রোজিনার নায়ক ওমর সানি!

দুই প্রজন্মের জনপ্রিয় দুই চলচ্চিত্র তারকা রোজিনা ও ওমর সানি। দুজনই উপহার দিয়েছেন জনপ্রিয় ও ব্যবসাসফল অনেক ছবি। সেসব ছবির অনেক গানই পেয়েছে দারুণ শ্রোতাপ্রিয়তা। সত্তর ও আশির দশকে পর্দা কাঁপিয়েছেন রোজিনা। সেসময়ে মুক্তি পাওয়া রোজিনা অভিনীত ছবির অনেক গান এখনো শ্রোতাদের হৃদয় ছুঁয়ে আছে। সেসব গান থেকে কয়েকটি গানের রিমেক হচ্ছে। এরই মধ্যে দুটি গানের শুটিং সম্পন্ন হয়েছে। গান দুটির ভিডিওতে রোজিনার সঙ্গে দেখা যাবে ওমর সানিকে।
এ প্রসঙ্গে ওমর সানি বলেন, ‘প্রায় দুই যুগ আগে ফখরুল ইসলাম বৈরাগী পরিচালিত ‘‘অগ্নিপথ’’ ছবিতে তাঁর সঙ্গে কাজ করেছিলাম। এত দিন পরে আবার তাঁর সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি সত্যিই অনেক আনন্দিত। খুব ভালো লেগেছে।’
সম্প্রতি রোজিনা অভিনীত ‘মানসী’ ছবির ‘এই মন তোমাকে দিলাম’ ও ‘রাজা সাহেব’ ছবির ‘ঢাকো যত না নয়নও দুহাতে’ গান দুটির রিমেকের শুটিং সম্পন্ন হয়েছে। গান দুটিতে রোজিনার সঙ্গে অভিনয় করেছেন ওমর সানি। এবারের ঈদে গানগুলোর ভিডিও ছোট পর্দায় দেখার সুযোগ পাবেন দর্শকেরা।