রেবেকা সুলতানার ‘প্রথম মনের মুকুল’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি সংগীতশিল্পী রেবেকা সুলতানার ‘প্রথম মনের মুকুল’ নামে নজরুল সংগীতের একটি একক অ্যালবাম প্রকাশিত হয়েছে। অডিও অ্যালবামটি সিডি আকারে প্রকাশ করেছে ইমপ্রেস অডিও ভিশন।এ প্রসঙ্গে রেবেকা সুলতানা জানিয়েছেন, ‘এটি আমার চতুর্থ নজরুল সংগীতের অ্যালবাম। সর্বশেষ ‘তব মুখ খানি’ অ্যালবামটি প্রকাশিত হয়েছিল বছর চারেক আগে। আমার স্বামীর চাকরির সুবাদে প্রায় ৩০ বছর বিশ্বের বিভিন্ন দেশে থাকতে হয়েছে। ২০০১ সালে লিবিয়া থেকে দেশে ফিরি। সেই থেকে দেশেই আছি। গুণগত মান নিশ্চিত করতে অনেক সময় নিয়ে অ্যালবামের কাজ করার চেষ্টা করি আমি।’ ধ্রুপদি ও উচ্চাঙ্গ সংগীতের পাশাপাশি ঠুমরি, গজল, কীর্তন, আধুনিক বাংলা গান এবং দেশাত্মবোধক গানে কণ্ঠ দিয়েছেন প্রখ্যাত সংগীতশিল্পী রেবেকা সুলতানা।ইমপ্রেস অডিও ভিশন সূত্রে জানা গেছে, ‘প্রথম মনের মুকুল’ অ্যালবামটির সংগীত আয়োজন করেছেন দূর্বাদল চট্টোপাধ্যায়। অ্যালবামের গানগুলোর মধ্যে রয়েছে: দোলনচাঁপা বনে দোলে, এই রাঙামাটির পথে লো, কে তুমি দূরের সাথি, চৈতি চাঁদের আলো, বঁধু তোমার আমার এই যে বিরহ, শিউলি তলায় ভোর বেলায়, মোর প্রথম মনের মুকুল, নিশি নিঝুম ঘুম নাহি আসে, বাজে মৃদঙ্গ এবং যাও তুমি ফিরে। ‘প্রথম মনের মুকুল’ অ্যালবামের গানগুলো রেকর্ড করা হয়েছে কলকাতায়। ৬ এপ্রিল শনিবার থেকে অ্যালবামটি দেশের অডিও বাজারে পাওয়া যাচ্ছে।