রেস্তোরাঁয় স্থাপনাশিল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুদিনের চেনা রেস্তোরাঁটিতে কৌতূহলী মানুষের ভিড়। উৎসুক আগতদের নানা রকমের প্রশ্ন, কী হচ্ছে এখানে? আশপাশের বাসিন্দা বা কর্মসূত্রে যাঁরা প্রতিদিন এখানে আসছেন, তাঁরা বেশির ভাগই খেটে খাওয়া সাধারণ মানুষ। সুকুমার শিল্পকলার অত্যাধুনিক ধারার সঙ্গে বলতে কোনো পরিচয়ই তাঁদের নেই। কাজেই রেস্তোরাঁর ভেতর ‘কারওয়ান বাজার: জীবন, শিল্প, প্রক্রিয়া’ নামের যে স্থাপনাশিল্পের প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল, তা ছিল তাঁদের কাছে অভিনব বিষয়। কাজেই জিনিসটি আসলে কী, তা জানতে যথেষ্ট কৌতূহল ছিল তাঁদের।শিল্পী তৌফিকুর রহমান রাজধানীর কারওয়ান বাজারের নবান্ন রেস্তোরাঁর ভেতরে গতকাল শুক্রবার আয়োজন করেছিলেন এক দিনের স্থাপনাশিল্পকর্মের প্রদর্শনী। এতে তিনি কারওয়ান বাজারের পরিবেশ এবং স্থানীয় নানাবিধ উপকরণ ব্যবহার করেছেন। স্থাপনার বিষয় চারটি। ‘কালো হাতে সোনা’ নামের কাজে বিভিন্ন পণ্যের উৎপাদন থেকে বাজারজাতকরণের অর্থনৈতিক প্রক্রিয়া তুলে ধরা হয়। ‘হিমায়িত মাছের মাথা’ নামের কাজটিতে নশ্বর পণ্যের উৎপাদন থেকে ভোগ পর্যন্ত সংরক্ষণের সংগ্রাম এবং এর জন্য নিয়োজিত সম্পদ ও প্রযুক্তিকে উপস্থাপন করা হয়। ‘সংরক্ষিত টেবিল’-এ সাধারণের জন্য উন্মুক্ত স্থানে একখণ্ড ব্যক্তিগত জায়গা চিহ্নিত করে রাখার মধ্য দিয়ে ভূমিদখলের বিষয়টি তুলে ধরা হয়েছে। ‘কালির মাঝে আলোর খেলা’য় উপস্থাপন করা হয়েছে গণমাধ্যম এবং হঠাৎ প্রকাশিত তথ্যের চমকের দিকটি, যা খুব নিপুণতার সঙ্গে নিয়ন্ত্রিত হয়ে সাধারণ মানুষের কাছে পৌঁছে যায়।প্রদর্শনীটি বিকেল পাঁচটা থেকে শুরু হয়ে রাত নয়টা পর্যন্ত চলে।