রেস্টুরেন্ট ২১-এ তিন সাবা
বেনু একেবারে সাধারণ পরিবারের মেয়ে। দিন কাটে অনেক কষ্ট করে। কখনো কখনো খাবারের অনিশ্চয়তায় ভোগে। ঝরা আবার উচ্চবিত্ত পরিবারের মেয়ে। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। যার সঙ্গে মা-বাবার এক সপ্তাহের মধ্যেও দেখা সাক্ষাৎ হয় না। বেহিসেবি চলন-বলন তার। সর্বশেষ নাদিয়া বস্তিতে জন্ম গ্রহণ করা এবং বোবা। আধুনিক সমাজের সঙ্গে যার কোনো পরিচয় নেই। রেস্টুরেন্টে কাজ করে জীবিকা নির্বাহ করে। অনেক চড়াই-উত্রাইয়ের মধ্য দিয়ে তাকে দিনাতিপাত করতে হয়। রেস্টুরেন্ট ২১ নামের একটি নাটকে এ তিনটি চরিত্রে অভিনয় করছেন সোহানা সাবা। নাটকটির শুটিং এরই মধ্যে শুরু হয়ে গেছে। মুরাদ পারভেজ পরিচালিত এ নাটকটি সম্পর্কে অভিনেত্রী সাবা বলেন, ‘এটা যেমন অনেকটা কষ্টসাধ্য তেমনি রয়েছে অভিনয় দেখানোর সুযোগ। তবে পরিচালকের সহযোগিতার কারণে কষ্ট কিছুটা হলেও দূর হয়েছে। নাদিয়া নামের বোবা চরিত্রটি ফুটিয়ে তোলার জন্য আমি এরই মধ্যে বধির স্কুলের সঙ্গে যোগাযোগ করেছি। তারাও আমাকে সহযোগিতার কথা বলেছে। আসলে প্রতিটি চরিত্র নিয়েই প্রতিনিয়ত আমাকে ভাবতে হচ্ছে।’ সাবা আরও বলেন, ‘আমাকে হয়তো তিনটি নাটকে এ তিন চরিত্রে কাজ করতে অনেকটা সহজ হতো। কিন্তু সেখানে দেখা যাচ্ছে, একটি নাটকে তিনটি চরিত্রে অভিনয় করতে হচ্ছে। এটা হয়তো বাড়তি একটা চাপ। তবে আমি খুব ভালোভাবে চরিত্র তিনটি ফুটিয়ে তোলার চেষ্টা করব।’ অন্যদিকে পরিচালক মুরাদ পারভেজ বলেন, ‘আমার কাছে মনে হয়েছে, এ চরিত্র তিনটি সাবা ভালোভাবেই ফুটিয়ে তুলতে পারবে। তাই এ চরিত্রটির জন্য তাকেই কাস্টিং করেছি। আশা করি সাবা সেটা অভিনয়ের মধ্য প্রমাণ করবে।’