রোজী সিদ্দিকী ৫ প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি ঢাকা থিয়েটারের ব্যানারে মঞ্চে এসেছে একক নাটক পঞ্চনারী আখ্যান। হারুন রশীদের লেখা নাটকটির নির্দেশনা দিয়েছেন শহীদুজ্জামান সেলিম। এখানে একক অভিনয় করেছেন রোজী সিদ্দিকী। আজকের পাঁচ প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। প্রথম একক নাটকে অভিনয়। অনুভূতি কেমন?ঢাকায় নাটকটির প্রথম প্রদর্শনী হয়েছে গত ৩০ নভেম্বর এবং দ্বিতীয় প্রদর্শনী হলো গতকাল। নাটকটির প্রথম প্রদর্শনীর মুহূর্তে আমার মনে হয়েছে, আমি যেন পৃথিবীতে আরেকবার জন্ম নিলাম! এটি থিয়েটারজীবনে আমার শ্রেষ্ঠ পাওয়া। প্রদর্শনীর আগে অনেক টেনশন কাজ করেছে। অন্যদিকে, এটি ঢাকা থিয়েটারের প্রযোজনা। এ জন্যও কাজটি নিয়ে নিজের মধ্যে ভয়ভীতিটা বেশি কাজ করেছে। এমনকি গতকালের প্রদর্শনীকে ঘিরেও ভেতরে ভেতরে বেশ উত্তেজনা ছিল।নাটকটি নিয়ে মঞ্চে ওঠার আগে নিজের প্রস্তুতি কেমন ছিল?নাটকটি নিয়ে প্রথম কাজ করি যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়াতে। ওখানে বঙ্গ মেলাতে প্রথম প্রদর্শনী হয়। ওই সময় ১৫ থেকে ২০ দিন প্রস্তুতি নিয়ে মঞ্চে উঠেছিলাম। পরে নাটকটি ঢাকা থিয়েটারের নিয়মিত প্রযোজনা হিসেবে ঢাকায় মঞ্চস্থ করার সিদ্ধান্ত হয়। এ জন্য প্রস্তুতিটা একটু বেশি করে নিতে হয়েছে। এক মাসেরও বেশি সময় ধরে নিয়মিত কাজ করেছি।কীভাবে একক নাটকে অভিনয়ের সুযোগ হলো?চার-পাঁচ বছর আগে আমি আর শহীদুজ্জামান সেলিম স্কটল্যান্ডের গ্লাসগো উৎসবে ব্যক্তিগতভাবে একটা নাটক করেছিলাম। তো, এ বছর যুক্তরাষ্ট্রের বঙ্গ মেলাতে আমার আর সেলিমের আরেকটি নাটক করার প্রস্তাব আসে। সেলিম অসুস্থ থাকা সত্ত্বেও আমরা দুজন মিলে বাসার ছাদে মহড়া করে প্রস্তুতি নিই। পরে শিমূল আপা (শিমূল ইউসুফ) আর বাচ্চু ভাই (নাসির উদ্দীন ইউসুফ) চূড়ান্ত মহড়া দেখে খুবই উৎসাহ দেন। এভাবে একক নাটকে কাজ করার সুযোগ হয়ে যায়।এখন থেকে কি নাটকটি নিয়মিত মঞ্চে থাকবে?হ্যাঁ। এটি এখন থেকে ঢাকা থিয়েটারের নিয়মিত প্রযোজনা হিসেবেই মঞ্চস্থ হবে।প্রায় ২২ বছর ধরে মঞ্চে অভিনয় করছেন। সামনে কি নির্দেশনায় আসবেন?নির্দেশনা নিয়ে নিজের মধ্যে ভাবনা কখনোই সেভাবে আসেনি। আর এটা করার ইচ্ছাও আমার নেই। আমি মনে করি নির্দেশনা দেওয়ার মতো মেধা আমার নেই। আমি অভিনয়ই করতে চাই। যত দিন মঞ্চে কাজ করার সামর্থ্য থাকবে, তত দিন অভিনয়টাই করে যাব।