জান্নাতুল পিয়া। তাঁর শুরু হয়েছিল র্যাম্প থেকে। এরপর কাজ করছেন টিভি আর চলচ্চিত্রে। পাশাপাশি উপস্থাপনাও করছেন।

স্ট্রেট বল
মানুষের যে গুণ বেশি আলোড়িত করে।
যেকোনো কথা সহজ আর সুন্দরভাবে বলার গুণ। মানুষের সারল্য আমাকে বেশি আলোড়িত করে।
যে খাবার এখনো মুখে লেগে আছে।
বছর খানেক আগে একটি অনুষ্ঠানে অংশ নিতে চীনে গিয়েছিলাম। সেখানে একটা খাবার খেয়েছিলাম। এই মুহূর্তে অবশ্য নাম মনে করতে পারছি না। মনে হচ্ছে, খাবারটা মুখে লেগে আছে।
কাছের মানুষদের যে উপহার দিতে বেশি ভালো লাগে।
বই। উপহার দিতে আর পেতে বেশি ভালো লাগে।
আইন বিষয়ে পড়াশোনা শেষ হলে অর্জিত বিদ্যা যেখানে কাজে লাগবে।
আমি সরাসরি কথা বলতে পছন্দ করি। এ ব্যাপারে আমার যথেষ্ট আত্মবিশ্বাস আছে। আইনের শিক্ষা আর আমার এই গুণ একই সঙ্গে মানুষের সেবায় কাজে লাগাব।
গুগলি
প্রিয় পোশাক, যেটা অধিকাংশ মানুষ অপছন্দ করেছে।
স্কার্ট, পাশ্চাত্যের খুবই আধুনিক পোশাক, স্লিভলেস জামা, যার কারণে অনেকেরই বাঁকা চোখে পরতে হয়েছে।
এখনো মনে আছে এমন এক ক্রাশ, যার উচ্চতা আমার চেয়ে কম ছিল।
আমি তখন ক্লাস নাইনে পড়ি, থাকি খুলনায়। তখন মিমো নামের এক ছেলের প্রেমে পড়েছিলাম। মজার ব্যাপার হচ্ছে, আমি তার চেয়ে লম্বা হয়ে গেলেও সে আর লম্বা হয়নি। অবশ্য তা নিয়ে আমার মন খারাপ হয়নি।
যখন কেউ বলে, ‘ও মা, তুমি তো আরও শুকিয়ে গেছো’...
ভাত আমার খুব পছন্দের খাবার। কেউ যখন বলে আমি আরও শুকিয়ে গেছি, তখন আমি ভাত খাওয়া বাড়িয়ে দিই।
অভিনয় করতে গিয়ে সবই ভালো লাগে, শুধু...
রোমান্টিক দৃশ্যে অভিনয় করতে ভয় পাই। আমার কেন জানি মনে হয়, বাস্তবজীবনে আমি খুব একটা রোমান্টিক নই।
বাউন্সার
অভিনেত্রী হিসেবে দশে দুই নম্বর পেলে যা বলব...
নিজেকে খুবই সৌভাগ্যবান মনে করব। আমি কিন্তু নিজেকে দুইও দেব না। কারণ, নিজের অভিনয় দেখলে শুধু আমার ভুলগুলোই চোখে পড়ে।
র্যাম্পে যেভাবে হাঁটি, সিনেমা বা নাটকে সেভাবে হাঁটলে যেমন হবে...
তাহলে আমাকে র্যাম্পের মডেলই বলবে, কেউ আর অভিনয়শিল্পী বলবে না।
অতি রোমান্টিক দৃশ্যেও আমাকে মারমুখী লাগে, কারণ...
ওই যে বলেছি, বাস্তবজীবনে আমি রোমান্টিক নই।
ঢালিউডি সিনেমার নায়িকা হতে গেলে যতটুকু নাচ শেখা প্রয়োজন বলে মনে করি...
কমপক্ষে দশে নয় জানা উচিত, আমি জানি দশে দুই।
ফুল টস
হাই হিল পরে র্যাম্পে হাঁটার সময় যা মনে হয়...
আমি বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় আর চমৎকার মেয়ে।
বাংলাদেশের যে পরিবর্তনটা সবচেয়ে জরুরি।
মানুষের মন আর মানসিকতা আরও উন্মুক্ত হওয়া প্রয়োজন।
‘পিয়া’ শব্দটি আছে এমন যে গানটি বেশি পছন্দ।
ফাল্গুনী পাঠকের ‘ও পিয়া ও পিয়া লেকে ডোলিয়া’ গানটি।
যে তিনটি সিনেমা দেখে রাগ লেগেছিল, খুব হেসেছিলাম আর কেঁদেছিলাম।
কয়েক দিন আগে আলিয়া ভাটের শানদার ছবিটি দেখে খুব রাগ হয়। মনে হয়েছে, গ্যাংস্টার রিটার্নস ছবির চেয়েও শানদার-এর গল্প খারাপ। অনন্ত জলিলের নিঃস্বার্থ ভালোবাসা দেখে খুব হেসেছিলাম আর কেয়ামত থেকে কেয়ামত ছবিটি দেখে খুব কেঁদেছিলাম।
পাওয়ার প্লে
ছেলেরা আমার প্রেমে পড়লে যেমন লাগে...
লজ্জা পাই।
যার কথায় ‘না’ বলা কঠিন...
প্রিয় মানুষদের কথায় না বলা কঠিন।
যে ভালো কাজটি আমি নিয়মিত করি...
সবার সঙ্গেই হাসিমুখে সুন্দর করে কথা বলি।
শরীর ফিট রাখার জন্য প্রিয় খাবার বর্জন করার সূত্র...
আমি কোনো খাবার বর্জন করি না। তারপরও যখন বর্জন করতে হয়, সে খাবার দেখেও না-দেখার চেষ্টার করি।