রোকাইয়া হাসিনার সংগীতসন্ধ্যা আজ
শিল্পী রোকাইয়া হাসিনার একক সংগীতসন্ধ্যা আজ। ভারতীয় হাইকমিশনের ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের আয়োজনে সন্ধ্যা ছয়টা ৩০ মিনিটে এটি অনুষ্ঠিত হবে। সবার জন্য উন্মুক্ত সংগীতসন্ধ্যায় শিল্পী রবীন্দ্রনাথের ও পুরোনো দিনের গান পরিবেশন করবেন।রোকাইয়া হাসিনা বাংলাদেশ বেতার ও টেলিভিশনের প্রথম শ্রেণীর একজন রবীন্দ্রসংগীতশিল্পী। অবশ্য তিনি রজনীকান্ত, অতুলপ্রসাদ, দ্বিজেন্দ্রলাল রায়সহ পুরোনো দিনের বিভিন্ন শিল্পীর গানও গেয়ে থাকেন। গানে তাঁর প্রধান অনুপ্রেরণা বাবা শহীদ বুদ্ধিজীবী রাশীদুল হাসান। তিনি তালিম নিয়েছেন আবদুল আহাদ, সন্জীদা খাতুন, ওয়াহিদুল হক, জাহিদুল করিম, অজিত রায় প্রমুখ সংগীত গুণীদের কাছে। রোকাইয়া হাসিনা শ্রেষ্ঠ রবীন্দ্রসংগীতশিল্পী হিসেবে ২০০৮ সালে সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড পান। তিনি আমেরিকার নিউইয়র্ক, নিউজার্সিসহ দেশ-বিদেশের বিভিন্ন শহরে সংগীত পরিবেশন করেছেন।