কী?বিভিন্ন নাট্যদলের কর্মীরা রেপার্টরি নিয়ে এখন ভাবছেন। আমার মনে হয়, বর্তমান সময়ে বিভিন্ন দলের বেশ কিছু মানুষ আছেন, তাঁরা সহজেই রেপার্টরির ব্যয় বহন করে দল গড়তে পারেন। তবে সেটা অবশ্যই গ্রুপ থিয়েটারচর্চার পাশাপাশি করতে হবে। ইতিমধ্যে সেই আগ্রহ নাটকের মানুষের অনেকের মধ্যেই সৃষ্টি হয়েছে। নাটকের পত্রিকা থিয়েটারওয়ালার খবর কী?এবার থিয়েটারওয়ালার ১১ বছর পূর্তি সংখ্যা বেরোবে। বিশেষ সংখ্যা হিসেবে বেরোবে সংখ্যাটি। সংখ্যাটি বের করার কাজও এগিয়ে চলেছে। আমরা আরও আগেই সংখ্যাটি বের করতে পারতাম। কিন্তু থিয়েটারওয়ালা রেপার্টরির প্রথম প্রযোজনা মঞ্চে আনার লক্ষ্যে বেশ কিছুদিন পত্রিকাটিতে সময় দিতে পারিনি। আশা করছি, চলতি মাসের মাঝামাঝি সময়ে ১১ বছর পূর্তি সংখ্যা বের হবে।