রোজিনার বাসায় তারার মেলা

আগামী চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন সামনে রেখে এবং নতুন বছর উপলক্ষে চলচ্চিত্রশিল্পীদের নিয়ে এক প্রীতিসম্মিলন হয়ে গেল। গত বৃহস্পতিবার রাতে চিত্রনায়িকা রোজিনার উত্তরার বাসায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অংশ নেন চলচ্চিত্রের নতুন ও পুরোনো একাধিক নায়ক-নায়িকা শিল্পী-কলাকুশলীরা।
আড্ডা প্রসঙ্গে রোজিনা বলেন, ‘অনেক দিন পরে দেশে এসেছি আমি। সবার সঙ্গে দেখা হয় না। তাই নতুন বছরে সবাইকে আমন্ত্রণ জানিয়েছিলাম। সবাই আমার ডাকে সাড়া দিয়ে এসেছিলেন। আমারও ভালো লাগছে। তা ছাড়া সামনে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। এটাও একটা উপলক্ষ।’
সন্ধ্যা থেকে একে একে আসতে থাকেন সবাই। একটা সময় পুরো অনুষ্ঠানটিই এক মিলন মেলায় পরিণত হয়।
রোজিনা বলেন, ‘অনুষ্ঠানটি অনেক মজার হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত সব তারকা তাঁদের অভিনীত ছবি থেকে একটি করে গান খালি গলায় গেয়ে শুনিয়েছেন।’
অভিনেতা-অভিনেত্রীদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফারুক, আনোয়ারা, দিলারা, আহমেদ শরীফ, রোজিনা, অঞ্জনা, ইলিয়াস কাঞ্চন, আরমান, মিশা সওদাগর, বাপ্পারাজ, রিয়াজ, আমিন খান, জায়েদ খান, পূর্ণিমা, পপি, শাবনাজ, মুক্তি, কেয়া, সম্রাট, ইমন, বাপ্পী চৌধুরী, সাইমন, নৃত্য পরিচালক আজিজ রেজাসহ অনেকই।
অনুষ্ঠানটির সঞ্চালক ছিলেন নৃত্য পরিচালক মাসুম বাবুল।