রোজীর একক অভিনয়
‘আমি মঞ্চে ২২ বছর ধরে কাজ করছি। এবারই প্রথম একক অভিনয় করার সুযোগ পেয়েছি। এটা আমার অভিনয়জীবনের এক পরম পাওয়া।’ বললেন রোজী সিদ্দিকী। মঞ্চে আসছে ঢাকা থিয়েটারের নাটক কহে নারীগণ। সমাজের বিভিন্ন স্তরের পাঁচজন নারীর গল্প বলা হয়েছে এই নাটকে। এই পাঁচজন নারীর চরিত্রেই অভিনয় করেছেন রোজী। নাটকটি লিখেছেন হারুন অর রশীদ এবং নির্দেশনা দিচ্ছেন শহীদুজ্জামান সেলিম। আগামী ৩০ নভেম্বর ঢাকায় নাটকটির প্রথম প্রদর্শনী হবে। রোজী জানান, গত জুলাই মাসে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় আয়োজিত বঙ্গ সম্মেলনে কহে নারীগণ নাটকের প্রথম প্রদর্শনী হয়। এরপর ঢাকায় নাটকটির নিয়মিত প্রদর্শনী করার সিদ্ধান্ত নেওয়া হয়। রোজী বললেন, ‘একজন নারীর অর্জন যত বড়ই হোক, তার পরও সেই নারীর মনের মধ্যে অনেক কষ্ট জমা থেকে যায়। পুরুষশাসিত সমাজে তার এই কষ্ট সে কখনো প্রকাশ করতে পারে না। যারা পারছে, তাদের নানা সমস্যার মুখোমুখি হতে হয়। আমি এমনি কিছু কষ্টের কথা বলতে চেয়েছি এই নাটকে।’