রোদ বলেছে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোদের কাছ থেকে কথা আদায় করেছেন অর্ণব। রোদ বলেছে হবে নামেই বের হয়েছে অর্ণবের চতুর্থ একক অ্যালবাম। অ্যালবামটির প্রযোজনা প্রতিষ্ঠান আধখানা মিউজিকের মালিকও তিনি নিজেই। ঘোষণা দিলেন গান থেকে দূরে সরে যাওয়ার। অ্যালবাম, প্রযোজনা প্রতিষ্ঠান, ভবিষ্যৎ পরিকল্পনা—সবকিছু নিয়ে কথা হলো অর্ণবের সঙ্গে।ছোট্ট জানালা খুললেই একটুকরো আকাশ দেখা যেত। মাত্র দুই হাত দূরে নতুন একটা বাড়ি হওয়ায় সেটাও বন্ধ। ঢেকে গেল অর্ণবের একটুকরো আকাশ। ‘এই আকাশটুকু আমার অনেক গানের সাক্ষী ছিল। মাস দুয়েকের মধ্যে ধুপধাপ বাড়িটার কাজ শেষ হয়ে গেল, অবাক লাগে। ঘুম থেকে উঠে এখন আর জানালার পর্দাটা সরানো হয় না।’ বলছিলেন অর্ণব। অবশ্য তাতে অর্ণবের স্বপ্ন দেখা থামেনি। ‘গহিন জঙ্গল। তলোয়ার হাতে ঘুরে বেড়াচ্ছি এদিক-সেদিক। অনেক খোঁজাখুঁজির পর পাওয়া গেল এক সোনার হরিণ। তার মাথার ওপর অদ্ভুত একটি গাছ। মনে হলো, এ জিনিসটাই এতক্ষণ ধরে খুঁজছি। হঠাৎ চারদিক থেকে পশুর আক্রমণ। আর আমি তলোয়ার দিয়ে বীর বিক্রমে যুদ্ধ করে যাচ্ছি।’ তারপর? ‘তারপর হঠাৎ করেই ঘুম ভেঙে গেল। পাশের বাড়িতে দিনরাত চলছে নির্মাণকাজ। রীতিমতো শব্দের অত্যাচার। অ্যালবামটির কাজ করার সময় এ স্বপ্ন বহুবার দেখেছি।’ অ্যালবামের প্রচ্ছদের ডিজাইনেও অর্ণব তাঁর সেই স্বপ্নের কথাই বলেছেন। অ্যালবামের সঙ্গে দেওয়া ছোট্ট বইয়েও আছে সেই গল্প।‘গত দুই বছরে আমার জীবনে যা যা ঘটেছে, এর একটা ডায়েরি বলতে পারেন এই অ্যালবামটিকে। গানের কথা, সুর ও সংগীতায়োজনের দিক দিয়ে আগের অ্যালবামগুলো থেকে অনেকটাই আলাদা। হোক কলরবের মতো আমি-তুমি মার্কা প্রেমের গান এখানে খুব একটা নেই। সে জায়গাটায় ভর করেছে চাই না ভাবিসের মতো কিছু গান। একটু ভাঙাচোরা, কিন্তু চমৎকার গড়নের।’ ডুব অ্যালবামের মতো এ অ্যালবামের শেষেও আছে রবীন্দ্রনাথের একটি গান। ‘আমার কাছে মনে হয়েছে, আমি বাকি ১১টা গান দিয়ে যা বলতে চেয়েছি, রবীন্দ্রনাথ এ একটি গান দিয়ে তাঁর সব কথা বলে গেছেন। পুরো অ্যালবামের একটা সারাংশ হিসেবে গানটাকে চিন্তা করতে পারেন।’ বলছিলেন অর্ণব। ‘আসলে এই অর্ণবের ওপর রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক অবদান, অনেক অধিকার। গীতবিতান-এর যেকোনো পৃষ্ঠা খুললে দেখা যাবে, সেখানকার একটি অথবা দুটি গান আমি পারি। আমার অ্যালবামে তাই রবিঠাকুরের গান না থাকাটাই বরং অস্বাভাবিক।’হঠাৎ করে প্রযোজনায় আসা কেন? ‘আমি আমার অ্যালবামগুলোকে যেভাবে সাজাতে চাই, ঠিক সেভাবে সাজাতে পারছিলাম না। এ কারণেই আধখানা মিউজিকের জন্ম। এই প্রতিষ্ঠান থেকে নতুন শিল্পীদের একটা জায়গা দেওয়ার চেষ্টা করব। তবে এখান থেকে আমি কোনো ব্যবসা করতে চাই না। প্রতিষ্ঠানটি টিকে থাকলেই আমার জন্য যথেষ্ট। সবচেয়ে বড় কথা, কপিরাইট আইন শতভাগ মেনে এই প্রতিষ্ঠান কাজ করবে। গানের আসল মালিক গীতিকার, সুরকার, শিল্পী তাঁর প্রাপ্য বুঝে পাবেন।’ তাহলে কি প্রযোজনা প্রতিষ্ঠানের ওপর বিরক্তি থেকেই এখানে আসা? ‘বলতে পারেন। আসলে আমাদের সিস্টেমটা বদলাতে হবে। আমি সেখানে কিছুটা কাজ করার চেষ্টা করছি। সবাই অল্প অল্প করে অবদান রাখলেই মৃতপ্রায় অডিও শিল্প আবার জেগে উঠবে আশা করি।’এখন অবশ্য ছবি আঁকা নিয়েই বেশি ব্যস্ত অর্ণব। প্রচুর ছবি আঁকছেন। নিজেকে সময় দিচ্ছেন। গান থেকে কি একটু গুটিয়ে নিচ্ছেন নিজেকে? ‘বলতে পারেন। আমি আসলে দেশের বাইরে গান নিয়ে পড়াশোনা করতে চাইছি। দেশি মিউজিক নিয়ে আমার কিছু পড়াশোনা থাকলেও পাশ্চাত্যের মিউজিক সম্পর্কে আমি কিছু জানি না। নোটেশন বুঝি না।’ বলছিলেন অর্ণব। ‘বিদেশে গিয়ে এ বিষয়ে পড়ব ভাবছি। তাতে বছরখানেকের একটা বিরতি পড়তে পারে। ইমন সাহা যেমন এ আর রহমানের মিউজিক স্কুলে পড়াশোনা করে এসেছেন, আমিও ইংল্যান্ডের একটা মিউজিক স্কুলে যেতে চাই। নিজেকে পরিপূর্ণ একজন সংগীতায়োজক হিসেবে গড়ে তুলতে চাই।’অর্ণবের পরিকল্পনা সফল হবে—এই শুভকামনা পাঠক, দর্শক-শ্রোতারা করতেই পারে।